
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো ইরানের স্থাপনায় ‘সকল বোমার জননী’ (মাদার অব অল বম্বস—মোয়াব) ব্যবহারের হুমকি দিয়েছিলেন। জবাবে ইরানের এক আইনপ্রণেতা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ‘সকল বোমার জননী’ ব্যবহার করতে চায়, তাহলে ইরান ব্যবহার করবে ‘সকল ক্ষেপণাস্ত্রর জনক’। কথাটি নিছক বাগাড়ম্বর, নাকি এর পেছনে রয়েছে বিশেষ কোনো ক্ষেপণাস্ত্রের ইঙ্গিত?
ইরানের বার্তা সংস্থা ওয়ানা মঙ্গলবার (১০ নভেম্বর) জানায়, দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য আলাউদ্দিন বোরুজেরদি এই হুঁশিয়ারি দিয়েছেন। তার বক্তব্য, ইরানের ‘লাল রেখা’ অতিক্রম করলে যুক্তরাষ্ট্রকে এর মূল্য দিতে হবে। কিন্তু ‘সকল ক্ষেপণাস্ত্রর জনক’ বলতে তিনি ঠিক কী বুঝিয়েছেন, তা স্পষ্ট করেননি। এ নিয়ে কয়েকটি সম্ভাবনা সামনে এসেছে। এর মধ্যে রয়েছে ইরানের পরিচিত কিছু উন্নত ক্ষেপণাস্ত্র এবং এমন একটি নতুন অস্ত্র, যার সক্ষমতা নিয়ে দেশটির সংবাদমাধ্যমে নানা দাবি রয়েছে।
নামের লড়াই, শক্তির বার্তা
প্রথম ব্যাখ্যাটি বেশ সরল। যুক্তরাষ্ট্র তার সবচেয়ে শক্তিশালী প্রচলিত বোমার নাম দিয়েছে ‘সকল বোমার জননী’। বিপুল ধ্বংসক্ষমতা বোঝাতেই এই নাম। বোরুজেরদি এর বিপরীতে ‘জননী’র জায়গায় ‘জনক’ শব্দটি বসিয়ে দিয়েছেন। অর্থাৎ, যুক্তরাষ্ট্রের বোমার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র। ঢিলটি মারলে পাটকেল খাওয়ার সেই প্রবাদের পথ ধরেই এই বক্তব্য। এর মধ্য দিয়ে তেহরান বোঝাতে চেয়েছে, ক্ষেপণাস্ত্র সক্ষমতা তাদের প্রতিরক্ষা ও শত্রুপক্ষকে হামলা থেকে বিরত রাখার অন্যতম হাতিয়ার।
অন্যদিকে, এটি নিছক কথার কথা না-ও হতে পারে। বোরুজেরদি বলেছেন, ইরানের লাল রেখা অতিক্রম করলে এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে, যার মূল্য যুক্তরাষ্ট্রকে দিতে হবে। এ বক্তব্যের সাথে ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র, বিশেষ করে হাইপারসনিক অস্ত্রের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর মধ্যে উল্লেখযোগ্য ফাত্তাহ-২। ইরান এটিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। হাইপারসনিক বলতে বোঝায়, শব্দের গতির অন্তত পাঁচ গুণ গতিতে চলা। অর্থাৎ, মাক ৫ বা তার বেশি গতি। সমুদ্রপৃষ্ঠে শব্দের গতি ঘণ্টায় প্রায় ১ হাজার ২৩৫ কিলোমিটার। সেই হিসাবে মাক ৫-এর গতি ঘণ্টায় প্রায় ৬ হাজার ১৭৫ কিলোমিটার। ফাত্তাহ-২ শব্দের চেয়ে বহুগুণ বেশি গতিতে চলার পাশাপাশি উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে পারে বলে ইরানের দাবি। ফলে প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার পক্ষে একে শনাক্ত করে ধ্বংস করা কঠিন হতে পারে। এমন অস্ত্রের কথা সামনে রেখে ‘সকল ক্ষেপণাস্ত্রর জনক’ বললে তা শত্রুপক্ষকে সতর্ক করার পাশাপাশি হামলা থেকে বিরত রাখার হুঁশিয়ারি হিসেবেও কাজ করতে পারে।
রাসতাখিজ : আকারে-ক্ষমতায় বিশাল?
