রিন্টু আনোয়ার
রিন্টু আনোয়ার। নয়া দিগন্ত
ads

কিছু বিচারিক সিদ্ধান্ত কেবল আইনি নথি হয়ে থাকে না; বরং তা বিশ্ববিবেকের দলিল হিসেবে স্থান করে নেয়। গত ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত জাতিসঙ্ঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত নৃশংসতাকে জেনোসাইড বা জাতিগত নিধন হিসেবে স্বীকৃতি দিয়ে যে রায় ঘোষণা করেছেন, তা নিঃসন্দেহে তেমনি এক যুগান্তকারী ঘটনা। ১৯৪৮ সালে জাতিসঙ্ঘের জেনোসাইড কনভেনশন গৃহীত হওয়ার পর প্রায় আট দশকের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি জেনোসাইড সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত করা হলো। ২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার দায়ের করা মামলার দীর্ঘ সাত বছরের আইনি লড়াই শেষে ঘোষিত এই রায় বাংলাদেশের কক্সবাজার ও ভাসানচরের আশ্রয়শিবিরগুলোতে বসবাসরত প্রায় ১২ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গার মনে যেমন আশার আলো জ্বালিয়েছে, তেমনি এক দশক ধরে এই বিশাল মানবিক বোঝা বহনকারী বাংলাদেশের জন্যও এনে দিয়েছে এক বড় নৈতিক ও কূটনৈতিক স্বীকৃতি। তবে এই ঐতিহাসিক আইনি বিজয়ের উচ্ছ্বাসের আড়ালে যে কঠিন ভূরাজনৈতিক ও মাঠপর্যায়ের বাস্তবতা লুকিয়ে আছে, তা নির্মোহভাবে বিশ্লেষণ করা এখন সময়ের দাবি।

আন্তর্জাতিক বিচার আদালতের ১৫ জন বিচারকের বেঞ্চে ৯-৬ ভোটে গৃহীত এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের অস্তিত্বের সঙ্কটকে আইনি ভিত্তির ওপর দাঁড় করিয়ে দিয়েছে। আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, ২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে তথাকথিত শুদ্ধি অভিযানের নামে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, নারীদের ওপর ব্যাপক ও পদ্ধতিগত যৌন সহিংসতা চালিয়েছে এবং শিশুদের ওপর চরম বর্বরতা চালিয়েছে। জেনোসাইড সনদের দ্বিতীয় অনুচ্ছেদের তিনটি সুনির্দিষ্ট ধারা লঙ্ঘনের প্রমাণ পেয়েছেন আদালত, যার মধ্যে রয়েছে একটি সুরক্ষিত জনগোষ্ঠীর সদস্যদের হত্যা করা, তাদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি সাধন করা এবং ওই জনগোষ্ঠীর মধ্যে জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা। 

আইনে জেনোসাইড প্রমাণ করার সবচেয়ে জটিল শর্ত হলো কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার বিশেষ অভিপ্রায় প্রমাণ করা, যা অতীতে বসনিয়া ও ক্রোয়েশিয়া মামলায় প্রমাণ করা সম্ভব হয়নি। কিন্তু এই মামলায় দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক বৈষম্য, বেছে বেছে আক্রমণ এবং ধ্বংসযজ্ঞের ব্যাপকতা বিবেচনায় নিয়ে আদালত সিদ্ধান্তে পৌঁছেছেন, উত্তর রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে নিশ্চিহ্ন করার অভিপ্রায় ছাড়া এই অভিযানের আর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা হতে পারে না। এর পাশাপাশি আদালত রোহিঙ্গাদের মিয়ানমারের একটি স্বতন্ত্র জাতিগত ও ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যা তাদের বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী হিসেবে উপস্থাপন করার দশকব্যাপী রাষ্ট্রীয় অপপ্রচারকে কবরস্থ করেছে এবং ১৯৮২ সালের বৈষম্যমূলক নাগরিকত্ব আইনকে প্রশ্নবিদ্ধ করেছে।

