
তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালী ফের চালু করা-সংক্রান্ত আলোচনায় অগ্রগতি বজায় থাকলে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে আবারো যুদ্ধে নামানোর নির্দেশ দেওয়ার প্রয়োজন পড়ার সম্ভাবনা 'উচ্চমাত্রায় অসম্ভাব্য' বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবির কথা পাঁচবার বলেন।
সিএনএন-এর জিম শিউটোর সাথে ২০ মিনিটের এক ফোনালাপে ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'এটি নির্ভর করছে তারা একটি অত্যন্ত শক্তিশালী চুক্তিতে স্বাক্ষর করে কি না তার ওপর।
উত্তর হলো—এমন সিদ্ধান্তের প্রয়োজন হওয়ার সম্ভাবনা উচ্চমাত্রায় অসম্ভাব্য। তারা একটি ব্যর্থ রাষ্ট্র। আপনারা দেখেছেন এই বছরই তাদের মূল্যস্ফীতি ৩০১ শতাংশে পৌঁছেছে। ফলে এর দরকার হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। প্রয়োজন হলে আমি অবশ্যই করব, তবে আমরা তাদের ওপর অত্যন্ত কঠোর আঘাত হেনেছি। আমি তাদের এমনভাবে আঘাত করেছি যা কল্পনাতীত।'
তিনি আরো বলেন, 'সুতরাং আমাকে আবারো এমন সিদ্ধান্ত নিতে হবে—তা হওয়ার সম্ভাবনা খুবই কম। তারা অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে পড়েছে। সামরিকভাবেও আমরা তাদের ওপর আঘাত হেনেছি। আমরা চাইলে তাদের পুরোপুরি শেষ করে দিতে পারি।'
‘আমরা প্রস্তুত আছি’
যুদ্ধ শুরুর আট মাস পর দুই পক্ষই এখন এক ধরনের স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে বড় ধরনের সামরিক সংঘাত বা তাৎপর্যপূর্ণ কূটনৈতিক অগ্রগতি—কোনোটিই দেখা যাচ্ছে না; অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলো ইরানি হামলার মুখে পড়ছে।
উভয় দেশ এবং আলোচনার মধ্যস্থতাকারী দেশ কাতারের কর্মকর্তারা আলোচনার বর্তমান অগ্রগতি নিয়ে নীরবতা বজায় রেখেছেন। তবে ইরানি কট্টরপন্থীরা গত সপ্তাহের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলকে—যা মূলত মার্কিন ভোটারদের কাছে যুদ্ধের অপ্রিয়তার কারণে প্রভাবিত হয়েছিল—ট্রাম্প প্রশাসনের দুর্বলতার লক্ষণ হিসেবে দেখছে।
তাদের ধারণা, তেহরান যেন তার জ্বালানি চাহিদার জন্য পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারে এবং প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে, সেই দাবি মানতে ট্রাম্প প্রশাসন এখন আরো বেশি নমনীয় হবে।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেল বিক্রি করতেও তীব্র সঙ্কটে পড়েছে ইরান, আর বিদেশী ব্যাংকগুলোতে থাকা তাদের কোটি কোটি ডলারের সম্পদ স্থগিত করে রাখা হয়েছে।
এদিকে, মার্কিন সামরিক বাহিনী ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত তথ্যের জন্য ২ কোটি ডলার পর্যন্ত পুরস্কারের ঘোষণা দিয়েছে এবং তেহরান যাতে স্থলপথে উন্নত অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম পাঠাতে না পারে, সেজন্য একটি টাস্কফোর্স গঠন করেছে—যা নির্দেশ করে যে ওয়াশিংটন চাপ কমানোর বদলে তা আরও বাড়াচ্ছে।
