মহেশখালীতে ১৩ হাজার কোটি টাকায় আসছে এলএনজি ভাসমান টার্মিনাল

 সৈয়দ সামসুজ্জামান নীপু

Advertisement

মাত্র দু’টি ভাসমান এলএনজি টার্মিনালের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে যেকোনো সামুদ্রিক দুর্যোগ বা কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে যে প্রায় ২০ শতাংশ গ্যাসের ঘাটতি দেখা দেয়, তা থেকে মুক্তির পথ খুঁজছে সরকার। এলএনজি আমদানির এই এককেন্দ্রিক ঝুঁকি এড়াতে এবং ভবিষ্যতের ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথ মসৃণ করতে মহেশখালীতে চীনের সহায়তায় বসছে আরো একটি নতুন এফএসআরইউ (ভাসমাস এলএনজি টার্মিনাল)। প্রায় ১৩ হাজার ২৪ কোটি টাকার এই বিশাল আর্থিক ব্যয়ের প্রকল্পটির মাধ্যমে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার লাগাম টেনে ধরতে চায় নীতিনির্ধারক মহল।
চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ‘চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোং লিমিটেড’ (সিএনইই) বাংলাদেশ সরকারের সাথে জি-টু-জি পদ্ধতি এই এফএসআরইউ নির্মাণ করবে। বর্তমানে দেশে দু’টি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে। এর একটি মার্কিন কোম্পনি এক্সিলেটরের এবং অন্যটি দেশীয় কোম্পানি সামিটের। প্রথম জাহাজটি ২০১০ সালে নির্মিত এবং পরেরটি সামিটের জাহাজ ২০১২ সালের তৈরি। অন্য দিকে চীন যে জাহাজের মাধ্যমে এফএসআরইউ করবে তা ২০১৬ সালে নির্মিত বলে জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। 
জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চীনের তৈরি এফএসআরইউ ফি হবে অন্য দু’টির চেয়ে ‘বেশি’। কিন্তু কতখানি বেশি তা তারা প্রকাশ করেনি। এখন এই প্রস্তাবিত অনুমোদনের জন্য আজ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উত্থাপন করা হচ্ছে। এর আগে গত মাসেও এই প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। কিন্তু তখন দেখা গেছে, এই এফএসআরইউ ফি আগের দু’টির চেয়ে ৩৪ শতাংশ বেশি। পরে সেটি মন্ত্রিসভা অনুমোদন না করে ফেরত পাঠিয়ে দেয়। 
জানা গেছে, জ্বালানি মন্ত্রণালয়ের দরকষাকষি কমিটি ২০১৬ সালে নির্মিত এক লাখ ৭৪ হাজার ঘনমিটার ধারণক্ষমতার জাহাজ এবং ১৫ বছরের বিওও (বিল্ড-অন-অপারেট) চুক্তির সুপারিশ করেছে। মন্ত্রিসভা কমিটির সামনে দু’টি বিকল্প রাখা হয়েছে। এগুলো হলো-
১৫ বছর : দৈনিক ফি ৩ লাখ ৪২ হাজার ডলার। মোট ফি ১ হাজার ৮৭২ দশমিক ৪৫ মিলিয়ন ডলার, প্রায় ২৩ হাজার ৩১ কোটি টাকা। ১২ শতাংশ ছাড়ে বর্তমান মূল্য ১ হাজার ২ মিলিয়ন ডলার, প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা।
২০ বছর : দৈনিক ফি ৩ লাখ ২৯ হাজার ডলার। মোট ফি ২ হাজার ৪০১ দশমিক ৭০ মিলিয়ন ডলার, প্রায় ২৯ হাজার ৫৪১ কোটি টাকা। বর্তমান মূল্য ১ হাজার ৭০ মিলিয়ন ডলার, প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।
হিসাব ধরা হয়েছে প্রতি ডলার ১২৩ টাকা দরে। দীর্ঘ মেয়াদে দৈনিক ফি প্রায় ৩.৮ শতাংশ কম হলেও মোট দায় বাড়ে প্রায় ৬ হাজার ৫১০ কোটি টাকা। বর্তমান মূল্যের হিসাবেও ব্যবধান প্রায় ৮৩৭ কোটি টাকা।
‘বেশি’ ফির ব্যাখ্যা : জ¦ালানী মন্ত্রণালয় থেকে বেশি ফি-এর ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে- মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বৈশ্বিক এলএনজি বাজারের অনিশ্চয়তা, এফএসআরইউর বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধি, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং ১৮-২৪ মাসের মধ্যে স্থাপনের সময়সীমার কারণে ফি বেশি।
পাল্টা সুবিধা হিসেবে বলা হয়েছে, বিদ্যমান দু’টির ধারণক্ষমতা এক লাখ ৩৮ হাজার ঘনমিটার, জি টু জি ভিত্তিতে প্রস্তাবিত অন্য জাহাজের এক লাখ ৭০ হাজার। সিএনইইর জাহাজ এক লাখ ৭৪ হাজার ঘনমিটার, নির্মাণ ২০১৬ সালে, আর অন্যগুলোর ২০১০ ও ২০১২ সালে। বড় কার্গো নেয়া যাবে বলে প্রতি এমএমবিটিইউ আমদানি ব্যয় প্রায় ০.০৫০.১০ ডলার কমতে পারে। রক্ষণাবেক্ষণজনিত বন্ধ থাকার সময়ও কম হবে বলে দাবি করা হয়েছে।
