
প্রবাসী আয় আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ বিদেশে কর্মসংস্থানের প্রত্যাশায় থাকা সাধারণ মানুষকে যাত্রার শুরুতে শোষণ ও প্রতারণার শিকার হতে হচ্ছে। এর বড় দৃষ্টান্ত মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয়। দেশটিতে যেতে ইচ্ছুক কর্মীদের কাছে সরকার নির্ধারিত ব্যয়ের প্রায় পাঁচগুণ অর্থ দাবি করা হচ্ছে। জনশক্তি রফতানি খাতের জন্য এটি অশনিসঙ্কেত। নয়া দিগন্তে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় নির্ধারণ করেছে এক লাখ ৫৪ হাজার টাকা। সরকারপ্রধানও এ ব্যয় দুই লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। অভিযোগ আছে, একশ্রেণীর অসাধু রিক্রুটিং এজেন্সি ও মধ্যস্বত্বভোগী দালালচক্র কর্মীদের কাছে সাড়ে সাত-আট লাখ টাকা পর্যন্ত দাবি করছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো— মালয়েশিয়া সরকার কর্মীদের বিমান ভাড়া ও ভিসাসংক্রান্ত ব্যয় বহনের ঘোষণা দিয়েছে। এর পরও এ দেশের দরিদ্র কর্মীদের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে বিপুল অর্থের বোঝা।
নয়া দিগন্তের প্রতিবেদন অনুযায়ী, এ অস্বাভাবিক ব্যয়ের পেছনে আছে দীর্ঘদিনের শক্তিশালী দুষ্টচক্র। অভিযোগ উঠেছে, জনপ্রতি পাঁচ হাজার রিঙ্গিত বা এক লাখ ৬৫ হাজার টাকা ‘আন্ডারহ্যান্ডলিং মানি’ হিসেবে হুন্ডির মাধ্যমে পাচার করা হচ্ছে। এ ছাড়া মালয়েশিয়ায় কর্মী নিয়োগের চাহিদাপত্র চড়া দামে কেনাবেচা হচ্ছে। এসব কারণে অভিবাসন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। একদিকে কর্মীরা জমিজমা বিক্রি করে এবং চড়া সুদে ঋণ নিয়ে নিঃস্ব হচ্ছেন। অন্যদিকে হুন্ডির মাধ্যমে দেশ থেকে বিপুল অর্থ পাচার হচ্ছে। ফলে ব্যক্তি ও জাতীয় অর্থনীতি, উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ইতোমধ্যে মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট শাখা অভিযান শুরু করেছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েকটি এজেন্সিকে জেল-জরিমানা করা হয়েছে। কিছু এজেন্সির কার্যক্রমও স্থগিত করা হয়েছে। এটি ইতিবাচক উদ্যোগ। তবে বিচ্ছিন্ন অভিযান চালিয়ে এ শক্তিশালী চক্রের শিকড় উপড়ে ফেলা সম্ভব নয়। একজনের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কিন্তু শুধু দৃশ্যমান ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে চলবে না। পর্দার আড়ালে থাকা হোতাদেরও আইনের আওতায় আনতে হবে। তা না হলে এ খাতে স্থায়ী পরিবর্তন আসবে না।
আগামী ৩১ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ শেষ হবে। নতুন চুক্তি স্বাক্ষর বা নবায়নের আগে দু’দেশের উচ্চপর্যায়ে আলোচনা জরুরি। এ আলোচনায় সিন্ডিকেট প্রথা বিলুপ্তির বিষয়টি অগ্রাধিকার দিতে হবে। সব রিক্রুটিং এজেন্সির জন্য নিয়োগপ্রক্রিয়া উন্মুক্ত রাখতে হবে। ডিজিটাল পদ্ধতিতে সরাসরি কর্মী নিয়োগ নিশ্চিত করতে হবে। সেই সাথে ব্যাংকিং চ্যানেলের বাইরে সব ধরনের আর্থিক লেনদেন নিষিদ্ধ করতে হবে। সরকারনির্ধারিত ব্যয়ের চেয়ে এক টাকাও বেশি আদায় করলে সংশ্লিষ্ট এজেন্সির নিবন্ধন বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
ভাগ্যান্বেষণে বিদেশগামী কর্মীদের উপার্জন লুটে নেয়ার এই অপসংস্কৃতি বন্ধ করতে হবে। এজন্য সরকারের কঠোর নজরদারি ও আপসহীন অবস্থান জরুরি। জনশক্তি রফতানি খাতে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে জাতীয় স্বার্থের সাথে প্রবাসগামীদের অধিকার সংরক্ষণ করা সহজ হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