ট্রাম্প অতীতে যুদ্ধ শেষ করার বিষয়ে মিশ্র বার্তা দিলেও, এই সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে নির্দেশ পেলেই আঘাত হানার জন্য মার্কিন বাহিনী ওই অঞ্চলে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, 'আমরা এর জন্য পুরোপুরি প্রস্তুত। সেখানে আমাদের তিনটি যুদ্ধবিমানবাহী রণতরী রয়েছে। সম্প্রতি শেষটি পৌঁছাল। আমাদের কাছে এখন তিনটি রণতরী রয়েছে এবং সেগুলো সম্পূর্ণ প্রস্তুত ও লোড করা।'
প্রেসিডেন্ট আরো জানান যে, আবার সামরিক অভিযান শুরু হলে ধ্বংস করার জন্য ইরানের ভেতরের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুসহ বিভিন্ন অবকাঠামোগত লক্ষ্যবস্তু ইতোমধ্যে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, 'আমাদের তালিকায় ৩৮টি সেতু চিহ্নিত করা আছে, যা আমরা মাত্র এক ঘণ্টার মধ্যে গুঁড়িয়ে দিতে পারি। সেগুলো সবই ভেঙে পড়বে।'
তবে তিনি জানান, তিনি ইরানি অবকাঠামো ধ্বংস না করাই পছন্দ করবেন। 'আমি তা করতে চাই না, কারণ মূলত সেগুলো পুনরায় নির্মাণ করতে ১০ বছর সময় লেগে যাবে। সেতু ভেঙে ফেলা আমি পছন্দ করি না। আর একটি সেতু তৈরি করাই সবচেয়ে কঠিন কাজ। এতে অনেক বছর লাগে, আর আমি একজন দক্ষ নির্মাতা,' যোগ করেন ট্রাম্প।
মঙ্গলবার অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার কাতার জানায় যে, উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করতে ট্রাম্প কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানিকে ফোন করেছিলেন। এর এক দিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, পাকিস্তান, কুয়েত, জর্ডান, তুরস্ক, সাইপ্রাস এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলেন।
রবিবার প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান যে, আলোচনায় কোনো সমঝোতা খুব কাছাকাছি বলে মনে হচ্ছে না।
ফ্লোরিডায় সাংবাদিকদের তিনি বলেন, 'আমি বলব না যে আমরা কোনো বড় ধরনের সফলতার দোরগোড়ায় আছি। এই মুহূর্তে এটি খুব একটা ফলপ্রসূ হয়নি, কারণ ইরানি দাবিগুলো কেবল গ্রহণযোগ্য নয় তা-ই নয়, বরং কিছু ক্ষেত্রে অযৌক্তিক, হাস্যকর এবং একেবারেই অবাস্তব।'
ক্ষয়প্রাপ্ত ইরানি মজুত
নতুন মার্কিন হামলা প্রতিহত করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা সম্পর্কে ট্রাম্প বলেন, ইরানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। 'আমদের আটকানো অসম্ভব, কারণ তাদের কোনো বিমান বিধ্বংসী সরঞ্জাম অবশিষ্ট নেই। তাদের সব বিমান বিধ্বংসী ব্যবস্থা শেষ হয়ে গেছে।'
প্রেসিডেন্ট ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুতের বর্তমান অবস্থা নিয়ে নতুন তথ্য প্রকাশ করে বলেন, তেহরানের কাছে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার ১০ শতাংশ এবং ড্রোন সক্ষমতার ১৫ শতাংশ অবশিষ্ট আছে।
তিনি বলেন, 'তারা কেবল ১০ শতাংশের মতো কাজ চালাতে পারে—কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করা। ড্রোন উৎপাদনের সক্ষমতা প্রায় ১৫ শতাংশে নেমে এসেছে, কারণ তাদের অধিকাংশ কারখানা ধ্বংস হয়ে গেছে।'
নতুন সামরিক অভিযানের সম্ভাবনার বিষয়ে তিনি আবারো বলেন, 'সবচেয়ে বেশি সম্ভাবনা হলো এর দরকার পড়বে না। তারা চুক্তি করার জন্য ভীষণ ব্যাকুল হয়ে আছে।'
সূত্র : সিএনএন
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








