সয়াবিন তেল
প্রতীকী ছবি। সংগৃহীত
ads

দেশে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিতে গতি বেড়েছে। বিশেষ করে পাম অয়েলের ঋণপত্র (এলসি) খোলা ও প্রকৃত আমদানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এতে দেশের বাজারে সরবরাহ পরিস্থিতি আরো উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, চলতি বছরের নভেম্বরের প্রথম ১৮ দিনে গত বছরের একই সময়ের তুলনায় পাম অয়েলের প্রকৃত আমদানি বেড়েছে ৭৪ দশমিক ৫ শতাংশ। একই সময়ে নতুন এলসি খোলার পরিমাণ বেড়েছে তিন গুণেরও বেশি।

অক্টোবরে সয়াবিন সিডের এলসি খোলা ও প্রকৃত আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং নভেম্বরের প্রথম ১৮ দিনে অপরিশোধিত সয়াবিন তেলের এলসি খোলাতেও বড় প্রবৃদ্ধি হয়েছে। এতে আগামী কয়েক সপ্তাহে নতুন আমদানি চালান দেশে পৌঁছালে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরের প্রথম ১৮ দিনের তথ্য বিশ্লেষণে এমন চিত্র পাওয়া গেছে। তবে সব পণ্যের আমদানি প্রবণতা এক রকম নয়। বিশেষ করে নভেম্বরের প্রথম ১৮ দিনে সয়াবিন সিড ও অপরিশোধিত সয়াবিন তেলের প্রকৃত আমদানিতে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে আরবিডি পাম অয়েলের এলসি খোলা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৪৪ টন। গত বছরের একই মাসে এর পরিমাণ ছিল ১ লাখ ৪০ হাজার ৫৩১ টন। অর্থাৎ এক বছরে এলসি খোলার পরিমাণ বেড়েছে প্রায় ২১ দশমিক ৭ শতাংশ। অক্টোবরে এলসি খোলার পরিমাণ গত বছরের ১ লাখ ৫৩ হাজার ৫৫৫ টন থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার ৯৪৭ টনে দাঁড়িয়েছে।

তবে সবচেয়ে বড় প্রবৃদ্ধি দেখা গেছে নভেম্বরের প্রথম ১৮ দিনে। এ সময়ে পাম অয়েলের এলসি খোলা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৪১৫ টন। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল মাত্র ৪৫ হাজার ৬২৬ টন। অর্থাৎ এলসি খোলার পরিমাণ বেড়েছে তিন গুণেরও বেশি।

শুধু এলসি খোলায় নয়, পাম অয়েলের প্রকৃত আমদানিতেও ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বরের প্রথম ১৮ দিন পর্যন্ত দেশে আরবিডি পাম অয়েল আমদানি হয়েছে মোট ৪ লাখ ২ হাজার ৮৮৪ টন। গত বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৩ লাখ ৩৫ হাজার ৪০৩ টন। সে হিসাবে আমদানি বেড়েছে প্রায় ২০ দশমিক ১ শতাংশ।

বিশেষ করে নভেম্বরের প্রথম ১৮ দিনে পাম অয়েল আমদানি হয়েছে ১ লাখ ২৫ হাজার ১৫৪ টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৪ দশমিক ৫ শতাংশ বেশি। সেপ্টেম্বরে আমদানি বেড়েছে ৭ দশমিক ৬ শতাংশ এবং অক্টোবরে ৩ শতাংশ।

অন্যদিকে, সয়াবিন সিড আমদানিতে মাসভিত্তিক ওঠানামা লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে সয়াবিন সিডের এলসি খোলা হয়েছে ২ লাখ ১১ হাজার ৬৪২ টন, যা গত বছরের একই সময়ের তুলনায় সামান্য বেশি। অক্টোবরে এলসি খোলার পরিমাণ আরও বেড়ে ৩ লাখ ৯৪ হাজার ৫৬৪ টনে দাঁড়িয়েছে। গত বছরের অক্টোবরে এ পরিমাণ ছিল ২ লাখ ৬৩ হাজার ৯৯৯ টন। অর্থাৎ এক বছরে এলসি খোলার পরিমাণ বেড়েছে প্রায় ৪৯ দশমিক ৫ শতাংশ।

