ড. মিয়া মুহাম্মদ আইয়ুব
ড. মিয়া মুহাম্মদ আইয়ুব। নয়া দিগন্ত
ads

আধুনিক রাষ্ট্রব্যবস্থায় স্থানীয় সরকার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গণ্য করা হয়। ফেডারেল বা এককেন্দ্রিক যে পদ্ধতির শাসনব্যবস্থা অনুসরণ করা হোক না কেন, কেন্দ্রীয় সরকারের পক্ষে তৃণমূল পর্যায়ে প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং পরিষেবা পৌঁছানো বেশ কঠিন। এরূপ বাস্তবতায় স্থানীয় সরকারের ধারণা জন্মলাভ করে। ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে প্রথমে ১৬৮৮ সালে মাদ্রাজে এবং ১৭২৬ সালে কলকাতা ও মুম্বাই শহরে মিউনিসিপালিটি (পৌরসভা) এবং ১৮৭০ সালে চৌকিদারি পঞ্চায়েত, লোকাল বোর্ড ও জেলা বোর্ড গঠনের মধ্য দিয়ে স্থানীয় সরকার কাঠামোর ধারা সূচিত হয়। ১৯৩৫ সালের আগ পর্যন্ত সরকারি মনোনয়নে এসব পরিষদ গঠন করা হতো। ১৯৩৫ সালে আইন করে নির্বাচিত প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করা হয়। অবশ্য, তখনো সরকারি মনোনয়ন ও নির্বাচন উভয় পদ্ধতিতে প্রাদেশিক পরিষদ গঠন করা হতো। 

১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর ইউনিয়ন, থানা, পৌরসভা, জেলা পরিষদ ও বিভাগীয় পরিষদ নামে বিভিন্ন স্তরের স্থানীয় সরকারব্যবস্থা চালু করা হয়। তবে এসব প্রতিষ্ঠানের হাতে ক্ষমতা ছিল সীমাবদ্ধ। মহকুমা কর্মকর্তা (এসডিও) এবং জেলা প্রশাসকরা (ডিসি) তাদের নিয়ন্ত্রণ করতেন। ইউনিয়ন পরিষদের সম্পদ বরাদ্দ ও ব্যয় নিয়ন্ত্রণ করতেন সার্কেল অফিসার (উন্নয়ন) এবং এসডিও থানা পরিষদের সভাপতি ছিলেন। জেলা পরিষদের সভাপতি ছিলেন ডিসি এবং বিভাগীয় পরিষদের সভাপতি বিভাগীয় কমিশনার। স্থানীয় সরকার কমিশন (২০২৫) প্রতিবেদনে মন্তব্য করা হয়, ‘পাকিস্তানের শেষ দশক পর্যন্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সর্বাত্মক সরকারি নিয়ন্ত্রণ ছিল স্পষ্ট ও দ্ব্যর্থহীন। স্বশাসনের ধারণাটি ছিল বাস্তব অর্থে অলীক ও প্রতীকী, প্রকৃত অর্থে  রাজনৈতিক সান্ত্বনার একটি প্রবোধ দান প্রক্রিয়া। এদেশের কিছু উঠতি অধিজন শ্রেণী ‘সাহেব-সুবা’দের পাশে বসে একটু মর্যাদার অনুভূতি পাওয়া মাত্র। তবে বলা যায়, এতটুকু অর্জন অন্তত হয়েছে, এসব উদ্যোগের ফলে ক্রমে কিছু সামাজিক নেতৃত্ব বের হয়ে এসেছে এবং তারা পরবর্তীতে রাজনৈতিক নেতৃত্ব গ্রহণে উৎসাহী হয়েছে’।

১৯৭২ সালের বাংলাদেশ সংবিধানে স্থানীয় সরকারের বিকেন্দ্রীকরণ ও পরিচালনকে বেশ গুরুত্ব দেয়া হয়। রাষ্ট্রীয় মূলনীতিতে ঘোষিত ভাষ্যের (অনুচ্ছেদ-১১) সাথে সঙ্গতি রেখে সংবিধানের তৃতীয় ভাগে স্থানীয় সরকার-সংক্রান্ত পৃথক একটি পরিচ্ছেদ সংযোজন করা হয়। সংবিধানের ১১ অনুচ্ছেদে গণতন্ত্র ও মানবাধিকার প্রসঙ্গে বলা হয়েছে— ‘প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানবসত্তার  মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে...এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে’।