এই বিচারিক প্রক্রিয়া ও রায়ের আইনি তাৎপর্য কেবল দক্ষিণ-পূর্ব এশিয়ার সীমানায় আবদ্ধ নয়; বরং তা সমগ্র বিশ্বের মানবাধিকার কাঠামোর জন্য একটি নতুন মানদণ্ড তৈরি করেছে। বসনিয়া বা রুয়ান্ডার মতো পূর্ববর্তী মামলাগুলোতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের ওপর নির্ভর করার সুযোগ থাকলেও রোহিঙ্গা মামলায় আইসিজেকে স্বাধীনভাবে তথ্যের সত্যতা যাচাই করতে হয়েছে। এ ক্ষেত্রে ২০১১ সাল থেকে প্রমাণ সংগ্রহকারী মিয়ানমারবিষয়ক জাতিসঙ্ঘের স্বাধীন তদন্ত ব্যবস্থা, ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন, স্যাটেলাইট চিত্র এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরাসরি ক্ষতিগ্রস্ত না হয়েও জেনোসাইড প্রতিরোধের সমষ্টিগত দায়বদ্ধতা থেকে গাম্বিয়ার মামলা করার অধিকার প্রতিষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক আইনে এই নীতি আরো সুদৃঢ় হলো যে, জেনোসাইড কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নয়; বরং তা পুরো মানবজাতির উদ্বেগের বিষয়। আইনের সর্বোচ্চ বাধ্যতামূলক বিধান লঙ্ঘিত হওয়ায় এখন বিশ্বের প্রতিটি রাষ্ট্রের ওপরই এই আইনি দায় বর্তায় যে, তারা মিয়ানমারের এই অবৈধ পরিস্থিতিকে কোনোভাবেই স্বীকৃতি দেবে না বা সহায়তা করবে না। এর ফলে গাজাসহ বিশ্বের অন্যান্য প্রান্তে চলমান নিধনযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে চলমান মামলাগুলোতে দায়ী ব্যক্তিদের ব্যক্তিগত বিচারের পথ প্রশস্ত হলো।

আদালতের চূড়ান্ত ও আপিল অযোগ্য এই রায়ে মিয়ানমার রাষ্ট্রের ওপর সুনির্দিষ্ট কিছু বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। রায়ের নির্দেশনা অনুযায়ী, মিয়ানমারকে চলমান সব ধরনের লঙ্ঘন বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দিতে হবে। একই সাথে অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্ত ও বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিজ নিজ ভিটেমাটিতে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার পাশাপাশি বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলন, হারানো সম্পত্তি ফেরত দেয়া বা ন্যায্য ক্ষতিপূরণ প্রদান, নিখোঁজদের সন্ধান ও নিহতদের দেহাবশেষ উদ্ধার করে ধর্মীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা এবং নির্যাতিতদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী দুই বছরের মধ্যে অর্থাৎ ২০২৮ সালের নভেম্বরের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে সে বিষয়ে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে মিয়ানমারকে এবং পরবর্তীতে ক্ষতিপূরণের অঙ্ক ও পদ্ধতি নিয়ে আলাদা শুনানি অনুষ্ঠিত হবে।

