
চট্টগ্রাম ব্যুরো
জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধানমন্ত্রী সম্প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরাও এটিকে ইতিবাচকভাবে দেখি। কিন্তু সরকারই জুলাই সনদ বাস্তবায়ন না করে জাতীয় ঐক্যের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ক্ষমতাসীন বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, গণভোটের রায়কে উপেক্ষা করে আপনারা জনগণের অধিকার ক্ষুণœ করছেন। প্রায় ৭০ শতাংশ ভোটে বিজয়ী গণভোটের রায়কে ৫০ শতাংশ সংসদীয় আসনের জোর দেখিয়ে প্রত্যাখ্যান করা যায় না। আপনারা জাতীয় ঐক্য চাইলে ৭০ ভাগ ভোটের গণরায়কে মেনে নিন। গণভোটের রায় মেনে নিলে জনগণই ইস্পাতকঠিন ঐক্য নিয়ে ফ্যাসিস্টকে মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যাবে। গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিস্টবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে।
তিনি শুক্রবার দুপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে প্রায় ১৫ হাজার শ্রমিক কাউন্সিলরের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম ও ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি অধ্যাপক আহসান উল্লাহ।
সম্মেলনে কাউন্সিলরদের অংশগ্রহণে নির্বাচন পরিচালনা করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, সহসভাপতি হারুনুর রশিদ খান, মজিবুর রহমান ভূঁইয়া ও মুহাম্মদ ইসহাক। এতে ২০২৭-২০২৮ সেশনের জন্য চট্টগ্রাম মহানগরী সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন এস এম লুৎফর রহমান। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আবু তালেব চৌধুরী।
সম্মেলনে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ও গীতিকার সাইফুল্লাহ মানসুর। শহীদ পরিবারের প্রতিনিধি ছিলেন সাবেক মন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে বিশিষ্ট লেখক ও অনুবাদক আলী আহমাদ মাবরুর।
এ ছাড়া বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি নুরুল হোসাইন, রাজনীতিবিদ শফিউল আলম প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









