
নোয়াখালী সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোরগ্যাংয়ের তৎপরতা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী নারীরা।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রামের নারীরা এ মানববন্ধন আয়োজন করে।
মানববন্ধনে অংশ নেওয়া নারীদের অভিযোগ, গত কয়েক দিন ধরে অস্ত্রধারী কিছু বহিরাগত কিশোর ও যুবক দরবেশপুর গ্রামের সাধারণ মানুষের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাড়িঘরে হামলা ও পরিবারের সদস্যদের মারধর করা হচ্ছে। সন্ত্রাসীদের ভয়ে সন্ধ্যার পর নারীরা ঘর থেকে বের হতে নিরাপত্তাহীনায় ভুগছেন।
ভুক্তভোগীদের দাবি, সর্বশেষ রোববার রাতে ওই সন্ত্রাসীরা কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে। এ সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা প্রাণভয়ে সামছুন আর রশিদ জামে মসজিদে আশ্রয় নিলে সেখানেও হামলার শিকার হন।
মানববন্ধনে আরো অভিযোগ করা হয়, দাবিকৃত চাঁদা না দিলে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হলে তাদের ওপর হামলা চালানোর হুমকি দেয়া হচ্ছে। এ পরিস্থিতিতে এলাকায় স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।
কর্মসূচি থেকে অভিযুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার, চাঁদাবাজি ও হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানানো হয়।
পরে মানববন্ধনকারীদের একটি প্রতিনিধি দল পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিনের সাথে সাক্ষাৎ করে তাদের অভিযোগ ও দাবির কথা তুলে ধরেন।
এ সময় পুলিশ সুপার ভুক্তভোগীদের আশ্বস্ত করে বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এসব অপরাধে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








