
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (হাউস অফ রিপ্রেজেন্টেটিভস) রিপাবলিকান সদস্যরা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচমেন্ট (অভিশংসন) করার প্রক্রিয়াকে এগিয়ে নেয়ার প্রচেষ্টা বাতিল বা রুখে দিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা ইরান যুদ্ধ নিয়ে তাদের ক্ষোভ উগরে দিয়েছিলেন, যা পরিচালনায় হেগসেথ অন্যতম অগ্রণী ভূমিকা পালন করেছেন।
মঙ্গলবার একটি পদ্ধতিগত ভোটাভুটিতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ইমপিচমেন্টের অভিযোগগুলো রিপাবলিকান-নেতৃত্বাধীন ‘হাউস জুডিশিয়ারি কমিটি’তে পাঠানোর প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এর মাধ্যমে রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসি-র নেতৃত্বে হেগসেথকে পদচ্যুত করার যে উদ্যোগ নেয়া হয়েছিল, তা মূলত নস্যাৎ হয়ে যায়।
ম্যাসির এই উদ্যোগে ডেমোক্র্যাটিক প্রতিনিধিদেরও সমর্থন ছিল। ফলে ভোটের মাধ্যমে রিপাবলিকান আইনপ্রণেতারা ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বাইরে গিয়ে এই অজনপ্রিয় যুদ্ধ থেকে নিজেদের দূরে সরিয়ে নেবেন কি না—তার একটি পরীক্ষা তৈরি হয়েছিল।
মঙ্গলবার চূড়ান্ত ভোট পড়েছিল প্রস্তাবের পক্ষে ২১১টি এবং বিপক্ষে ২০৪টি; যেখানে ম্যাসি ছিলেন একমাত্র রিপাবলিকান যিনি প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। এই ফলাফলের অর্থ হলো, রিপাবলিকানরা এই প্রক্রিয়াটিকে দীর্ঘসূত্রিতায় আটকে রাখতে পারবে এবং হেগসেথের বিরুদ্ধে আনা ইমপিচমেন্টের ৮টি প্রস্তাব বা অনুচ্ছেদের ওপর সরাসরি ভোটদান এড়াতে পারবে, যেগুলোতে ইরান যুদ্ধের মতো বিষয়গুলো যুক্ত রয়েছে।
ভোটাভুটির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, 'যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ করার ডেমোক্র্যাটদের প্রচেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে! চরম ব্যর্থ টমাস ম্যাসি ছাড়া প্রতিটি রিপাবলিকান পিটের পক্ষে ভোট দিয়েছেন।'
মঙ্গলবারের ভোটের ফলাফল যা-ই হোক না কেন, মার্কিন সিনেটে ইমপিচমেন্ট কার্যকর হওয়ার সম্ভাবনা আগে থেকেই ক্ষীণ বলে মনে করা হচ্ছিল। কারণ সিনেটে অভিশংসন পাস হতে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয়, যেখানে রিপাবলিকানদের ৫৩টি আসনের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
‘প্রহসন’
ম্যাসির আনা প্রস্তাবে ইমপিচমেন্টের আটটি পৃথক অনুচ্ছেদ অন্তর্ভুক্ত ছিল, যেখানে পেন্টাগন প্রধানের বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ শুরু করা এবং তথাকথিত মাদক চোরাচালানকারী জাহাজে এমন কিছু হামলা পরিচালনার অভিযোগ আনা হয়, যা আইন বিশেষজ্ঞদের মতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড।
হেগসেথ এই প্রস্তাবকে 'নাশকতা' এবং 'প্রহসন' বলে সমালোচনা করেছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা হেগসেথের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন।
জরিপগুলোতে দেখা যাচ্ছে যে পেট্রল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দরবৃদ্ধির জন্য ভোটাররা আংশিকভাবে এই যুদ্ধকে দায়ী করছেন। এর জের ধরে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা মারাত্মক হারের মুখোমুখি হওয়ার পর প্রশাসনে হেগসেথের অবস্থান নিয়ে জল্পনা-কল্পনা আরো জোরালো রূপ নেয়।
মঙ্গলবার হেগসেথ সম্পর্কে বিদায়ী রিপাবলিকান সিনেটর জনি এরনস্ট প্রশ্ন তুলে বলেন, 'যুদ্ধ যেভাবে চলছে সে বিষয়ে তিনি কি সত্যি কথা বলছেন?'
সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








