জরিমানা
চুয়াডাঙ্গায় অবৈধ সারের মজুদ ও কীটনাশক জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা। নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামে অবৈধভাবে রাসায়নিক সার মজুদ এবং অননুমোদিত কীটনাশক বিক্রির অপরাধে ‘সোহাগ স্টোর’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দোকানটি থেকে ৫৬ বস্তা অবৈধ সার এবং বিপুল পরিমাণ অননুমোদিত কীটনাশক জব্দ করা হয়। 

Advertisement

সোমবার (১২ অক্টোবর) রাতে এই ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম এই অভিযানের নেতৃত্ব দেন। বোয়ালমারি গ্রামের সোহাগ স্টোরে আকস্মিক অভিযান চালিয়ে সরকারি বিধিমালা লঙ্ঘন করে অবৈধভাবে লুকিয়ে রাখা ৫৬ বস্তা সার ও বিপুল পরিমাণ অননুমোদিত কীটনাশক উদ্ধার করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরি ও কৃষকদের সঙ্গে প্রতারণা করার উদ্দেশ্যে এসব সার অবৈধভাবে মজুদ করা হয়েছিল। অপরাধ স্বীকার করায় ‘সার ব্যবস্থাপনা আইন’ ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী ব্যবসায়ী সোহাগকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল সরকারি হেফাজতে নেয়া হয়।

তিনি আরো জানান, সারের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের এ ধরনের জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।