
- বিশ্বকে ধ্বংসের পথ থেকে ফেরাতে জীবাশ্ম জ্বালানি বন্ধের আহ্বান জাতিসঙ্ঘ মহাসচিবের
- কপ৩১-এর অংশীদার তেল শোধনাগার, কয়লাবিদ্যুৎ ও খনিশিল্পের প্রতিষ্ঠান
জলবায়ু সঙ্কট মোকাবেলায় বিশ্ব যে গতিতে পদক্ষেপ নিচ্ছে, তার চেয়ে দ্রুত ঘনীভূত হচ্ছে বিপর্যয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে পরিচ্ছন্ন জ্বালানিতে দ্রুত রূপান্তরের আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার সতর্কবার্তা, জলবায়ু সঙ্কট বিশ্বকে এমন পরিণতির দিকে ঠেলে দিচ্ছে, যার শেষ পরিণতি হতে পারে পারস্পরিক ধ্বংস। অথচ জলবায়ু পরিবর্তন মোকাবেলার আন্তর্জাতিক সম্মেলন কপ৩১-এর গুরুত্বপূর্ণ অংশীদার ও পৃষ্ঠপোষকদের তালিকায় রয়েছে তেল শোধনাগার, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, খনি ও জীবাশ্ম জ্বালানি অবকাঠামোর সাথে যুক্ত বড় করপোরেট প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও রাশিয়াসহ কয়েকটি প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধানেরা সম্মেলনে অনুপস্থিত থাকলেও জ্বালানি খাতের বড় ব্যবসায়ীরা অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
এতে জলবায়ু রক্ষার আন্তর্জাতিক মঞ্চে জীবাশ্ম জ্বালানি ব্যবসায়ীদের প্রভাব, করপোরেট স্বার্থ এবং পরিবেশগত দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে।
গতকাল বুধবার তুরস্কের আন্তালিয়ায় কপ৩১ সম্মেলনের তৃতীয় দিনে বিশ্বনেতাদের উদ্দেশে বক্তব্যে গুতেরেস বলেন, ‘নির্মম সত্য হলো, জলবায়ু সঙ্কট আমাদের ছাড়িয়ে যাচ্ছে। আমরা এমন এক পথে এগোচ্ছি, যার পরিণতি হবে পারস্পরিক ধ্বংস।’ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, বিজ্ঞান হাল ছেড়ে দিতে বলছে না; বরং আরো জোরালোভাবে লড়াইয়ের আহ্বান জানাচ্ছে। জীবাশ্ম জ্বালানিকে ডাইনোসরের মতোই অতীতের বিষয় করে তুলতে হবে।
গুতেরেসের মতে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা জলবায়ুর পাশাপাশি অর্থনীতির জন্যও বড় ঝুঁকি। বিশ্বের প্রায় তিন-চতুর্থাংশ মানুষ জীবাশ্ম জ্বালানি আমদানিনির্ভর দেশে বাস করে। আন্তর্জাতিক সঙ্ঘাত ও সরবরাহ বিঘিœত হলে তাদের জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা বহন করতে হয়।
তেল শোধনাগার ও কয়লাবিদ্যুৎ প্রতিষ্ঠানের অংশীদারত্ব : কপ৩১-এর সরকারি ওয়েবসাইটে কোচ হোল্ডিংকে গ্লোবাল বিজনেস পার্টনার, সাবাঞ্চি হোল্ডিংকে ইলেকট্রিফিকেশন পার্টনার এবং চেঙ্গিজ হোল্ডিংকে ইমপ্লিমেন্টেশন পার্টনার হিসেবে দেখানো হয়েছে। লিমাক ও আইসি হোল্ডিং রয়েছে ক্লাইমেট সাপোর্টার তালিকায়। এসব প্রতিষ্ঠানের কয়েকটির ব্যবসার বড় অংশ এখনো জীবাশ্ম জ্বালানিনির্ভর।
কোচ হোল্ডিংয়ের জ্বালানি প্রতিষ্ঠান তুপরাস তুরস্কের বৃহত্তম তেল শোধনাগার পরিচালনা করে। চারটি শোধনাগারে অপরিশোধিত তেল পরিশোধন করে পেট্রল, ডিজেল ও বিমান জ্বালানি উৎপাদন করা হয়। ২০৫০ সালের মধ্যে কার্বন-নিরপেক্ষ হওয়ার লক্ষ্য থাকলেও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে কোচ ও তুপরাস কার্বন নিঃসরণ কমানোর কয়েকটি লক্ষ্যমাত্রা শিথিল করেছে। কোচের ২০৩০ সালের লক্ষ্যমাত্রা ২৭ শতাংশ থেকে ২০ শতাংশ এবং তুপরাসের ২০৩৫ সালের লক্ষ্য ৩৫ শতাংশ থেকে ২৫ শতাংশে নামানো হয়েছে। কোচ গোষ্ঠীর মোট কার্বন ফুটপ্রিন্টের প্রায় ৯৭ শতাংশই পেট্রল, ডিজেল ও বিমান জ্বালানির ব্যবহারের ফলে সৃষ্ট পরোক্ষ নিঃসরণ। সাবাঞ্চি হোল্ডিংয়ের জ্বালানি প্রতিষ্ঠান এনারজিসা উরেতিম আদানার তুফানবেইলি এলাকায় ৪৫০ মেগাওয়াট ক্ষমতার লিগনাইটভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করে। জলবিদ্যুৎ, বায়ু ও সৌরবিদ্যুতে বিনিয়োগ থাকলেও প্রতিষ্ঠানটির উৎপাদনের একটি অংশ এখনো কয়লা ও গ্যাসনির্ভর।
