
চট্টগ্রামের আনোয়ারায় কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এআইএসটি) পলিটেকনিক ইনস্টিটিউট হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাভ করেছে।
এ অনুমোদনের ফলে উপজেলায় মানসম্মত কারিগরি শিক্ষা বিস্তার এবং কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি তৈরির নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় আনোয়ারার কালাবিবির দিঘীর নতুন মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানটির হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রতিষ্ঠানের অনুমোদন, শিক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে আনোয়ারায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রযোজ্য অনুমোদন অনুযায়ী এখানে পুরকৌশল ও তড়িৎ প্রকৌশল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলছে।
চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে প্রথম দুই বছর বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আর্থিক সীমাবদ্ধতার কারণে যেন কোনো শিক্ষার্থী কারিগরি শিক্ষা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অধীন বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ ইমতিয়াজ হোসাইন বলেন, ‘আনোয়ারার তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভরশীল ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে তোলা-ই আমাদের লক্ষ্য। এ উদ্যোগ বাস্তবায়নে আমরা সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








