ইরান, ইরাক, লেবানন, ফিলিস্তিন, ফুটবল, টুর্নামেন্ট, বিমানবন্দর, যুক্তরাষ্ট্র, মার্কিন নিষেধাজ্ঞা, বসরা বিমানবন্দর, বিমান অবতরণ, সড়কপথ, আবদান বিমানবন্দর
ইরানের পতাকা হাতে ইরানের তিন ফুটবলার। সংগৃহীত

চার জাতির টুর্নামেন্টে অংশ নিতে ইরাক যাচ্ছিল ইরান জাতীয় ফুটবল দল। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে বসরা বিমানবন্দরে অবতরণের অনুমতি পেল না দলটিকে বহনকারী বিমান। 

Advertisement

শেষ পর্যন্ত ফিরে গিয়ে ইরানেই অবতরণ করতে হয়েছে বিমানটিকে। এখন সড়কপথে বসরায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। ফলে স্বাভাবিকভাবেই টুর্নামেন্ট শুরুর আগে বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে ইরানিদের।

গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বসরা বিমানবন্দরের দুই কর্মকর্তার বরাতে জানা গেছে, ইরাকি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমানটিকে অবতরণের অনুমতি দেয়নি। পরে বিমানটি ইরানে ফিরে আবদান বিমানবন্দরে অবতরণ করে। বসরায় ইরানি কনস্যুলেটের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরাকের এক বেসামরিক বিমান চলাচল কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি এড়াতেই ইরানি বিমানটিকে অবতরণের অনুমতি দেয়া হয়নি। ইরানের বিমান সংস্থাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে।

ইরানে বিমান চলাচলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব অবশ্য এবারই প্রথম নয়। এর আগে গত সেপ্টেম্বরে বাগদাদ বিমানবন্দরে ইরানি ফ্লাইট চলাচল স্থগিতের নির্দেশ দিয়েছিল ইরাক। 

ইরানি বিমান সংস্থাগুলোকে সেবা দেয়া বিমানবন্দর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, বসরায় শুরু হতে যাওয়া চার জাতির এই টুর্নামেন্টে স্বাগতিক ইরাক ও ইরান ছাড়াও অংশ নিচ্ছে লেবানন ও ফিলিস্তিন। আগামী ১৩ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ইরাক ও লেবাননের। এক দিন পর মাঠে নামবে ইরান ও ফিলিস্তিন।