
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘তেহরান আলোচনা ও সমঝোতার জন্য প্রস্তুত। তবে কোনো চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না।’
ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ‘যেকোনো আলোচনা হতে হবে ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে।’
রোববার ইরানিয়ান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি (পেগাহ)-এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।
ইরানের ‘শত্রু’ হিসেবে অভিহিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে দেশে আঘাত হানার প্রচেষ্টার কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, ‘সর্বোচ্চ নেতা (আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি) আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা যেন ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’— এমন পরিস্থিতির অবসান ঘটাই।’
তিনি বলেন, ‘আমরা মর্যাদার সাথে আলোচনা করতে পারি এবং মর্যাদার সাথেই এই সমস্যার সমাধান করতে পারি। আমরা আলোচনা ও সমঝোতায় বিশ্বাসী। যদি আলোচনার মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করতে পারি, তবে আমাদের যুদ্ধে জড়ানোর প্রয়োজন নেই। কিন্তু আমরা শক্তি প্রয়োগ বা হুমকির কাছে কখনোই নতি স্বীকার করব না।’
পেজেশকিয়ান সেপ্টেম্বরে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে দেয়া তার বক্তব্যের প্রসঙ্গ টেনে পুনরায় বলেন, ‘ইরান ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।’
তিনি বলেন, ‘জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে আমার বক্তব্যে আমি জোর দিয়ে বলেছিলাম, ‘আমরা ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে আলোচনায় বিশ্বাসী। আমরা আমাদের অধিকার দাবি করি, কিন্তু শক্তি প্রয়োগের কাছে মাথা নত করব না।’
তার এই মন্তব্যের প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার বলেন, ‘চলমান সঙ্কট নিরসনে তেহরানের দেয়া দুই দিনের প্রস্তাবটি এখনো কার্যকর রয়েছে। যুক্তরাষ্ট্র যদি ইরানের দাবিগুলো মেনে নেয়, তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ৪৮ ঘণ্টার মধ্যেই নিরাপত্তা পুনরুদ্ধার করা সম্ভব।’
ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ-এর তথ্য অনুযায়ী, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই এই প্রস্তাবটিকে ‘সবচেয়ে যৌক্তিক পরিকল্পনা’ হিসেবে অভিহিত করেছেন।
তিনি বলেন, ‘ওয়াশিংটন যদি তেহরানের শর্তগুলোর প্রতি সাড়া দেয়, তবে এই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।’
বাঘাই বলেন, ‘আমেরিকানরা যদি তাদের নিজেদের জনগণের বার্তা সঠিকভাবে বুঝে থাকে, তবে তাদের অবশ্যই একটি আন্তরিক সিদ্ধান্ত নিতে হবে।’
তিনি বলেন, ‘ইরানের এই প্রস্তাব আমাদের সদিচ্ছারই বহিঃপ্রকাশ।’ তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সেই দাবিকে নাকচ করে দেন, যেখানে রুবিও তেহরানের দাবিগুলোকে অযৌক্তিক বলে অভিহিত করেছিলেন।
ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে— অর্থনৈতিক অবরোধ তুলে নেয়া এবং সব ফ্রন্টে শত্রুতার অবসান ঘটানো— যা সম্পূর্ণ যৌক্তিক। ইরান চায়, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা পুনরায় শুরুর আগেই যেন এই দাবিগুলো পূরণ করা হয়।
বাঘাই বলেন, ‘আলোচনা চলাকালীন ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা অযৌক্তিক ও হাস্যকর। যেকোনো যুক্তি, নিয়ম বা মানদণ্ড অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই হামলা কেবল হাস্যকর, অবৈধ ও অযৌক্তিকই ছিল না; বরং এটি ছিল একটি অপরাধমূলক কর্মকাণ্ড।’
চলমান সঙ্ঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তার এই মন্তব্য এলো। তবে, সাম্প্রতিক দিনগুলোতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনায় তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘মার্কিন নির্বাচনের ফলাফলের পর কূটনৈতিক তৎপরতা ধীর হয়ে পড়েছে। যা মধ্যস্থতাকারীদের আলোচনা এগিয়ে নেয়ার প্রচেষ্টাকে প্রভাবিত করেছে।’
তিনি বলেন, ‘মার্কিন নির্বাচনের ফলাফল মধ্যস্থতাকারীদের কূটনৈতিক প্রচেষ্টায় বড় ধাক্কা দিয়েছে, আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। গত কয়েক দিনে কোনো অগ্রগতি হয়নি, যার মূল কারণ হলো মার্কিন নির্বাচনের ফলাফল— যা শেষ পর্যন্ত সবার জন্যই একটি বড় ধাক্কা হয়ে এসেছে। পরিস্থিতি শান্ত হতে এবং মধ্যস্থতাকারীদের পুনরায় আলোচনার জন্য অনুকূল পরিবেশ ফিরে আসতে কিছুটা সময় লাগবে। আমাদের এখন কিছুটা ধৈর্য ধরতে হবে।’
এর আগে, রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা খুবই কম, যদি চলমান আলোচনাগুলো এগিয়ে যেতে থাকে।’ তবে তিনি ভবিষ্যতে সামরিক পদক্ষেপের সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করে দেননি।
সিএনএন-এর সাথে এক টেলিফোন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটন ইতোমধ্যেই তেহরানের ওপর বড় ধরনের আঘাত হেনেছে, যার ফলে নতুন করে সামরিক পদক্ষেপ নেয়ার প্রয়োজন পড়ার সম্ভাবনা খুবই কম।
ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ও হরমুজ প্রণালী খুলে দেয়ার প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘এটি নির্ভর করছে তারা একটি অত্যন্ত শক্তিশালী চুক্তিতে স্বাক্ষর করবে কি-না, তার ওপর।’
তিনি আরো বলেন, ‘মার্কিন বাহিনী ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত লক্ষ্যবস্তুগুলো চিহ্নিত করে রেখেছে— যার মধ্যে বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোও রয়েছে। চাইলে কর্তৃপক্ষ এক ঘণ্টার মধ্যেই ৩৮টি সেতু ধ্বংস করে দিতে পারে।’
ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘সম্ভবত এর প্রয়োজন পড়বে না। তারা আসলে খুব মরিয়া হয়েই একটি চুক্তি করতে চাইছে।’
সূত্র : এএনআই
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








