মনস্তাত্ত্বিক যুদ্ধ,পাত্তা,  শত্রুর অস্ত্র, সামরিক কাজ, ইরান, আইআরজিসি
ইরানের আরাশ ড্রোন ছোড়ার ফাইল ছবি। সংগৃহীত

ইরানের সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে বলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দাবিকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে উড়িয়ে দিয়ে শত্রুর আটক করা অস্ত্র নিজেদের সামরিক কাজে লাগাতে তৎপর হয়েছে ইরান। গত ৪০ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আটক করা বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রযুক্তি ও কার্যপ্রণালি বিশ্লেষণ করছেন ইরানি প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। একই সময়ে ক্ষেপণাস্ত্র, ড্রোনসহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জামের দেশীয় উৎপাদনও বাড়িয়েছে দেশটি।

Advertisement

ইরানের ইংরেজি চ্যানেল প্রেসটিভি ও আল জাজিরা সোমবার (৯ নভেম্বর) এ খবর জানায়। রোববার ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি এসব কথা বলেন। তিনি ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) মহাকাশ বাহিনীর কমান্ডারের উপদেষ্টা।

বালালি বলেন, শত্রুপক্ষের কাছ থেকে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ও সম্পদ আটক করা হয়েছে। ইরানের প্রতিরক্ষা শিল্পের বিশেষজ্ঞরা এখন সেগুলোর প্রযুক্তি ও কার্যপ্রণালি বিশ্লেষণ করছেন। এর উদ্দেশ্য হলো, এসব সরঞ্জাম থেকে পাওয়া প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে দেশের প্রতিরক্ষা শিল্পকে আরো এগিয়ে নেয়া।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের শীর্ষ কর্মকর্তা, সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিকদের পাশাপাশি সড়ক, সেতু ও রেলপথসহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে যৌথ আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ওই অঞ্চলে মার্কিন ও ইসরাইলি স্থাপনাগুলোতে ব্যাপক পাল্টা হামলা চালায়। এতে আগ্রাসী জোটকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়। ৪০ দিন পর যুদ্ধবিরতির মধ্য দিয়ে সংঘাত থামে। পরে জুনের মাঝামাঝি ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের মাধ্যমে যুদ্ধবিরতি আনুষ্ঠানিক রূপ পায়। তবে ইরানের দক্ষিণ উপকূলে বিক্ষিপ্ত হামলা চালানো এবং দেশটির ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র বারবার ওই সমঝোতা লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে।

যুদ্ধের পর প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে ইরান

বালালির দাবি, যুদ্ধের পর ইরানের সশস্ত্র বাহিনীর হাতে থাকা সামরিক সরঞ্জাম ও সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিরক্ষা সরঞ্জামের দেশীয় উৎপাদনও বাড়ানো হয়েছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরির প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা ইরানের ভেতরেই রয়েছে। দেশীয় প্রযুক্তি ও বিশেষজ্ঞদের দক্ষতা কাজে লাগিয়ে প্রতিরক্ষার প্রয়োজন মেটানো হচ্ছে।

তিনি বলেন, ‘কিছু দেশ নিজেদের নিরাপত্তার জন্য বিদেশি উৎসের ওপর নির্ভর করে। কিন্তু ইসলামি প্রজাতন্ত্র ইরান আমদানি করা নিরাপত্তার ওপর নির্ভর করতে চায় না। নিজেদের প্রতিরক্ষা চাহিদার বড় একটি অংশ আমরা দেশেই উৎপাদন করি।’ এই উৎপাদন কার্যক্রম বন্ধ হবে না বলেও জানান তিনি।

মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়ার দাবি নাকচ করে বালালি বলেন, এসব বক্তব্যের উদ্দেশ্য ইরানের জনগণের মনোবল ভেঙে দেয়া এবং জনগণের সাথে সরকারি কর্মকর্তাদের দূরত্ব ও বিভেদ তৈরি করা। কিন্তু বিদেশি হুমকি মোকাবেলায় জাতীয় ঐক্যই ইরানের সবচেয়ে বড় শক্তি।

বিভিন্ন সময়ে শত্রুপক্ষের মোকাবেলায় জনগণের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের পাশাপাশি ইসলামি শাসনব্যবস্থা রক্ষায় ইরানিরা বারবার নিজেদের অঙ্গীকারের প্রমাণ দিয়েছেন। জনগণের এই সমর্থন ও জাতীয় ঐক্য সশস্ত্র বাহিনীর জন্য বড় শক্তি।

শত্রুপক্ষের ভুলের জবাব হবে ভয়াবহ

ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন বা শত্রুতামূলক পদক্ষেপ নেয়া হলে তার ‘কঠোর ও বিধ্বংসী’ জবাব দেয়া হবে বলে সতর্ক করেন বালালি। শত্রুপক্ষের যেকোনো ভুলের জবাব দেয়ার জন্য ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। প্রয়োজন হলে এমন জবাব দেয়া হবে, যা প্রতিপক্ষ সহজে ভুলতে পারবে না।

তিনি বলেন, শত্রুপক্ষ ভালো করেই জানে, ঐক্যবদ্ধ ইরানি জাতির মোকাবেলা করা সম্ভব নয়। এ কারণেই তারা দেশের অভ্যন্তরীণ সংহতি নষ্ট করতে চাইছে। শত্রুপক্ষের উদ্দেশ্য সফল হতে পারে, এমন বিভেদ সৃষ্টির তৎপরতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ইরানের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় নিজস্ব সামরিক সক্ষমতা, বিশেষজ্ঞদের দক্ষতা এবং জনগণের সমর্থনের ওপর নির্ভর করেই সশস্ত্র বাহিনী তৎপরতা চালিয়ে যাবে বলে বক্তব্যের শেষে পুনর্ব্যক্ত করেন বালালি।