অন্যদিকে, সংবিধানের ৫৯ (১) অনুচ্ছেদে বলা হয়েছে— ‘আইনানুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হইবে’। ৫৯ (১) অনুচ্ছেদে বলা হয়েছে— ‘এই সংবিধান ও অন্য কোনো আইন সাপেক্ষে সংসদ আইনের দ্বারা যেরূপ নির্ধারণ করিবেন, এই অনুচ্ছেদের (১) দফায় উল্লিখিত প্রত্যেক প্রতিষ্ঠান যথোপযুক্ত প্রশাসনিক একাংশের মধ্যে সেইরূপ দায়িত্ব পালন করিবেন এবং অনুরূপ আইনে নিম্নলিখিত বিষয়-সংক্রান্ত দায়িত্ব অন্তর্ভুক্ত হইতে পারিবে : ক. প্রশাসনিক ও সরকারি কর্মচারীদের কার্য; খ. জনশৃঙ্খলা রক্ষা; গ. জনসাধারণের কার্য ও অর্থনৈতিক উন্নয়ন-সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন’। স্মরণযোগ্য যে, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার সময় শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সংবিধান থেকে পরিচ্ছেদটি সম্পূর্ণরূপে বাতিল করে দেয় এবং এর আগেও এই অনুচ্ছেদটি কখনো বাস্তব কার্যক্ষেত্রে অনুসরণ করা হয়নি। (মওদুদ আহমদ)

দীর্ঘদিন থেকে উপযুক্ত প্রশাসন ও স্থানীয় সরকার কাঠামো গঠন করে তাদের হাতে ক্ষমতা প্রত্যর্পণ (ডেলিগেশন) বা অর্পণ (ডেভোলিউশন) করার প্রচেষ্টা পরিলক্ষিত হয়। এ লক্ষ্যে বিগত ৫৫ বছরে প্রায় দুই ডজন কমিশন ও কমিটি গঠন করা হয়। এর মধ্যে ১৯৭৩ সালে প্রফেসর মুজাফফর আহমদের নেতৃত্বে গঠিত ‘অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সার্ভিস রিঅর্গানাইজেশন কমিটি’ (এএসআরসি) এবং ১৯৮২ সালে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের নেতৃত্বে গঠিত ‘কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিঅর্গানাইজেশন/রিফর্ম’ (সিএআরআর) অধিকতর গুরুত্বপূর্ণ। 
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে ১৯৭৬ সালে এক অধ্যাদেশ জারি করে ইউনয়ন পরিষদকে কিছু দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনার ক্ষমতা দিয়ে ‘গ্রাম আদালত’ গঠন করা হয়। এ ছাড়া তার আমলে ১৯৮০ সালে গ্রাম সরকার প্রবর্তন করা হয়। ১৯৮২ সালে জেনারেল এরশাদ সামরিক আইন জারি করে উপজেলা পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেন। একইসাথে উপজেলা পরিষদ গঠন করা হয়। কিন্তু ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে ব্যারিস্টার নাজমুল হুদাকে চেয়ারম্যান করে একটি কমিশন গঠন করা হয়েছিল। ওই কমিশনের সুপারিশের ভিত্তিতে উপজেলা পরিষদ বাতিল করা হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে অ্যাডভোকেট রহমত আলীর নেতৃত্বে একটি ‘স্থানীয় সরকার কমিশন’ গঠন করে। ওই কমিশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৭ সালে স্থানীয় সরকার (গ্রাম পরিষদ) আইন-১৯৯৮ সালে উপজেলা পরিষদ আইন এবং ২০০০ সালে জেলা পরিষদ আইন পাস করে। ২০০৭ সালে সেনাসমর্থিত সরকার ড. এ এম এম শওকত আলীর নেতৃত্বে আরেকটি কমিশন গঠন করে। এরূপ সব ক’টি কমিশনই স্থানীয় সরকারব্যবস্থা উন্নয়নে একটি স্থায়ী কমিশন গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করে।

চব্বিশের ফ্যাসিবাদবিরোধী বিপ্লবের পরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারের দাবি জনপ্রিয় হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মোট ১১টি কমিশন গঠন করে। এর মধ্যে সংবিধান সংস্কার কশিমন, বিচার বিভাগ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার আলাদাভাবে নিজ নিজ প্রতিবেদনে স্থানীয় সরকারব্যবস্থা সংস্কারের সুপারিশ করে। যদিও এসব কমিশনের সুপারিশগুলোর মধ্যে পার্থক্য আছে; তথাপি এতে প্রতীয়মান হয়— এসব কমিশন স্থানীয় সরকারব্যবস্থা সংস্কারের প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করেছে। 

অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকারব্যবস্থা সংস্কারের বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়ে পৃথকভাবে প্রফেসর তোফায়েল আহমেদের নেতৃত্বে একটি স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করে। এই কমিশন প্রতিবেদনে মোট ৬০টি সুপারিশ পেশ করে। দেশে বিদ্যমান পাঁচটি ধাপের স্থানীয় সরকারপদ্ধতি তথা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন বহাল রাখার পক্ষে অভিমত দেয়। কমিশন পাঁচটি প্রতিষ্ঠানের নির্বাচন একই সাথে করারও প্রস্তাব দেয়।

সর্বোপরি জাতীয় ঐকমত্য কমিশন তার প্রতিবেদনে স্থানীয় সরকারব্যবস্থা সংস্কারের প্রস্তাব দিয়েছে। সেই সাথে তা প্রায় সব রাজনৈতিক দল ও জোট সমর্থন করেছে। ওই কমিশনের প্রস্তাবগুলো নিম্নে উল্লেখ করা হলো :

