জামায়াত, আমির, ডা: শফিকুর রহমান ,
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা: শফিকুর রহমান । নয়া দিগন্ত
ads

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মেনে নেয়া ছাড়া দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। সরকার যদি সত্যিকার অর্থে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চায়, তাহলে জনগণের রায়কে সম্মান জানাতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জাতীয় ঐক্যের কথা বলে কোনো লাভ হবে না।’

রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের শহীদ আবদুস সালাম হল-এ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির, আল্লামা সরওয়ার কামাল আজিজী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন : ক্ষমতাচ্যুত হয়ে পলাতক, দেশের মাটিতে কবর মেলেনি যাদের

ডা: শফিকুর রহমান বলেন, ‘মানুষকে দুইভাবে স্মরণ করা হয়। একদল মানুষের ভালোবাসা ও সম্মানের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকেন, আরেকদল মানুষের ঘৃণা ও ধিক্কারের পাত্র হয়ে ইতিহাসে স্থান পান। ফ্যাসিবাদী শাসনামলে দেশের মানুষের ওপর যে জুলুম-নির্যাতন চালানো হয়েছে, তা সহজে ভুলে যাওয়ার নয়। শিশু থেকে বৃদ্ধ, নারী-পুরুষ কেউই সেই নির্যাতন থেকে রেহাই পাননি। সাংবাদিকরাও নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। অতীতের সেই দুঃশাসনের স্মৃতি জাতির মনে এখনো গভীরভাবে দাগ কেটে আছে।’

তিনি মরহুম আল্লামা সরওয়ার কামাল আজিজী (রহ.)-এর স্মৃতিচারণ করে বলেন, ‘তিনি ছিলেন একজন বিচক্ষণ, ধৈর্যশীল, দূরদর্শী ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ। আল্লাহর প্রতি তার বিনয়, মানুষের প্রতি দরদ ও ভালোবাসা এবং দ্বীনের খেদমতে তার অবদান তাকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। তিনি ছিলেন একজন গুণী মানুষ ও বিশাল ব্যক্তিত্বের অধিকারী। মহান আল্লাহ তার জীবনের সকল নেক আমল কবুল করুন, ভুলত্রুটি ক্ষমা করে দিন, তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তার রেখে যাওয়া আমানত ও দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি তিনি দোয়া করেন।’

আরো পড়ুন : মধ্যপ্রাচ্যে সক্রিয় ইরান, বদলে যাচ্ছে আঞ্চলিক ভারসাম্য

বিরোধীদলীয় নেতা বলেন, ‘মুমিনের জীবনে বিপদ-আপদ অভিশাপ নয়, বরং পরীক্ষা। জীবনের প্রতিটি পর্যায়ে মানুষকে নানা প্রতিকূলতা অতিক্রম করতে হয়। একজন শিক্ষার্থী যেমন একের পর এক পরীক্ষা দিয়ে সামনের দিকে এগিয়ে যায়, তেমনি মুমিনকেও জীবনের প্রতিকূলতা মোকাবিলা করে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয়। তাই বিপদে ভয় না পেয়ে ধৈর্য ও সাহসের সাথে আল্লাহর ওপর ভরসা রেখে দায়িত্ব পালন করতে হবে।’

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশ আজ ভালো নেই। বর্তমান সরকার একসময় দীর্ঘ সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে নিজেরাও জুলুমের শিকার ছিল। কিন্তু ৫ আগস্টের পর জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তনের পথে না হেঁটে ৬ আগস্ট থেকেই তাদের আচরণে আওয়ামী লীগ সরকারের শাসনকালের নানা বৈশিষ্ট্য পরিলক্ষিত হচ্ছে। দেশজুড়ে চাঁদাবাজি, দখল-বাণিজ্য, দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে মানুষের ওপর নির্যাতনের অভিযোগ উঠছে। জনগণ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।’

