রাজধানীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট

রাজধানীর এলিফ্যান্ট রোড (সাইন্স ল্যাব থেকে বাটা সিগন্যাল মোড়) এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলামের নেতৃত্বে করপোরেশনের রাজস্ব ও প্রকৌশল বিভাগের সার্বিক সমন্বয়ে আজ এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে রাস্তার দুই পাশের সব ধরনের অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ করে ফুটপাথ চলাচলের উপযোগী করা হয়। একই সাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, সাইনবোর্ড কর প্রদান এবং ফুটপাথে অবৈধভাবে সাইনবোর্ড বা মালামাল রাখা হয়েছে কি না তা যাচাই করা হয়। এ ছাড়া, বিভিন্ন দোকান, রেস্তোরাঁ ও ভবনের এসির পানি ফুটপাথে ফেলে কৃত্রিম জলাবদ্ধতা এবং এডিস মশার লার্ভা সৃষ্টির ঝুঁকির বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। অভিযান চলাকালে ভুয়া ট্রেড লাইসেন্স প্রদর্শন এবং সিটি করপোরেশনের নিয়ম লঙ্ঘনের দায়ে দুজন ব্যবসায়ীকে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ অনুযায়ী মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। বিজ্ঞপ্তি।