জমি নিয়ে বিরোধে নলডাঙ্গায় হত্যাচেষ্টা মামলায় ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ
নলডাঙ্গায় থানায় গ্রেফতার দুই আসামি নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় জমি নিয়ে বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে হাসান নামে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে হত্যাচেষ্টার সময় দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে নলডাঙ্গা থানাধীন পেঁয়াজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার আসামিরা হলেন নলডাঙ্গা থানার ধোপাপুকুর এলাকার মো: আনিসুর রহমানের ছেলে মো: রিফাত (২০) এবং একই এলাকার মো: হানিফের ছেলে মো: মাসুদ রানা (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে উক্ত সময়ে আসামি রিফাত ও মাসুদ রানাসহ তাদের কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হাসানকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। ওই সময় ঘটনাস্থলের কাছেই নলডাঙ্গা থানা পুলিশের একটি টহল দল অবস্থান করছিল। ঘটনাটি দেখতে পেয়ে টহল পুলিশ দ্রুত এগিয়ে এসে ঘটনাস্থল থেকেই রিফাত ও মাসুদ রানাকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে আসামি রিফাতের প্যান্টের পেছনে গোঁজা অবস্থায় একটি দেশীয় চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান জানান, এ ঘটনায় জড়িত গ্রেফতার আসামিসহ তাদের পলাতক সহযোগীদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।