এ দিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের পাইপলাইনে দেশীয় গ্যাস উৎপাদনে দৈনিক প্রকৃত চাহিদা পূরণে বড় ধরনের ঘাটতি রয়েছে। দেশে বর্তমানে দেশীয় গ্যাসের দৈনিক প্রকৃত উৎপাদন প্রায় ৫৩০ কোটি ঘনফুট এবং অনুমোদিত চাহিদা ৩৮০ কোটি  ঘনফুট (বিকল্প হিসেবে দেশীয় গ্যাস থেকে দৈনিক প্রায় ১৬০ কোটি   ঘনফুট ও এলএনজি থেকে প্রায় ১০০ কোটি ঘনফুট সরবরাহ করা হয়)।   
জানা গেছে, বর্তমানে মহেশখালীতে ৬০০ এমএমএসসিএফডি এবং ৫০০ এমএমএসসিএফডি ক্ষমতার দু’টি এফএসআরইউ চালু থাকলেও, এগুলোর মাধ্যমে আমদানিকৃত গ্যাস জাতীয় গ্রিডে পুরোপুরি সরবরাহ করা সম্ভব হয় না। দু’টি এফএসআরইউ থেকে দৈনিক প্রায় ১০০০ এমএমএসসিএফডির বেশি গ্যাস সরবরাহ করা যায় না। ফলে দৈনিক প্রায় ১২০ কোটি থেকে ২৬০ কোটি  ঘনফুট গ্যাসের ঘাটতি থেকে যাচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদন, সার কারখানা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে। গ্যাসের অভাবে অনেক নতুন শিল্পপ্রতিষ্ঠানে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না এবং দেশীয় গ্যাস উৎপাদনও প্রতি বছর হ্রাস পাচ্ছে।   
নতুন টার্মিনালের প্রয়োজনীয়তা ও ঝুঁকি মোকাবেলা : জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিকল্পনা অনুযায়ী আগামী দিনে শিল্পায়ন ও বিনিয়োগ বাড়লে গ্যাসের চাহিদা আরো বহুগুণ বৃদ্ধি পাবে। বর্তমান অবকাঠামো দিয়ে এই ক্রমবর্ধমান চাহিদা মেটানো সম্ভব নয়।   
 বর্তমানে মাত্র দু’টি এফএসআরইউর ওপর সম্পূর্ণ নির্ভরতার কারণে কোনো একটি টার্মিনালে কারিগরি ত্রুটি, নিয়মিত রক্ষণাবেক্ষণ, দুর্ঘটনা বা প্রতিকূল আবহাওয়া দেখা দিলে জাতীয় গ্রিডে প্রায় ২০ শতাংশ গ্যাস সরবরাহ বিঘিœত বা ঘাটতি সৃষ্টি হয়। এই ঝুঁকি এড়াতে এবং বিকল্প সক্ষমতা তৈরি করতে একটি নতুন এফএসআরইউ স্থাপন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।   
চীনা প্রতিষ্ঠানের প্রস্তাব এবং আর্থিক বিশ্লেষণ : প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়নের জন্য চীনের ‘চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোং লিমিটেড’ (সিএনইই) জিটুজি পদ্ধতিতে কুতুবজোমে এফএসআরইউ স্থাপনের প্রস্তাব পাঠায়। পরে নেগোসিয়েশন কমিটির চুলচেরা বিশ্লেষণ ও বিভিন্ন বিকল্প পর্যালোচনার পর শেষ পর্যন্ত ২০১৬ সালে নির্মিত ১,৭৪,০০০ ঘনমিটার ধারণক্ষমতা সম্পন্ন এফএসআরইউ গ্রহণের সুপারিশ করেছে বলে জানা গেছে।    
জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে,বিশ্লেষণে দেখা যায়, ২০১৬ সালে নির্মিত এই টার্মিনালটির ধারণক্ষমতা ও কারিগরি সুবিধা তুলনামূলকভাবে উন্নত। তাছাড়া বড় এলএনজি কার্গো গ্রহণের সক্ষমতা থাকায় দীর্ঘমেয়াদে আমদানি ব্যয় সাশ্রয় এবং ডাউনটাইম (কার্যক্রম বন্ধ থাকার সময়) কম হবে।   
এ দিকে জিটুজি পদ্ধতির সুবিধার বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে,পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) ২০২৫ অনুযায়ী উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে চুক্তি সম্পন্ন করতে যেখানে ছয় থেকে সাত মাস সময় লাগে, সেখানে জিটুজি প্রক্রিয়ায় মহেশখালীর কুতুবজোমে এফএসআরইউ স্থাপন তুলনামূলক কম সময়ে (প্রায় দুই থেকে তিন মাস) সম্পন্ন করা সম্ভব। পাশাপাশি টার্মিনাল ইউজ অ্যাগ্রিমেন্ট (টিইউএ) এবং ইমপ্লিমেন্টেশন অ্যাগ্রিমেন্ট (আইএ) চূড়ান্তকরণের মাধ্যমে দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।   
সব মিলিয়ে, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে, শিল্পের চাকা সচল রাখতে এবং সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই করতে মহেশখালীতে এই নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন দেশের জ্বালানি নিরাপত্তা সুরক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে বলে মনে করে জ্বালানি মন্ত্রণালয়।