ভিসি
লিডিং ইউনিভার্সিটির চেয়ারম্যানের সাথে শাবিপ্রবিসহ ৩ বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ। নয়া দিগন্ত

যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ‘ম্যান অব দ্য সেঞ্চুরি গ্লোবাল পাওয়ার অ্যাওয়ার্ডস-২০২৬’ অর্জন এবং সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত সভাপতি ড. সৈয়দ রাগীব আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা জানিয়েছেন দেশের গুরুত্বপূর্ণ ৩ বিশ্ববিদ্যালয়ের ভিসি।

Advertisement

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এবং লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন সোমবার (১২ অক্টোবর) রাতে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলীর সাথে তার মালনীছড়া চা বাগানের বাংলোয় সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় ভিসিগণ ড. রাগীব আলীর গৌরবময় অর্জনের জন্য তাকে অভিনন্দন ও জন্মদিনের শুভেচ্ছা জানান।

একজন মানবিক, শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী মানুষ হিসেবে ড. সৈয়দ রাগীব আলী লন্ডনে অনুষ্ঠিত নেতৃত্ব, উদ্ভাবন, ব্যবসা ও অন্যান্য ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ম্যান অব দ্য সেঞ্চুরি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন ২০২৬-এ ড. সৈয়দ রাগীব আলী বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন।

এদিকে তার এই অর্জনের জন্য দেশ এবং দেশের বাইরে থেকে বিশিষ্টজনেরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।