ক. স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন : সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে, ‘নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন অনুষ্ঠিত হইবে।

খ. স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা : সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে, ‘সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা এবং আইন দ্বারা নির্ধারিত সকল কাজ সম্পাদনের ক্ষেত্রে সম্পূর্ণ কার্যকরী স্বায়ত্তশাসন নিশ্চিত করা হইবে। জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন কর্মসূচির অংশ না হইলে, স্থানীয় পর্যায়ে সকল উন্নয়নমূলক কাজের উপর স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সম্পূর্ণ আর্থিক নিয়ন্ত্রণ এবং বাস্তবায়নের কর্তৃত্ব থাকিবে।’

গ. সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অধীনে ন্যস্ত করা : সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে, ‘যে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কাজে সরাসরি নিয়োজিত তাহারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের অধীনস্থ হইবেন এবং যে সকল সরকারি বিভাগ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের এখতিয়ারভুক্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্পৃক্ত, তাহারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের নির্দেশনায় কাজ করিবেন।’

ঘ. স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল সংগ্রহ : সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠান স্থানীয়ভাবে নিজস্ব তহবিল সংগ্রহ করিতে পারিবে। তবে প্রাক্কলিত তহবিল যদি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বাজেটের চাইতে কম হইবার সম্ভাবনা থাকে, তাহা হইলে সেই বাজেট আইনসভার উচ্চকক্ষের স্থানীয় সরকার সম্পর্কিত কমিটির নিকট পাঠাইতে হইবে।’

২০২৬ সালের গণভোটে জুলাই সনদ যেহেতু জনগণ কর্তৃক অনুমোদিত হয়েছে সেহেতু সংবিধান সংস্কারের অংশ হিসেবে স্থানীয় সরকারব্যবস্থা সংস্কারের দায়িত্ব ২০২৬ সালে নির্বাচিত বিএনপি সরকারের ওপর ন্যস্ত হয়েছে। দেখা যাক, এ ব্যাপারে বিএনপি নিজেদের নির্বাচনী ইশতেহারে কী বলেছে। দলটির তাদের ইশতেহারে ‘স্থানীয় সরকার’ শিরোমে একটি পৃথক অধ্যায়ে সাতটি অনুচ্ছেদে বিভিন্ন ধরনের সংস্কারের কথা বলা হয়েছে। প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে— ‘বিএনপি বিশ্বাস করে, স্থানীয় সরকার হলো গণতন্ত্র ও উন্নয়নের প্রাণকেন্দ্র’। দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে— ‘ঢাকার সচিবালয় থেকে দেশ শাসন করা হবে না। দেশ চলবে তৃণমূলের জনগণের ইচ্ছায় ও মতামতের ভিত্তিতে। যেখানে সমস্যা সেখানেই সমাধানের ব্যবস্থা করা হবে’। ‘স্থানীয় নেতৃত্বই টেকসই সমস্যার সমাধান’-এ নীতির ভিত্তিতে দায়বদ্ধতা নিশ্চিত করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতায়িত করা হবে। ক্ষমতা ও উন্নয়নের ভরকেন্দ্র হবে গ্রামমুখী।’ আরেক অনুচ্ছেদে বলা হয়েছে— ‘মৃত্যুজনিত কারণ কিংবা আদালতের আদেশে পদ শূন্য না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি প্রশাসক নিয়োগ করা হবে না। আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিদের নির্বাহী আদেশবলে সাসপেন্ড/বরখাস্ত/অপসারণ করা হবে না’।

নতুন বিএনপি সরকার নির্বাচনী ইশতেহারের মাধ্যমে জনগণকে দেয়া প্রতিশ্রুতির প্রতি মর্যাদা না দিয়ে নির্বাচিত ব্যক্তিদের পরিবর্তে অনির্বাচিত মনোনীত ব্যক্তিদের (যাদের অধিকাংশই বিগত জাতীয় নির্বাচনে পরাজিত প্রার্থী) বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে ‘প্রশাসক’ হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন। বিশেষ প্রয়োজনে এরূপ ব্যবস্থা গ্রহণের দরকার হলেও অনির্দিষ্টকালের জন্য দলীয় নেতাদের প্রশাসক হিসেবে দায়িত্ব অর্পণ করা গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যেখানে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়েছে, সেখানে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানও সহজে করা যেত। বরং দিন যত যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতা তত বাড়ছে। এখন সরকারের জন্য অবশ্য পালনীয় হলো জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত ভোটের আয়োজন করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেয়া। শুধু নির্বাচন নয়; বরং একটি স্থায়ী স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন এবং অতীতের সব সুপারিশ পর্যালোচনা করে টেকসই সংস্কারের উদ্যোগ গ্রহণ করা। 

লেখক : গবেষক ও সাবেক সচিব 
ayubmiah@gmail.com