
গত সপ্তাহে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের চরম পরাজয়ের মূল কারণ হিসেবে ইসরাইলের প্রতি ‘তীব্র অপছন্দ‘, ইরানের সাথে যুদ্ধের প্রতি জনগণের বিরোধিতা এবং তেলের দাম বৃদ্ধিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস‘ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন যে এই যুদ্ধ রিপাবলিকানদের রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, বিশেষ করে যখন তেলের দাম বৃদ্ধি পেয়েছিল।
তিনি বলেন, ‘তারা যুদ্ধ পছন্দ করেনি। তেলের দাম বেড়ে যাওয়ার বিষয়টিও তারা মেনে নিতে পারেনি।’
তিনি আরো যোগ করেন, ‘বিশ্বাস করা কঠিন হলেও, ইসরাইলের প্রতি এক ধরনের তীব্র অপছন্দ রয়েছে। মনে হচ্ছে ইসরাইলের প্রতি একটি অনীহা তৈরি হয়েছে। সুতরাং আপনার কাছে এ কারণটি রয়েছে, খোদ যুদ্ধটি রয়েছে, তেলের দাম বৃদ্ধি রয়েছে এবং আমি মনে করি এগুলোই প্রধান কারণ।’
যুদ্ধের রাজনৈতিক ক্ষতির কথা স্বীকার করলেও ইরানে হামলা চালানোর সিদ্ধান্তকে সমর্থন করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘তিনি আবারো একই সিদ্ধান্ত নেবেন।’
তিনি বলেন, ‘আমার উত্তর হলো এক জোরদার “হ্যাঁ“, কারণ আপনি ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দিতে পারেন না।
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে জয়ী হয়েছে এবং তেহরান চুক্তি করতে আগ্রহী ছিল। ডেমোক্র্যাটদের বিজয় আলোচনাকে জটিল করে তুলেছে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এই নির্বাচনটি না হলে আমাদের একটি চুক্তি হয়ে যেত।’
নির্বাচনের পর তিনি যুদ্ধ আরো বাড়াতে চান কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি সংঘাত বাড়ানোর পক্ষে নন।’
তিনি বলেন, ‘আমি সেটা চাচ্ছি না। আমার মনে হয় না এর কোনো প্রয়োজন আছে।’
ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন সামরিক হামলা না হলে ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না বলেও তিনি তার আগের দাবির পুনরাবৃত্তি করেন।
গত মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্র্যাটরা হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে, যা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা। সূত্র : আনাদুল অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








