
নিজ নিজ দেশে একসময় একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তারা। রাষ্ট্রের নীতিনির্ধারণ থেকে শুরু করে রাজনৈতিক ভাগ্য—সবকিছুই নিয়ন্ত্রিত হতো তাদের ইশারায়। তবে সময়ের পালাবদলে কারো পতন ঘটে সামরিক অভ্যুত্থানে, আবার কাউকে দেশ ছাড়তে হয় প্রবল গণ-আন্দোলনের মুখে।
নির্বাসিত জীবনের অবসান ঘটলেও মৃত্যুর পর জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হওয়ার ভাগ্য হয়নি ইতিহাসের আলোচিত এই তিন মুসলিম শাসকের।
বিশ্ব ইতিহাসে এমন করুণ পরিণতির উদাহরণ হয়ে আছেন পাকিস্তানের ইস্কান্দার আলি মির্জা, উগান্ডার ইদি আমিন এবং ইরানের রেজা শাহ পাহলভি।
ইস্কান্দার আলি মির্জা (পাকিস্তান)
১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইস্কান্দার আলি মির্জা। ক্ষমতা গ্রহণের দুই বছর পর তৎকালীন সেনাপ্রধান আইয়ুব খানের সহায়তায় তিনি দেশে সামরিক আইন জারি করেন। কিন্তু পরিহাসের বিষয় হলো, পরবর্তীতে সেই আইয়ুব খানের হাতেই ক্ষমতাচ্যুত হতে হয় তাকে।
গদি হারানোর পর দেশ ছেড়ে লন্ডনে পাড়ি জমান মির্জা এবং জীবনের বাকি ১১ বছর সেখানেই অতিবাহিত করেন। ১৯৬৯ সালে তার মৃত্যুর পর পরিবার চেয়েছিল লাশ পাকিস্তানে নিয়ে দাফন করতে। কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার সেই অনুমতি দেয়নি।
অবশেষে ইরানের তৎকালীন শাসক রেজা শাহ পাহলভির উদ্যোগে তার লাশ ইরানে নেয়া হয় এবং সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।
ইদি আমিন (উগান্ডা)
নির্বাসিত শাসকদের তালিকায় আরেক আলোচিত চরিত্র উগান্ডার সাবেক প্রেসিডেন্ট ইদি আমিন। ১৯৭১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করে টানা আট বছর দেশ শাসন করেন তিনি। তার শাসনামলে ব্যাপক হত্যাকাণ্ড, নির্যাতন এবং চরম মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ ওঠে।
১৯৭৯ সালে তানজানিয়ার সেনাবাহিনী ও উগান্ডার বিদ্রোহী গোষ্ঠী রাজধানী কাম্পালা দখল করলে ক্ষমতা হারিয়ে দেশ ছাড়তে বাধ্য হন আমিন। শুরুতে লিবিয়ায় এবং পরবর্তীতে সৌদি আরবে রাজনৈতিক আশ্রয় নেন তিনি।
জীবনের শেষ প্রান্তে গুরুতর অসুস্থ হয়ে পড়লে নিজ দেশে ফেরার আকুতি জানিয়েছিলেন ইদি আমিন, কিন্তু উগান্ডা সরকার তাতে সাড়া দেয়নি। ২০০৩ সালে সৌদি আরবের জেদ্দায় তার মৃত্যু হয় এবং পবিত্র মক্কায় তাকে সমাহিত করা হয়।
রেজা শাহ পাহলভি (ইরান)
যে শাসক একদিন ইস্কান্দার আলি মির্জাকে নিজ দেশে দাফনের ব্যবস্থা করেছিলেন, সেই ইরানের রেজা শাহ পাহলভির ভাগ্যেও জুটেছিল একই পরিণতি। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত হওয়ার পর স্ত্রীকে সাথে নিয়ে ইরান ত্যাগ করেন তিনি।
নির্বাসিত জীবনে মিশর, মরক্কো, বাহামা ও মেক্সিকোসহ বিশ্বের নানা দেশে আশ্রয় নিতে হয় তাকে। ক্যানসারের চিকিৎসার প্রয়োজনে যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন এই শাসক। তবে জীবিত অবস্থায় আর কখনোই প্রিয় মাতৃভূমিতে ফেরা হয়নি তার। ১৯৮০ সালে মিশরের কায়রোতে নির্বাসিত অবস্থাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন রেজা শাহ পাহলভি এবং সেখানেই তাকে দাফন করা হয়।
একসময় যে দেশের দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন তারা, জীবনের পড়ন্ত বেলায় সেই দেশের মাটি স্পর্শ করার অধিকারটুকুও হারিয়েছিলেন। রাজকীয় জীবন ও দাপট হারানোর পর কারও শেষ ইচ্ছা ছিল দেশে ফেরা, আবার কারো চাওয়া ছিল অন্তত মৃত্যুর পর স্বদেশের মাটিতে ঠাঁই পাওয়া। কিন্তু ইতিহাসের নির্মম বাস্তবতায় তাদের সেই শেষ ইচ্ছাও অপূর্ণই রয়ে যায়।
সূত্র: টাইমস টুডে
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