আদালতের এই রায় বাস্তবে কার্যকর হবে কিভাবে। এই আদালত অনেকটা ফুটবল খেলার রেফারির মতো, যিনি নিয়মভঙ্গের দায়ে লাল কার্ড দেখাতে পারেন কিন্তু অবাধ্য খেলোয়াড়কে মাঠ থেকে টেনে বের করার নিজস্ব পুলিশ বাহিনী তার নেই। জাতিসঙ্ঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলো আইসিজের রায় মানতে আইনত বাধ্য হলেও কোনো রাষ্ট্র তা অমান্য করলে কার্যকর ব্যবস্থা নেয়ার একমাত্র ক্ষমতা রয়েছে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের হাতে। চীন ও রাশিয়ার ভেটো ক্ষমতার সমীকরণ এই রায় বাস্তবায়নের পথে বড় দেয়াল হয়ে দাঁড়াতে পারে। অতীতে নিকারাগুয়া মামলায় যুক্তরাষ্ট্র নিজের বিরুদ্ধে যাওয়া আইসিজের রায় ভেটো দিয়ে আটকে দিয়েছিল, আর মিয়ানমারও দীর্ঘদিন ধরে কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে বৃহৎ শক্তিগুলোর সুরক্ষা পেয়ে আসছে। যদিও চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে আইসিজের মতামত উপেক্ষা করা যুক্তরাজ্য ছয় বছরের মাথায় বহুপাক্ষিক চাপে মরিশাসের সাথে চুক্তিতে আসতে বাধ্য হয়েছিল কিংবা শতবর্ষ পর জার্মানি নামিবিয়ায় গণহত্যার দায় স্বীকার করেছিল, তবুও মিয়ানমারের ক্ষেত্রে তাৎক্ষণিক কোনো নিরাপত্তা পরিষদীয় পদক্ষেপ আশা করা কঠিন।

জান্তা সরকার আইসিজের এই রায়কে অন্যায্য ও সর্বসম্মত নয় বলে প্রত্যাখ্যান করেছে। নিজেদের শাসনামলে সংঘটিত অপরাধের দায় স্বীকার করে নিজ বাহিনীর সদস্যদের বিচার করা কিংবা রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেয়া জান্তা সরকারের জন্য রাজনৈতিক আত্মহত্যার শামিল। কারণ মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মধ্যেও রোহিঙ্গা প্রশ্নে তীব্র জাতীয়তাবাদী সংবেদনশীলতা কাজ করে। রায় বাস্তবায়নে জটিল সঙ্কট তৈরি হয়েছে রাখাইন রাজ্যের পরিবর্তিত সামরিক মানচিত্রের কারণে। আইসিজের রায়টি যেন এমন এক বাড়ির মালিকানা দলিলের মতো, যে বাড়িটি বর্তমানে তৃতীয় এক পক্ষের দখলে রয়েছে। রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে রয়েছে মাত্র তিনটি অঞ্চল, আর বাকি বিস্তীর্ণ ভূখণ্ড এবং বাংলাদেশের সাথে থাকা পুরো ২৭১ কিলোমিটার সীমান্ত এখন জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। 

উদ্বেগের বিষয় হলো— আরাকান আর্মি আইসিজের এই মামলার কোনো পক্ষ নয় এবং তাদের বিরুদ্ধেও রোহিঙ্গাদের ওপর নিপীড়ন ও গ্রাম জ্বালিয়ে দেয়ার গুরুতর অভিযোগ রয়েছে। রায় ঘোষণার পরও সংগঠনটি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এমন অবস্থায় মিয়ানমারের কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক চাপে নতি স্বীকার করলেও আরাকান আর্মির সম্মতি ও সহযোগিতা ছাড়া রাখাইনে একজন রোহিঙ্গাকেও নিরাপদে ফেরত পাঠানো বাস্তবসম্মত নয়।

বৈশ্বিক নানা সঙ্কটের কারণে রোহিঙ্গাদের জন্য মানবিক তহবিল ক্রমাগত সঙ্কুচিত হচ্ছে এবং চলতি ২০২৬ সালের জন্য প্রয়োজনীয় ৭১ কোটি ডলারের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৬৯ শতাংশ অর্থ পাওয়া গেছে। আঞ্চলিক দেশগুলোর মধ্যে মালয়েশিয়ায় নিবন্ধিত এক লাখ ৩৩ হাজারের বেশি রোহিঙ্গার চাপ কমাতে সম্প্রতি ১০ হাজার শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হলেও লাখ লাখ মানুষের সঙ্কটে তৃতীয় দেশে পুনর্বাসন কোনো স্থায়ী সমাধান হতে পারে না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নিরাপদ প্রত্যাবাসন শুরুর আশাবাদ ব্যক্ত করলেও মাঠপর্যায়ের বাস্তবতা ভিন্ন। 