আরেকটি সম্ভাব্য নাম রাসতাখিজ। ফারসি এই শব্দের অর্থ পুনরুত্থান বা পুনর্জাগরণ। ধর্মীয় পরিভাষায় এটি কিয়ামত বা মৃতের পুনরুত্থানের দিনকেও বোঝায়। ইরানের সংবাদমাধ্যমে এটিকে দেশটির সবচেয়ে ভারী ও উন্নত ক্ষেপণাস্ত্রগুলোর একটি বলে বর্ণনা করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি সম্পর্কে প্রকাশিত অনানুষ্ঠানিক তথ্য অনুযায়ী, এর দৈর্ঘ্য প্রায় ১৪ মিটার এবং ওজন ২৭ টনের কাছাকাছি। এসব বৈশিষ্ট্য সত্য হলে এটি ইরান, এমনকি পুরো অঞ্চলের অন্যতম বৃহৎ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে। এর পাল্লা দূরপাল্লার, এমনকি আন্তমহাদেশীয় বলেও কিছু কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রাসতাখিজের সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য এর দুটি ভিন্ন ধরনের ওয়ারহেড বহনের সক্ষমতা। একটি কয়েক টন ওজনের প্রচলিত বিস্ফোরক বহন করতে পারে। অন্যটি তৈরি করতে পারে তড়িৎচৌম্বকীয় স্পন্দন বা ইএমপি। এর প্রভাবে বিস্ফোরণস্থলের আশপাশে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা, রাডার, যোগাযোগ নেটওয়ার্ক ও সামরিক প্রতিরক্ষাব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক অবকাঠামো অচল হয়ে পড়তে পারে।
হাজ কাসেম : শেষ মুহূর্তেও বদলাতে পারে গতিপথ
আলোচনায় রয়েছে শহীদ হাজ কাসেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও। ইরানের শহীদ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির নামে এর নামকরণ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১ হাজার ৪০০ কিলোমিটার। ইরানের দাবি, এটি দেশটির সবচেয়ে দূরপাল্লার কঠিন জ্বালানিচালিত কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর দৈর্ঘ্য ১১ মিটার, ওজন প্রায় সাত টন এবং ওয়ারহেডের ওজন ৫০০ কেজি।
হাজ কাসেমের একটি বিশেষত্ব হলো, এটি বাঁকানো অবস্থায় উৎক্ষেপণ করা যায়। একই পাল্লার অন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে এমন সক্ষমতা বিরল বলে বর্ণনা করা হয়েছে। এতে ক্ষেপণাস্ত্রটি পরিবহন, লুকিয়ে রাখা এবং উৎক্ষেপণের প্রস্তুতি নেয়া সহজ হয়।
তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শেষ পর্যায়ে গতিপথ পরিবর্তনের সক্ষমতা। ক্ষেপণাস্ত্রের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও এর ওয়ারহেড নিয়ন্ত্রণযোগ্য থাকে। বায়ুমণ্ডলে প্রবেশের সময় এর গতি মাক ১২ এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় মাক ৫ বলে উল্লেখ করা হয়েছে। উন্নত দিকনির্দেশনা প্রযুক্তির কারণে সর্বোচ্চ পাল্লায়ও জিপিএসের ওপর নির্ভর না করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে দাবি করা হয়। শেষ মুহূর্তে গতিপথ বদলানোর ক্ষমতার কারণে ইরানি সংবাদমাধ্যমসহ কয়েকটি সূত্রের দাবি, এটি যুক্তরাষ্ট্রের থাড ও প্যাট্রিয়টের মতো উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে। সড়কে চলাচল করতে সক্ষম উৎক্ষেপণযান থাকায় শত্রুপক্ষের পক্ষে এটি শনাক্ত করে পাল্টা ব্যবস্থা নেয়ার সময়ও তেমন হাতে থাকে না।
নতুন কোনো ক্ষেপণাস্ত্রের ইঙ্গিত?
আরেকটি সম্ভাবনা, বোরুজেরদি এমন কোনো ক্ষেপণাস্ত্রের কথা বলেছেন, যা ইরান সম্প্রতি তৈরি করেছে, কিন্তু এখনো বিস্তারিতভাবে প্রকাশ্যে আনেনি। এ ক্ষেত্রে আলোচনায় রয়েছে কাসেম বাসির ও এতেমাদ ক্ষেপণাস্ত্র। কাসেম বাসিরের কথা উল্লেখ করেছেন ইরানের সাবেক কমান্ডার মোহসেন রেজাই। আর এতেমাদ নিয়ে সম্প্রতি দেশটির সংবাদমাধ্যমে আলোচনা হয়েছে।
তবে এখন পর্যন্ত বোরুজেরদির বক্তব্যের সাথে এসব ক্ষেপণাস্ত্রের কোনো একটির সরাসরি সম্পর্ক নিশ্চিত করার মতো তথ্য নেই। ‘সকল ক্ষেপণাস্ত্রর জনক’ বলতে তিনি আগে প্রকাশ্যে আসেনি এমন কোনো বিশেষ অস্ত্রের কথা বলেছেন, নাকি ইরানের সামগ্রিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাকেই প্রতীকীভাবে তুলে ধরেছেন, তা অজানা।
ট্রাম্পের ‘সকল বোমার জননী’র হুমকির জবাবে ইরানের ‘সকল ক্ষেপণাস্ত্রর জনক’ ব্যবহারের ঘোষণা তাই একদিকে যেমন কথার লড়াই, অন্যদিকে তেমনি দেশটির ক্ষেপণাস্ত্র শক্তি নিয়ে নতুন করে আলোচনার উপলক্ষ। শেষ পর্যন্ত প্রশ্নটি থেকেই যাচ্ছে : ইরান কি তার পরিচিত কোনো ভয়ংকর ক্ষেপণাস্ত্রের কথা বলছে, নাকি এমন কোনো অস্ত্রের ইঙ্গিত দিচ্ছে, যা এখনো বিশ্ববাসীর সামনে আসেনি?
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








