লোড হচ্ছে...
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ শুরু হয়েছে— প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এমন দাবি সঠিক নয়। তবে তিনি স্বীকার করেছেন, দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।
২৬ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের দ্বীপ বা ভূখণ্ডে স্থল কিংবা নৌ-অভিযানের মাধ্যমে চাপ সৃষ্টি করে, তাহলে তেহরান বাবেল মান্দেব প্রণালিসহ একাধিক কৌশলগত ফ্রন্ট বন্ধ করে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
২৬ মার্চ, ২০২৬
বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল বলেছেন, প্রয়োজনে আরও তেলের মজুত ছাড়তে তিনি প্রস্তুত। টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ফাতিহ বিরল এ মন্তব্য করেন। জাপানের প্রধানমন্ত্রী আইইএ-কে দ্বিতীয় দফায় জরুরিভিত্তিতে তেল ছাড়ার প্রস্তুতির আহ্বান জানিয়েছিলেন।
২৫ মার্চ, ২০২৬
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরান এবং লেবাননের হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২০৪ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৫,০৪৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমানে ১২০ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর।
২৫ মার্চ, ২০২৬
বাইডেন প্রশাসনের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান গতকাল রাতে ‘দ্য ডেইলি শো’ অনুষ্ঠানে জন স্টুয়ার্টের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি দাবি করেন, ইরানে হামলার আগে দেশটি যে পরমাণু চুক্তির প্রস্তাব দিয়েছিল, মার্কিন প্রতিনিধিদল তা বুঝতেই পারেনি।
২৫ মার্চ, ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, আজ সকালে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন এবং সম্প্রতি সৌদিতে হামলার তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে শরিফ বলেন, বর্তমান সংকটের মুখে সৌদি আরব যে “অসাধারণ সংযম” দেখিয়েছে, তার প্রশংসা করেছেন তিনি। একই সঙ্গে তিনি অবিলম্বে সংঘাতের অবসান, স্বাভাবিক অবস্থায় ফেরা এবং মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানিয়েছেন।
২৫ মার্চ, ২০২৬
ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে দাবি করেছেন, তার জবাবে ইরানের ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর মুখপাত্র একটি বিবৃতি দিয়েছেন। ফারস নিউজ এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে লেফট্যানেন্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে প্রশ্ন রাখেন, “আপনাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন আপনারা নিজেদের সঙ্গেই আলোচনা করছেন?”
২৫ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে। কূটনৈতিক সূত্রের বরাতে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রস্তাবটি পাকিস্তান-এর মাধ্যমে তেহরান পৌঁছে দেওয়া হয়েছে।
২৫ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের বিষয়ে আমাদের আগের প্রতিবেদনের সূত্র ধরে নতুন খবর হলো, ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের অন্তত ১,০০০ সৈন্য আগামী কয়েক দিনের মধ্যেই ওই অঞ্চলের উদ্দেশ্যে রওনা হবে। পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট তিনজন ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
২৫ মার্চ, ২০২৬
ইরাকের আনবার প্রদেশে একটি আধা-সামরিক ঘাঁটিতে সন্দেহভাজন মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনার পর দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে, বৈঠকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং পপুলার মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এই জোটের ওপর বারবার হামলার তীব্র নিন্দা জানান এবং একে “ইরাকের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন” বলে ঘোষণা করেন।
২৫ মার্চ, ২০২৬
ডোনাল্ড ট্রাম্প যতটা স্পষ্ট করে কথা বলছেন, ইরানে পরিস্থিতি ঠিক ততটাই অস্পষ্ট বা ধোঁয়াশাচ্ছন্ন। সাধারণ মানুষ বুঝতেই পারছে না আসলে কী ঘটছে। তারা জানে না, তাদের হয়ে কে আলোচনা করছে। ট্রাম্প যাকে ইরানে ‘অত্যন্ত সম্মানিত’ ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন এবং যার সঙ্গে আমেরিকানরা কথা বলছে—কে সেই ব্যক্তি?
