নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার শঙ্কা

নাটোর প্রতিনিধি
উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় একাধিক স্থানে সড়কের কিনারা ধসে পড়েছে। বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটলও। এতে যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নাটোর-বগুড়া মহাসড়ক দিয়ে বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার যানবাহন চলাচল করে। রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলের যোগাযোগেরও এটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক।
স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের উন্নয়নকাজ শেষ হওয়ার পর চৌগ্রাম এলাকার কয়েকটি স্থানে সড়কের পাশে ধস ও ফাটল দেখা দেয়। কোথাও পিচের স্তর ভেঙে মাটি ও পাথর সরে গিয়ে সড়কের মূল অংশের পাশের জায়গা ফাঁকা হয়ে গেছে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে নাটোর-বগুড়া মহাসড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়। এর অংশ হিসেবে শেরকোল থেকে চৌগ্রাম পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলতি বছর শেষ হয়েছে। তবে নিংগইন ও হাইটেক পার্ক এলাকায় দু’টি সেতুর নির্মাণকাজ এখনো চলছে।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের একাধিক স্থানে সড়কের কিনারা ভেঙে গেছে। কোথাও বালুর বস্তাসহ বিভিন্ন উপকরণ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় ১৫টি স্থানে এ ধরনের ভাঙন দেখা দিয়েছে। কোনো কোনো স্থানে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিও হেলে বা পড়ে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, উন্নয়নকাজ শেষ হওয়ার পরপরই ধস ও ফাটল দেখা দেয়ায় নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ধসের প্রকৃত কারণ এবং নির্মাণকাজে কোনো অনিয়ম হয়েছে কি না, তা সংশ্লিষ্ট দফতরের তদন্তের মাধ্যমে নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের পাশাপাশি নির্মাণকাজের মান যাচাইয়েরও দাবি তাদের।
নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম বলেন, তিনি নাটোরে দায়িত্ব পেয়েছেন অল্প কিছুদিন আগে। সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো দ্রুত পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়া হবে।