৫৬ দিনের মাথায় ভিসি পরিবর্তনে উত্তপ্ত চুয়েট

চট্টগ্রাম ব্যুরো
মাত্র ৫৬ দিনের মাথায় ভিসি পরিবর্তনে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- চুয়েটে। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রয়েছে শিক্ষার্থীরা। কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। শিক্ষার্থীরা নতুন নিয়োগ দেয়া ভিসিকে ক্যাম্পাসে প্রবেশ করতে না দেয়ার ঘোষণা দিয়েছে। একইসাথে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। একই দাবিতে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে মানববন্ধন করেছে চুয়েট শিক্ষক সমিতি।
গত ২৭ জুলাই চুয়েটের ভিসি হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। দায়িত্ব নেয়ার ৫৬ দিনের মাথায় সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের ভিসি পদ থেকে অব্যাহতি দেয়া হয়। একই প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন ভিসি নিয়োগ দেয়া হয়।  
এ সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার মধ্যরাত থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সোমবার রাতে শিক্ষার্থীরা অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন এবং ভিসির বাসভবনে তালা দেন।