আইসিজের রায় নিছক একটি কাগজের দলিল হিসেবে ফেলে না রেখে কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে বাংলাদেশকে অত্যন্ত বিচক্ষণতর পরিচয় দিতে হবে। পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়, বিশেষজ্ঞ, গবেষক এবং রোহিঙ্গা প্রতিনিধিদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা জরুরি, যারা ১৯১ পৃষ্ঠার এই রায়ের প্রতিটি আইনি মারপ্যাঁচ বিশ্লেষণ করে বাংলাদেশের করণীয় নির্ধারণ করবে। বাংলাদেশ সরাসরি মামলার পক্ষ না হলেও আশ্রয়দাতা দেশ হিসেবে ক্ষতিপূরণের পরবর্তী শুনানিতে গাম্বিয়া ও ইসলামী সহযোগিতা সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে আর্থিক ও পরিবেশগত ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরতে পারে। পাশাপাশি চলতি বছর জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে থাকার কূটনৈতিক সুযোগকে কাজে লাগিয়ে নিরাপত্তা পরিষদের সম্ভাব্য ভেটো এড়াতে সাধারণ পরিষদে জোরালো প্রস্তাব পাসের উদ্যোগ নিতে হবে এবং রায়ের আলোকে দ্বিপক্ষীয় অস্ত্র নিষেধাজ্ঞা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপে প্রভাবশালী দেশগুলোকে উদ্বুদ্ধ করতে হবে।

অতীতে জাতিসঙ্ঘের বিভিন্ন সংস্থাও মিয়ানমারে নিজেদের অবস্থান ধরে রাখতে গিয়ে রোহিঙ্গা প্রশ্নে নীরবতা পালন করেছিল, এমনকি ২০১৪ সালের আদমশুমারিতে রোহিঙ্গাদের বাদ দেয়ার ক্ষেত্রেও কারিগরি সহায়তাকারী সংস্থার দায় ছিল। এখন সেই দ্বৈতনীতি পরিহার করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর ওপর চাপ সৃষ্টির পাশাপাশি চীন, ভারত, জাপান ও আসিয়ানভুক্ত প্রতিবেশী দেশগুলোকে এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করতে হবে। আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক করিডোরের যেসব প্রস্তাব আলোচনায় রয়েছে, সেগুলোকে কৌশলগতভাবে ব্যবহার করে বেইজিং ও নয়াদিল্লির মাধ্যমে নেইপিডোর ওপর কার্যকর চাপ তৈরি করা যেতে পারে। 

আনুষ্ঠানিক স্বীকৃতি না দিয়েও রাখাইনের বর্তমান নিয়ন্ত্রক শক্তি আরাকান আর্মির সাথে একটি সুসংগঠিত ও প্রয়োজনভিত্তিক যোগাযোগের চ্যানেল তৈরি করা সময়ের দাবি, যাতে আন্তর্জাতিক বৈধতার প্রত্যাশায় থাকা এই গোষ্ঠীটি রোহিঙ্গাদের নাগরিক অধিকার ও নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়ে ইতিবাচক অবস্থান নিতে বাধ্য হয়। আন্তর্জাতিক বিচার আদালতের রায় মানবতার ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক হয়ে থাকবে ঠিকই; কিন্তু এই আইনি বিজয়কে রোহিঙ্গাদের ঘরে ফেরার বাস্তবতায় রূপ দিতে হলে বাংলাদেশ ও বিশ্বসম্প্রদায়কে এখনই সমন্বিত ও নিরবচ্ছিন্ন কূটনৈতিক লড়াই শুরু করতে হবে। 

লেখক : সাংবাদিক ও কলামিস্ট 

rintuanowar.com