
আনাদোলু ও আলজাজিরা
যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেও গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর হামলা ও গুলিবর্ষণ অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গতকাল ইসরাইলি বাহিনীর হামলায় দক্ষিণ, মধ্য ও উত্তর গাজার কয়েকটি এলাকায় এসব হামলায় এক শিশু ও দুই নারীসহ অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১১ জন।
মধ্য গাজার দেইর আল-বালাহে বেসামরিকদের লক্ষ্য করে ইসরাইলি সেনাদের গুলিতে মাথায় গুলিবিদ্ধ ৩১ বছর বয়সী ফিদা তুতাহ মারা যান। দক্ষিণ গাজার রাফাহর মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে গুলিতে ইসমাইল বেরদেভিল নামের এক শিশু নিহত হয়। এ ছাড়া উত্তর গাজার জাবালিয়া শহরে কয়েক দিন আগে ইসরাইলি ড্রোন হামলায় আহত ২৪ বছর বয়সী মুহসিন আহমদ বেহজেদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত বেড়ে ৭৩৯১৪
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৯১৪ জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভবনের ধ্বংসস্তূপ থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে এবং আহত একজনের মৃত্যু হয়েছে। ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক হাজার ৩৯৪ জন নিহত এবং চার হাজার ৮৩৯ জন আহত হয়েছেন। এ ছাড়াও ৮৩৪টি লাশ উদ্ধার করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকায় ৭৩ হাজার ৯১৪ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৪ হাজার ৯৫২ জন আহত হয়েছেন।