তবে নভেম্বরের প্রথম ১৮ দিনে সয়াবিন সিডের এলসি খোলায় উল্টো চিত্র দেখা গেছে। এ সময়ে এলসি খোলা হয়েছে মাত্র ২০ হাজার ৮৮৫ টন। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ লাখ ৮০ হাজার ১৯ টন।

প্রকৃত আমদানির ক্ষেত্রেও নভেম্বরের প্রথম ১৮ দিনে সয়াবিন সিডের সরবরাহ কমেছে। এনবিআরের হিসাবে, এ সময়ে আমদানি হয়েছে ৫২ হাজার ৭৮৪ টন, যা গত বছরের একই সময়ের ১ লাখ ১৯ হাজার ৭৩৮ টনের তুলনায় ৫৫ দশমিক ৯ শতাংশ কম। যদিও অক্টোবরে আমদানি ৮০ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রায় ২ লাখ টনে পৌঁছেছিল।

অপরিশোধিত সয়াবিন তেলের (সিডিএসও) ক্ষেত্রেও এলসি খোলার পরিমাণে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। চলতি বছরের সেপ্টেম্বরে এ পণ্যের এলসি খোলা হয়েছে ৪১ হাজার ২২৪ টন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩১ দশমিক ৫ শতাংশ বেশি। অক্টোবরে এলসি খোলার পরিমাণ কমলেও নভেম্বরের প্রথম ১৮ দিনে তা বেড়ে ৬২ হাজার ৭০৬ টনে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৫ হাজার ৮২০ টন। অর্থাৎ এ সময়ে এলসি খোলার পরিমাণ বেড়েছে প্রায় আড়াই গুণ।

তবে প্রকৃত আমদানিতে নভেম্বরের প্রথম ১৮ দিনে সিডিএসওর চালান কমেছে ৬৬ দশমিক ৯ শতাংশ। এ সময়ে আমদানি হয়েছে ১৯ হাজার ৪৯৮ টন। গত বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৫৮ হাজার ৮৬৩ টন। সেপ্টেম্বরে আমদানি কমেছে ৯ দশমিক ৩ শতাংশ এবং অক্টোবরে প্রায় অপরিবর্তিত ছিল।

এদিকে, আন্তর্জাতিক বাজারে পাম অয়েল ও সয়াবিন সিডের দাম কিছুটা কমেছে। ১২ থেকে ২০ নভেম্বরের মধ্যে পাম অয়েলের টনপ্রতি দাম ১ হাজার ৭৫ ডলার থেকে কমে ১ হাজার ৩০ ডলারে এবং সয়াবিন সিডের দাম ৫০৯ দশমিক ১০ ডলার থেকে কমে ৫০০ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। তবে অপরিশোধিত সয়াবিন তেলের দাম টনপ্রতি ১ হাজার ১৮৩ থেকে ১ হাজার ১৯১ ডলারের মধ্যে ওঠানামা করেছে।

আমদানিকারকদের এলসি খোলার প্রবণতা এবং সাম্প্রতিক মাসগুলোতে পাম অয়েলের প্রকৃত আমদানি বৃদ্ধি দেশের ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাদের মতে, নভেম্বরের প্রথম ১৮ দিনে খোলা এলসির বিপরীতে পণ্যবাহী জাহাজের চালান আগামী কয়েক সপ্তাহে দেশে পৌঁছালে বাজারে ভোজ্যতেলের সরবরাহ আরো বাড়বে। আন্তর্জাতিক বাজারে দামের স্থিতিশীলতা ও আমদানির ধারাবাহিকতা বজায় থাকলে ভোক্তাদের জন্যও স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে।

সূত্র : বাসস