সংক্ষিপ্ত সংবাদ


কলেজ হোস্টেল থেকে ইয়াবা উদ্ধার
কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা ছাত্রী হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরিফা (২১) নামে এক ছাত্রীকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। শরিফা কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টেকনাফের হ্নীলা এলাকায়। সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় হোস্টেলে অভিযান চালিয়ে শরিফার হেফাজত থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফা জানিয়েছেন, হ্নীলা থেকে তার এক আন্টি পার্সেলের মাধ্যমে ইয়াবাগুলো পাঠিয়েছিলেন। এ ঘটনায় একটি চক্র জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। কক্সবাজার অফিস।
 
বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু
কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে পুরাতন থানা এলাকায় ইসলামিয়া সুপার মার্কেটের সামনে আবদুস সামাদ প্লাজার পাঁচতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) ও হোসেনপুর উপজেলার সাব্বির (২৫)। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভবনের ছাদে নির্মাণকাজ চলাকালে নিচ থেকে রড ওপরে তোলার সময় সেটি পার্শ্ববর্তী হাইভোল্টেজ বিদ্যুতের তারে স্পর্শ করে। এতে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম ভূঞা জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জ প্রতিনিধি।

সীমান্তে ইয়াবা সরঞ্জামসহ আটক ১
নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে মাদক সেবন ও কারবারের অভিযোগে সেলিম রহমান (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। গত রোববার রাতে ঠাকুরগঞ্জ বাজারসংলগ্ন সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। সেলিম উপজেলার মধ্যছাতনাই গ্রামের মৃত আমিনুর রহমানের ছেলে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫১ বিজিবির বালাপাড়া বিওপির একটি দল হাবিলদার মো: মোজাম্মেল হকের নেতৃত্বে অভিযান চালায়। সীমান্ত পিলার ৭৯১/৩-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সেলিমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি ইয়াবা সেবনের পাইপ, তিনটি ফয়েল পেপার, দুইটি মোবাইল ফোন, তিনটি সিম ও নগদ টাকা উদ্ধার করা হয়। জব্দ আলামতের মূল্য ৩০ হাজার ৩০০ টাকা। পরে তাকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে। ডিমলা (নীলফামারী) সংবাদদাতা। 

ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নে বকেয়া ইন্টারনেট বিল চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আমজাদ ভূঁইয়ার বিরুদ্ধে। গতকাল সোমবার হাজিরপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহত বেলাল ইউনিয়নের আবুল কাশেমের ছেলে। তিনি লক্ষ্মীপুর কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যবস্থাপক ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী। বেলাল অভিযোগ করেন, আমজাদের কাছে চার মাসের ইন্টারনেট বিল বকেয়া ছিল। বিল না দেয়ায় নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে আমজাদের নেতৃত্বে ৮-১০ জন তার অফিসে গিয়ে লোহার রড দিয়ে হামলা চালায়। এতে তার দুই হাত ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি। চন্দ্রগঞ্জ থানার ওসি আবদুর রব বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। লক্ষ্মীপুর প্রতিনিধি।

নলডাঙ্গা থানার ওসি পুরস্কৃত
নাটোরের নলডাঙ্গায় দুর্ঘটনাকবলিত রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা থেকে ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার ও চারজনকে গ্রেফতারের ঘটনায় গত রোববার থানার ওসি মনোয়ার জাহানকে আর্থিক পুরস্কার দিয়েছেন পুলিশ সুপার। থানা সূত্র জানায়, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে নলডাঙ্গা পৌরসভার বুড়িরভাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় দুর্ঘটনাকবলিত অটোরিকশা থেকে ফেলে রাখা গাঁজা উদ্ধার এবং ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়। ওসি মনোয়ার জাহান বলেন, এ সাফল্য টিমের সব সদস্যদের। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা।

ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেফতার
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো: লাবু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে লোহাগড়া থানার ওসি মো: শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ শালনগর ইউনিয়ন পরিষদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, লাবু মিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগে লোহাগড়া থানায় দু’টি মামলা রয়েছে। মামলা দু’টির একটি ২০২৪ সালের ১৩ নভেম্বর এবং অপরটি ৯ ডিসেম্বর দায়ের করা হয়। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওসি শরিফুল ইসলাম জানান, নাশকতার দুই মামলায় লাবু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো 
হয়েছে। লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা।

মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
নওগাঁর পোরশায় ভ্রাম্যমাণ আদালতে কাওছার হাবিব (২৫) নামে এক মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি উপজেলার পুরইল গ্রামের আবুল হোসেনের ছেলে। গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও রাকিবুল ইসলাম। আদালত সূত্র জানায়, মাদক সেবনের অপরাধে কাওছার হাবিবকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরো তিন দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার পরই তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। পোরশা (নওগাঁ) সংবাদদাতা।

আ’লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে সাভার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন ও আমিনবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: আকাশ রয়েছেন। গত রোববার দুপুর থেকে সোমবার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয়। পরে আরো একজন আটক হন। সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, ৯ জনকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। অপরজনকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে। পুলিশ জানায়, গ্রেফতাররা সাভারে নিষিদ্ধ আ’লীগের পক্ষে ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। সাভার (ঢাকা) সংবাদদাতা।