২০২৭ বিশ্বকাপেই শেষ দেখছেন কোহলি

ক্রীড়া ডেস্ক
ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে আরেকবারই দেখা যাবে বিরাট কোহলিকে। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে নিজের শেষ বিশ্বকাপ হিসেবে ঘোষণা করেছেন ভারতের এই তারকা ব্যাটার।
গতকাল সম্প্রচারমাধ্যম জিওস্টারকে কোহলি বলেন, ‘আমার জন্য এটাই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ। এটাই আমার প্রেরণা। সবকিছু উজাড় করে দিতে চাই। অবশ্যই লক্ষ্য বিশ্বকাপ জেতা এবং এর জন্য যা কিছু করা প্রয়োজন, আমি তার জন্য পুরোপুরি প্রস্তুত।’
৩৭ বছর বয়সী কোহলি ওয়ানডেতে ৫৪টি সেঞ্চুরি করেছেন, যা এই সংস্করণে সর্বোচ্চ। ১৪,৯৪১ রান নিয়ে ওয়ানডেতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। তার ওপরে আছেন শুধু শচিন টেন্ডুলকার, যার সংগ্রহ ১৮ হাজার ৪২৬ রান।
কোহলি এরইমধ্যে টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে এখন শুধু ওয়ানডেতেই ভারতের প্রতিনিধিত্ব করছেন তিনি। ২০১১ সালে দেশের মাটিতে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন কোহলি। তবে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় ভারতের।
২০২৭ বিশ্বকাপ হবে কোহলির পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ। অক্টোবর-নভেম্বরে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। এ দিকে ভারতের আরেক সাবেক অধিনায়ক রোহিত শর্মাও শুধু ওয়ানডে খেলছেন। বিশ্বকাপ নিয়ে তারও আগ্রহ অটুট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে কোহলি ও রোহিত দু’জনই আছেন। সিরিজের প্রথম ম্যাচ রোববার তিরুবনন্তপুরমে।