খাগড়াছড়িতে সাবেক সেনা সদস্যের লাশ উদ্ধার
নিহত সেনা সদস্য সাইফুল ইসলাম রিয়াদ। ফাইল ছবি

খাগড়াছড়ি জেলা একটি সিগারেট কোম্পানির স্টোররুম থেকে সাইফুল ইসলাম রিয়াদ নামে এক সাবেক সেনা সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

Advertisement

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার আরামবাগ এলাকার বায়তুশ শরফ সড়কে ওই কোম্পানির স্টোররুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে স্টোররুমের লাশ দিয়ে সাইফুল ইসলাম রিয়াদকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

নিহত সাইফুল ইসলাম রিয়াদ বাংলাদেশ সেনাবাহিনীর ৪ বেঙ্গল ইউনিটের সাবেক সদস্য ছিলেন। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি ওই সিগারেট কোম্পানির স্টোররুমে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, তার স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছ। তার বাবা মনসুর আহমেদ (৬৫) অবসরপ্রাপ্ত এসএসডি কুক। মা লায়লা বেগম। তার স্থায়ী ঠিকানা খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকায়।

পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে।

প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পুলিশি তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।