
ইয়েমেনে হাউছি মিলিশিয়াদের অস্ত্র সরবরাহ বন্ধ, তাদের সাথে কাজ করা সামরিক বিশেষজ্ঞদের প্রত্যাহার এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার। তেহরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করা এবং হাউছিদের রাজনৈতিক ও কূটনৈতিক সুরক্ষা দেয়ার অভিযোগও এনেছে তারা।
সৌদি আরব থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক আরব নিউজ সোমবার (৯ নভেম্বর) জানায়, ইয়েমেনের পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ এবং দেশটিতে বেসামরিক স্থাপনায় বিমান হামলার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায়। এডেনভিত্তিক ইয়েমেনের মন্ত্রণালয় বলেছে, তেহরানের ওই বক্তব্যের উদ্দেশ্য ‘সন্ত্রাসী হাউছি মিলিশিয়াদের রাজনৈতিক ও গণমাধ্যমক্ষেত্রে সুরক্ষা দেয়া। ’ পাশাপাশি সংঘাত দীর্ঘায়িত করা ও ইয়েমেনিদের মানবিক দুর্ভোগ বাড়ানোর দায় এড়ানোও।
বিবৃতিতে বলা হয়, হাউছিদের অর্থায়ন, অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণ দেয়ার মধ্যেই ইরানের ভূমিকা সীমাবদ্ধ নেই। তাদের সামরিক অভিযান পরিকল্পনা ও পরিচালনায়ও সরাসরি যুক্ত হয়েছে তেহরান। ইয়েমেনের মন্ত্রণালয়ের ভাষায়, ‘মাঠপর্যায়ে সামরিক সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক সুরক্ষা দেয়ার এই সমন্বয় ইয়েমেন রাষ্ট্রকে দুর্বল করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও নৌপথের জন্য হুমকি সৃষ্টিতে ইরানের প্রকৃত ভূমিকার আরো প্রমাণ হয়ে উঠেছে।’
ইরানি সামরিক বিশেষজ্ঞ
ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণার কথা উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হাউছিদের সাথে কাজ করছেন ২১ জন বিদেশি বিশেষজ্ঞ। তাঁদের মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর ১৪ জন এবং লেবাননের হিজবুল্লাহর সাতজন রয়েছেন। বিবৃতিতে বলা হয়, তাঁদের দায়িত্বের মধ্যে রয়েছে সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ, অভিযান পরিচালনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবস্থাপনা, ইলেকট্রনিক যুদ্ধ, সামরিক সরঞ্জামের যন্ত্রাংশ পাচার এবং সামুদ্রিক অভিযান সমন্বয় করা। বাণিজ্যিক জাহাজে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণও তাঁদের কাজের অন্তর্ভুক্ত।
ইয়েমেনের মন্ত্রণালয় বলেছে, তাঁদের উপস্থিতি কার্যত একটি ‘পূর্ণাঙ্গ সামরিক সদর দফতর’ গড়ে তোলার শামিল। তাঁদের ভূমিকা প্রশিক্ষণ দেয়ার মধ্যে সীমিত নয়; সামরিক অভিযান তদারকি, পরিকল্পনা প্রণয়ন ও পরিচালনার কাজও করছেন তাঁরা। বিবৃতিতে বলা হয়, ‘এর মূল্য দিতে হচ্ছে ইয়েমেনিদের জীবন, নিরাপত্তা ও জীবিকা দিয়ে।’
ইয়েমেন সরকার তেহরানের বিরুদ্ধে হাউছিদের বেসামরিক মানুষকে অপহরণ, হত্যা ও আতঙ্কিত করা, শহর ও বেসামরিক স্থাপনায় গোলাবর্ষণ এবং জনবসতি অবরোধ করে মানুষকে অনাহারে রাখার সুযোগ দেয়ার অভিযোগ এনেছে। একই সাথে হাউছিরা বারবার সৌদি ভূখণ্ড, বাণিজ্যিক জাহাজ এবং লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে নৌ চলাচলে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেছে তারা।
বেসামরিক প্রাণহানি নিয়ে বিরোধ
ইয়েমেনের এ বিবৃতির আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ৬ নভেম্বর তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলার আল-হাদারা বাজারে বিমান হামলা এবং সানার পূর্বে বানি হাশিশ জেলার আল-শারিয়াহ গ্রামে হামলার নিন্দা জানায়। তেহরানের দাবি, বাজারে হামলায় ১৩ শিশুসহ ৩৩ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আল-শারিয়াহ গ্রামে হামলায় নারী ও শিশুসহ আরো ৩৩ জন নিহত হয়েছেন। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন নেটওয়ার্কের সদস্যদের লক্ষ্যবস্তু করারও নিন্দা জানায় ইরান।
