আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাদারীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল 
জেলা শহরের পৌর ঈদগাহ থেকে বি‌ক্ষোভ মিছিল শুরু হয়ে ইটেরপুল বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়। নয়া দিগন্ত
ads

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। মাদারীপুর জেলা যুবদল এ মিছিল ও সমাবেশ আয়োজন করে। 

রোববার (২৯ নভেম্বর) বিকেলে জেলা শহরের পৌর ঈদগাহ থেকে বি‌ক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ইটেরপুল বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জেলা যুবদ‌লের আহ্বায়ক ফারুক বেপারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন কেন্দ্রীয় যুবদ‌লের সহ-সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী। 

প্রধান অতিথির বক্তব্যে আবুল বাশার সিদ্দিকী বলেন, ‘ওরা লাশের রাজনীতি চায়, লাশের বিকল্প ওদের কাছে কিছুই নেই। জুলাই আন্দোলনে এ দেশের চৌদ্দশ’ মানুষকে হত্যা করেছে তারা, নিষ্পাপ মানুষের জীবন ঠুনকো কারণে কেড়ে নিয়েছে, সেই সব লাশ দেখেও তারা তৃপ্ত হয়নি।’

জেলা যুবদ‌লের সদস‌্যস‌চিব ম‌নিরুজ্জামান ফুকুর প‌রিচালনায় সমাবেশে, জেলা যুবদ‌লের সি‌নিয়র সহ-সভাপ‌তি আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন কালু মোল্লা, পৌর যুবদ‌লের আহ্বায়ক বাশার মাতুব্বর, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার প্রমুখ বক্তব‌্য রা‌খেন। 

উল্লেখ্য, কার্যক্রম নি‌ষিদ্ধ আওয়ামী লী‌গ সারাদেশে দুই দি‌নের লক-ডাউন কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির প্রথম দিন মাদারীপু‌রের কিছু স্থা‌নে নাশকতার চেষ্টা, মশাল মিছিল ও নৈরাজ্য চালিয়েছে দলটির নেতাকর্মীরা। তারা মাদারীপুরের রাজৈর উপজেলার টে‌কেরহা‌টে সড়ক অব‌রোধ ক‌রে মানু‌ষের ভোগা‌ন্তির সৃ‌ষ্টি ক‌রে। তারই প্রতিবা‌দে জেলা যুবদল এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।