ইউএস-বাংলা এয়ারলাইন্স
ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান। ফাইল ছবি
ads

ইউএস-বাংলা এয়ারলাইন্সের রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে বিএস-৩৬১ ফ্লাইটটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রার পূর্ব মুহূর্তে উড্ডয়ন বাতিল করা হয়েছে। 

এয়ারলাইন্সটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচ হওয়ার কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা আসার সাথে সাথেই পাইলট ইন কমান্ড যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেয়, এটা এভিয়েশনে একটি স্বাভাবিক ঘটনা। শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করার কারণে রানওয়ে এবং চাকার অতিরিক্ত ঘর্ষণজনিত কারণে ধোঁয়ার সৃষ্টি হয়। এয়ারক্রাফটের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গেয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। এয়ারক্রাফটটি সকল প্রসিডিউর মেনে রানওয়ে থেকে পার্কিং এরিয়াতে নিয়ে এসে যাত্রীদের এয়ারক্রাফট থেকে দ্রুত নামানো হয়।

এখানে উল্লেখ্য, সব যাত্রী নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছে। সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে কোনো ধরনের বিভ্রান্তকর কোনো সংবাদ পরিবেশন না করার জন্য।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের আরেকটি এয়ারক্রাফট ওই ফ্লাইটের যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা হবে।