ইরানি, অর্থনীতি, অবরোধ, মার্কিন, নীলনকশা, নিছক, শব্দের কারসাজি, আইআরজিসি,
ইরানি ড্রোন। সংগৃহীত

ইরানের অর্থনীতি অবরুদ্ধ করা এবং দেশটির বাণিজ্যপথ বন্ধ করার মার্কিন নীলনকশা সফল হবে না বলে মন্তব্য করেছে ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি)। ইরানের প্রস্তুতি এবং প্রতিবেশী দেশগুলোর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ থাকায় যুক্তরাষ্ট্রের এসব লক্ষ্য হাসিলের সুযোগ নেই বলে জানিয়েছে বাহিনীটি। একই সাথে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক টাস্কফোর্সের তৎপরতা নজরদারিতে রাখার এবং নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে জবাব দেয়ার প্রস্তুতির কথাও জানিয়েছে তারা।

Advertisement

পাকিস্তানের পুরানো ইংরেজি দৈনিক দ্য ডন রোববার (৮ নভেম্বর) জানায়, ইরানের সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্র এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত অন্যান্য সামগ্রীর চলাচল বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘টাস্কফোর্স আয়রন গেট’ গঠন করেছে। এর প্রতিক্রিয়ায় আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সকে বলেন, ‘আয়রন গেট পরিকল্পনা নিছক শব্দের কারসাজি। এর মাধ্যমে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক চাপ সৃষ্টি করে দেশটির অর্থনীতি ধসিয়ে দেয়ার লক্ষ্য যুক্তরাষ্ট্র অর্জন করতে পারবে না।’

এদিকে ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ‘টাস্কফোর্স স্করপিয়ন স্ট্রাইক’-এর কার্যক্রম ও যাত্রা শুরুর স্থানগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইআরজিসি। বাহিনীটি বলেছে, ইরানি গোয়েন্দা সংস্থাগুলো এই ইউনিটের তৎপরতার ওপর নজর রাখছে। নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব দিতেও তারা প্রস্তুত।

Advertisement