আরো পড়ুন : যেভাবে অল্পের জন্য রক্ষা পেলেন হামাসপ্রধানের ছেলে

তিনি আরো বলেন, ‘নির্বাচনের আগে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন সংসদে গিয়ে তাদের অবস্থানে ভিন্নতা দেখা যাচ্ছে। জুলাই সনদের যেসব প্রস্তাব বাস্তবায়িত হলে দেশে আর ফ্যাসিবাদী শাসন কায়েম করা সম্ভব হবে না, সেসব বিষয়ে সরকার ভিন্নমত পোষণ করছে। এটি জনগণের প্রত্যাশার সাথে প্রতারণার শামিল। জনগণ একটি দলকে বিদায় করে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য জীবন দেয়নি; তারা রাষ্ট্র ও রাজনীতিতে মৌলিক পরিবর্তন চেয়েছিল।’

ডা: শফিকুর রহমান বলেন, ‘জুলাই আন্দোলনে বিশেষ করে তরুণ সমাজের অবদান জাতি কখনো ভুলতে পারবে না। কঠিন সময়ে মাদরাসার শিক্ষার্থী ও আলেম-ওলামারা জীবন বাজি রেখে রাজপথে নেমে এসেছিলেন। তাদের অনেকেই বলেছিলেন, ভাইদের হত্যার প্রতিবাদ জানাতে এবং হত্যার বিচার নিশ্চিত করতে তারা আন্দোলনে এসেছেন। আজ সেই মানুষগুলোর যথাযথ মূল্যায়ন হচ্ছে না কেন? যারা জীবন ও রক্ত দিয়ে পরিবর্তনের পথ তৈরি করেছেন, তাদের অবদানকে কোনোভাবেই অবহেলা করা যাবে না।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারকে আমরা জাতীয় ঐক্যের কথা বলেছি। প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবেও জানিয়েছি, জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং গণভোটের রায় কার্যকর না করা। এই দুটি বিষয়ে সরকারকে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে। দেশে ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে সবাই মিলে তা প্রতিহত করবে। তবে জাতীয় ঐক্যের কথা বলে জনগণের মৌলিক দাবি উপেক্ষা করার সুযোগ নেই।’

সরকারের প্রশাসনিক ব্যর্থতার সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘প্রশাসনের বিভিন্ন স্তরে অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দায়িত্ব দেয়ার অভিযোগ রয়েছে। অথচ জুলাই আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা ছিল একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু আজ দুর্নীতি ও বৈষম্যের বিস্তার ঘটছে। এ অবস্থা চলতে দেয়া যায় না।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর সাত দফা দাবি কোনো দলীয় স্বার্থের দাবি নয়; এগুলো জনগণের দাবি। এসব দাবি বাস্তবায়নের জন্য সংসদের ভেতরে ও বাইরে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা জ্বালাও-পোড়াও কিংবা ধ্বংসাত্মক আন্দোলনে বিশ্বাস করি না। তবে সংসদ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয় এবং জাতির জন্য অপ্রয়োজনীয় হয়ে পড়ে, তাহলে সেই সংসদে থাকার যৌক্তিকতা থাকবে না।’

তিনি সরকারকে সতর্ক করে বলেন, ‘বিরোধী দল সরকারের প্রতিটি কর্মকাণ্ডের ওপর নজর রাখবে। সরকারকে নিজেদের ভুল সংশোধন করতে হবে এবং জনগণের সামনে দৃশ্যমান পরিবর্তন তুলে ধরতে হবে। জনগণের দেয়া ভোট ও গণভোটের রায়কে সম্মান জানাতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এসব বিষয়ে সরকার আন্তরিক হলে বিরোধী দল সহযোগিতা করবে। এর বাইরে জাতীয় ঐক্য ও সহযোগিতার কথা বলে জনগণের অধিকার উপেক্ষা করার সুযোগ নেই।’

তিনি মরহুম আল্লামা সরওয়ার কামাল আজিজীর (রহ.) রূহের মাগফিরাত কামনা করেন এবং তার রেখে যাওয়া দ্বীনি ও সামাজিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। একই সাথে দেশ ও জাতিকে সকল প্রকার জুলুম, নির্যাতন, দুর্নীতি ও অকল্যাণ থেকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।