
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা প্রস্তুতিবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের উদ্যোগে থানা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া ও দেবীদ্বার সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহীন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন থানার পরিদর্শক (তদন্ত) মো: আবদুল গণি। এতে স্থানীয় পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সভায় জানানো হয়, এ বছর ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ২৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা চলাকালে মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহীন বলেন, দুর্গাপূজা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি পুলিশের টহল জোরদার থাকবে। পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ মণ্ডপের প্রস্তুতির কথা তুলে ধরেন এবং পূজা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