ইরান এসব হামলাকে আন্তর্জাতিক মানবিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে অভিহিত করে। একই সাথে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ এবং ইয়েমেনের ওপর অর্থনৈতিক ও আকাশপথে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানায়। আগে সম্মত হওয়া রোডম্যাপের ভিত্তিতে সংলাপের মাধ্যমে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার সংঘাতের অবসানও চায় তেহরান।
তবে আল-হাদারা বাজারে হতাহতদের ঘটনাকে কাজে লাগিয়ে ইয়েমেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের বিপরীত অভিযোগ তোলার জন্য ইরানের সমালোচনা করেছে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, হাউছিদের বিরুদ্ধে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তদন্তে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে ইয়েমেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অস্ত্র নিষেধাজ্ঞা ও সৌদি সহায়তা
ইয়েমেনের মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২১৬ ও ২৬২৪ নম্বর প্রস্তাবের কথা স্মরণ করিয়ে দিয়েছে। এসব প্রস্তাবে হাউছিদের একটি সত্তা হিসেবে অন্তর্ভুক্ত করে তাদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আওতা বাড়ানো হয়। এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম, কারিগরি সহায়তা, প্রশিক্ষণ এবং সামরিক কর্মকাণ্ডসংশ্লিষ্ট অর্থায়ন।
তেহরানের প্রতি আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখানো, সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা দেয়া বন্ধ করা এবং অস্ত্র ও চোরাচালান নেটওয়ার্কে অর্থ ব্যয় না করে নিজ দেশের মানুষের জীবনমান উন্নয়নে জাতীয় সম্পদ ব্যবহারের আহ্বান জানিয়েছে ইয়েমেন।
বিবৃতিতে হাউছিদের প্রতি ইরানের কথিত সামরিক সহায়তার বিপরীতে ইয়েমেনকে সৌদি আরবের মানবিক ও উন্নয়ন সহায়তার বিষয়টি তুলে ধরা হয়। সৌদি আরবে বসবাসরত ইয়েমেনি প্রবাসীদেরও দেশটি বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। তাঁদের কাজ ও পাঠানো অর্থের ওপর লাখ লাখ মানুষের জীবন-জীবিকা নির্ভরশীল।
ইয়েমেনের মন্ত্রণালয় বলেছে, ‘ইরানের সমর্থনে হাউছি মিলিশিয়াদের শুরু করা ১২ বছরের এই যুদ্ধে ইরানি শাসকগোষ্ঠী ইয়েমেনের মানুষকে ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী ড্রোন, বিস্ফোরকবোঝাই নৌযান এবং ধ্বংসযজ্ঞের বিশেষজ্ঞ ছাড়া আর কিছুই দেয়নি।’
অন্যদিকে সৌদি আরব ‘অমূল্য ত্রাণ, মানবিক ও উন্নয়ন সহায়তা’ দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ইয়েমেনের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হলে ইরানকে হাউছিদের অস্ত্র সরবরাহ বন্ধ, সামরিক বিশেষজ্ঞদের প্রত্যাহার এবং ইয়েমেনের জাতীয় সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ বন্ধ করতে হবে বলে জানায় মন্ত্রণালয়। ইয়েমেনিদের প্রতি তেহরানের কথিত উদ্বেগের প্রতিফলন ঘটাতে হলে দেশটির দুর্ভোগ দীর্ঘায়িত ও ধ্বংসযজ্ঞ বাড়িয়ে চলেছে—এমন সহায়তা বন্ধ করতে হবে বলেও বিবৃতিতে বলা হয়।
২০১৪ সালে হাউছিরা সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে রাজধানী থেকে হটিয়ে দেয়ার পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। এই যুদ্ধ বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের জন্ম দিয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








