
ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ইউরোপীয় দেশগুলোর সমর্থন চাইবে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো মঙ্গলবার বলেছেন, অক্টোবরে ফ্রান্সের প্রায় ৭০০ সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলার জবাবে তেহরানের বিরুদ্ধে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেয়া হবে। এ হামলার পেছনে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) রয়েছে বলে অভিযোগ করেছে প্যারিস।
ফ্রান্সের বার্তা সংস্থা ফ্রান্স ২৪ মঙ্গলবার (১০ নভেম্বর) জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সইনফো টেলিভিশনকে বলেছেন, এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হবে। পাশাপাশি ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেবে ফ্রান্স।
বারো বলেন, ‘আমরা কোনো পদক্ষেপের সম্ভাবনাই নাকচ করছি না। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে যেসব পদক্ষেপ প্রয়োজনীয় ও পরিস্থিতির তুলনায় যুক্তিসংগত বলে মনে করব, তার সবই নেয়া হবে। এর মধ্যে এমন পদক্ষেপও থাকবে, যা আমরা প্রকাশ্যে জানাব না।’
তিনি বলেন, ‘ইরান কিংবা অন্য কোথাও কেউ যেন এ ধরনের হামলা আবারো চালানোর সাহস না পায়, সেটাই আমাদের লক্ষ্য।’
সোমবার প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বারো অভিযোগ করেন, ফ্রান্সের কয়েক শ সুপারমার্কেটে সাইবার হামলার পেছনে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী রয়েছে। ফরাসি ভূখণ্ডে এ ধরনের বড় পরিসরের সাইবার নাশকতার ঘটনা এটাই প্রথম। তিনি বলেন, ‘হামলার ব্যাপকতা ও আগ্রাসনের মাত্রা—দুই দিক থেকেই এটি নজিরবিহীন।’
গত ১১ ও ১২ অক্টোবর ফ্রান্সের কয়েক শ সুপারমার্কেটে এ হামলা চালানো হয়। এতে দোকানগুলোর ফ্রিজের তাপমাত্রা বেড়ে যায়। ফলে পচনশীল খাদ্যপণ্যের পুরো মজুত ফেলে দিতে বাধ্য হয় অনেক দোকান।
এরপর ইউরোপের আরো কয়েকটি দেশেও একই ধরনের ঘটনা ঘটেছে। গত ২ নভেম্বর অন্তত ৯টি ইউরোপীয় দেশের দোকানগুলোতে ফ্রিজ ও হিমাগারে সন্দেহজনক একই রকম সাইবার হামলা চালানো হয়।
ফ্রান্সের প্যারিসের সরকারি কৌঁসুলি লর বেকু সোমবার জানান, এসব সাইবার হামলার ঘটনায় ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) অন্যতম গোপন সাইবার ইউনিট ‘শাহিদ কাভে’র বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ইউনিটটির দুই কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছে কৌঁসুলির দফতর।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








