
জব্দ রাখা ৮ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্ত করার বিনিময়ে জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার বিষয়ে সমঝোতা চলছে বলে খবর প্রকাশিত হয়েছে।
তবে এ-সংক্রান্ত প্রতিবেদনগুলো সোমবার (৯ নভেম্বর) অস্বীকার করেছে ইরান।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইরানি কর্মকর্তা আধা-সরকারি বার্তাসংস্থা 'ফার্স নিউজ এজেন্সিকে' জানিয়েছেন যে, এই ধরনের আলোচনার খবর পুরোপুরি ভিত্তিহীন।
ওই কর্মকর্তা বলেন, তেহরান আলোচনার জন্য তার পূর্বে ঘোষিত সাতটি শর্তে অটল রয়েছে এবং কেবল সেই কাঠামোর মধ্যেই যেকোনো যোগাযোগ রক্ষা করবে।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল যে, রিপোর্টকৃত ইরানি প্রস্তাব নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-সানির সাথে বৈঠক করবেন।
তেহরানের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে—নৌ-অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের নিরাপদ চলাচল নিশ্চিত করা, একতরফা নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানের তেল রফতানিকে যেকোনো বিধিনিষেধ থেকে মুক্ত রাখা।
এর পাশাপাশি ইরান তাদের স্থগিত করা সম্পদ ফেরত পাওয়া, দেশের ভেতরে পারমাণবিক জ্বালানি ও সামগ্রী রাখার অধিকার বজায় রাখা এবং চলমান যুদ্ধের অবসান দাবি করছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ যুদ্ধ শুরু করে। এপ্রিলে একটি যুদ্ধবিরতিতে পৌঁছালেও, এই সঙ্কট সমাধানের কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় জুলাই থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পুনরায় লড়াই শুরু হয়।
সূত্র : আনাদুলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