২৫ মার্চ, ২০২৬
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে “পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত” লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডের একজন মুখপাত্র এ ঘোষণা দেন।
২৪ মার্চ, ২০২৬
ইসরায়েলি হামলায় আলি লারিজানি নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহাম্মদ...
২৪ মার্চ, ২০২৬
ইরানের সেমনান প্রদেশের শাহরুদ শহরে “স্পর্শকাতর স্থাপনায় গুপ্তচরবৃত্তির” অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। প্রদেশের এক পুলিশ কমান্ডারের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। তাসনিম নিউজ এজেন্সি ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থাপনার “তথ্য ও নথিপত্র সংগ্রহ” এবং তা “শত্রুর কাছে পাঠানোর” চেষ্টার অভিযোগ রয়েছে।
২৪ মার্চ, ২০২৬
ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল থেকে সরাসরি সম্প্রচারিত ফুটেজে তেল আবিবের একটি অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। একটি স্থানে দেখা যায়, ধ্বংসস্তূপে পূর্ণ এক জনাকীর্ণ সড়কে জরুরি উদ্ধারকর্মী ও পুলিশ জড়ো হয়েছেন। সেখানে বেশ কয়েকটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে—একটি গাড়ি উল্টে একপাশে পড়ে আছে এবং অন্যগুলো দুমড়েমুচড়ে গেছে।
২৪ মার্চ, ২০২৬
ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র বর্ষণের পর তেল আবিবের বেশ কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। 'দ্য টাইমস অফ ইসরায়েল' একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছে। অন্যদিকে, পুলিশের বরাত দিয়ে 'হারেৎজ' জানিয়েছে, চারজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা জানিয়েছে, তারা দেশের মধ্যাঞ্চলের বেশ কয়েকটি স্থানে উদ্ধারকারী দল পাঠিয়েছে।
২৪ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। তাই ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস সেদেশে বসবাসরত নিজ নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি না নিয়ে ‘যত দ্রুত সম্ভব’ সরে যাওয়া অথবা চীনে ফিরে আসার নির্দেশ দিয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া দূতাবাসকে উদ্ধৃত করে জানিয়েছে, সরকার তাদের নাগরিকদের সরিয়ে নিতে মিশরের তাবা সীমান্ত দিয়ে আরেকটি উদ্ধার অভিযানের আয়োজন করছে।
২৪ মার্চ, ২০২৬
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের একটি বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করে। এ বিষয়ে অবগত দুটি সূত্র মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছে, একটি ‘কমব্যাট মিশন’ (যুদ্ধ অভিযান) শেষে ফেরার পথে বিমানটি ইরানের হামলার শিকার হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমেও একই দাবি করা হয়েছে।
২৪ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ—যেকোনো আলোচনার বিষয়টি ইরানিরা দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে নাকচ করে দিয়েছে। স্থানীয় গণমাধ্যম—বিশেষ করে জাতীয় টেলিভিশন ও অন্যান্য সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ট্রাম্প পিছু হটেছেন। কারণ, আমেরিকানরা ইরানের বিদ্যুৎকেন্দ্র বা অন্য কোথাও হামলা চালালে ইরান যে পাল্টা জবাব দেবে, তার পরিণতি নিয়ে তিনি শঙ্কিত ছিলেন।
২৪ মার্চ, ২০২৬
ইরানের ডেপুটি স্পিকার বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে একজন “মিথ্যাবাদী ও মর্যাদাহীন” ব্যক্তি হিসেবে প্রমাণ করেছেন, তাই ইরানের উচিত নয় তাঁর সঙ্গে কোনো আলোচনায় বসা। যুদ্ধ অবসানে নতুন করে আলোচনার বিষয়ে পরস্পরবিরোধী খবর আসার মধ্যেই তিনি এ মন্তব্য করলেন।
২৪ মার্চ, ২০২৬

