
চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায় প্রতিষ্ঠান এরফান গ্রুপ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধ ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজ করতে বিনামূল্যে এক হাজার ২০০ পিস ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান করেছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব কিট হস্তান্তর করা হয়।
এ সময় এরফান গ্রুপের প্রতিনিধিরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি সবসময় জেলার মানুষের পাশে দাঁড়িয়েছে। জেলাজুড়ে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা এবং হাসপাতালে আসা দরিদ্র ও সাধারণ রোগীরা যাতে বিনামূল্যে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করাতে পারেন, সেই লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
এরফান গ্রুপবে ধন্যবাদ জানিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: জমির মো. হাসিবুস সাত্তার বলেন, এসব কিটের মাধ্যমে হাসপাতালে আসা সম্ভাব্য ডেঙ্গু রোগীদের দ্রুত পরীক্ষা ও সঠিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। বর্তমান সময়ে এ উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। সমাজের অন্যান্য বিত্তবান ব্যক্তি ও করপোরেট প্রতিষ্ঠানগুলো এভাবে এগিয়ে এলে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা আরো সহজ হবে।
এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মাহবুব হোসেন, এরফান গ্রুপের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, অ্যাডমিন অফিসার মো: রেজাউল করিম, ব্যবস্থাপনা পরিচালকের একান্ত সচিব আব্দুল্লাহ আল মামুন ফাহিম ও বিশিষ্ট ব্যবসায়ী সেলিম রেজা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এরফান গ্রুপ। করোনাকালীন সময়ে জেলাজুড়ে ত্রাণ বিতরণের পাশাপাশি শিক্ষা, সাহিত্য ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