অন্য দিকে চেঙ্গিজ হোল্ডিংয়ের সাথে সংশ্লিষ্ট সিএনএএল বিদ্যুৎকেন্দ্রটি চানাক্কালের কারাবিগায় অবস্থিত। আমদানি করা কয়লাভিত্তিক কেন্দ্রটির উৎপাদনক্ষমতা এক হাজার ৩২০ মেগাওয়াট। টার্কি আনফোল্ডিংয়ের ২ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রটির পাশে আরো এক হাজার ৫০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়ে গত ২৬ অক্টোবর গ্রিনপিস তুরস্ক প্রতিবাদ করে।
লিমাক ও আইসি হোল্ডিংয়ের যৌথ মালিকানাধীন ইয়েনিকয়-কেমেরকয় এনার্জি মুগলা অঞ্চলে দু’টি লিগনাইট-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করে। কেন্দ্র দু’টির সম্মিলিত ক্ষমতা এক হাজার ১০০ মেগাওয়াটের বেশি। কয়লা সরবরাহের জন্য আকবেলেন বনের আশপাশে খনি সম্প্রসারণের উদ্যোগ স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীদের প্রতিবাদের কারণ হয়েছে। তাদের অভিযোগ, এতে বনভূমি, জলপাইবাগান, কৃষিজমি ও পানিসম্পদ হুমকির মুখে পড়ছে। গত ১০ জানুয়ারি ছয় এলাকার ৬৭৯টি জমি কয়লাখনি সম্প্রসারণে অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
বিদ্যুতায়ন বনাম কয়লানির্ভরতা : তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৫ সালে দেশটির মোট বিদ্যুৎ উৎপাদনের ৩৪ দশমিক ১ শতাংশ এসেছে কয়লাভিত্তিক কেন্দ্র থেকে। উৎপাদনের পরিমাণ ছিল এক লাখ ২০ হাজার ৮৫৫ গিগাওয়াট ঘণ্টার বেশি। ২০২৬ সালের জুন পর্যন্ত দেশটিতে ৬৮টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু ছিল। অন্য দিকে এমবারের প্রতিবেদন অনুযায়ী, বায়ু ও সৌরবিদ্যুৎ থেকে এসেছে মোট উৎপাদনের প্রায় ২২ শতাংশ।
কপ৩১-এর আয়োজক তুরস্ক ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ২০ শতাংশের কিছু বেশি থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব দিয়েছে। পরিবহন, শিল্প ও ভবন খাতে নিঃসরণ কমানো এর লক্ষ্য। তবে বিদ্যুতের ব্যবহার বাড়লেও উৎপাদন যদি কয়লা, তেল ও গ্যাসনির্ভর থাকে, তাহলে নিঃসরণ কমানোর লক্ষ্য কতটা অর্জিত হবে- তা নিয়ে প্রশ্ন রয়েছে।
স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে বিতর্ক : কপ৩১-এর অংশীদারদের মধ্যে বিবিভিএ গ্রুপ, গারান্তি বিবিভিএ, জিরাত ব্যাংক, হাল্কব্যাংক ও ভাকিফব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানও রয়েছে। এসব ব্যাংক ঋণ ও বিনিয়োগের মাধ্যমে জীবাশ্ম জ্বালানিসংশ্লিষ্ট প্রকল্প সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে। গারান্তি বিবিভিএ নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও খনিতে অর্থায়ন বন্ধ এবং ২০৪০ সালের মধ্যে কয়লাসংশ্লিষ্ট অর্থায়ন থেকে বেরিয়ে আসার নীতি ঘোষণা করেছে। তবে এসব নীতির বাস্তব প্রয়োগ যাচাই করা প্রয়োজন।
স্পন্সর ও অংশীদার নির্বাচনের সিদ্ধান্ত মূলত তুরস্ক সরকারের। আয়োজক দেশ চুক্তিতে আপত্তিকর প্রতিষ্ঠানের সাথে অংশীদারত্বের বিষয়ে ইউএনএফসিসিসি সচিবালয়ের সাথে পরামর্শের বিধান রয়েছে। কিন্তু প্রতিষ্ঠান নির্বাচনে কী পরিবেশগত মানদণ্ড অনুসরণ করা হয়েছে, তা স্পষ্ট নয়।
১৭টি পরিবেশ ও জলবায়ুবিষয়ক সংগঠনের জোট ‘ইক্লিম আগি’ অভিযোগ করেছে, কপ৩১ সভাপতির সাথে বৈঠকের অনুরোধ জানিয়েও তারা সাড়া পায়নি। এজিয়ান পরিবেশ ও সংস্কৃতি প্ল্যাটফর্মও জীবাশ্ম জ্বালানিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্মেলনের অংশীদার করার সমালোচনা করেছে। তাদের আশঙ্কা, পরিবেশগত ক্ষতির অভিযোগ থাকা প্রতিষ্ঠানগুলোকে জলবায়ুবান্ধব হিসেবে উপস্থাপনের মাধ্যমে গ্রিনওয়াশিংয়ের সুযোগ তৈরি হচ্ছে।
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান বলেন, গ্লাসগো, শার্ম আল-শেখ, দুবাই ও বাকুর পর আনতালিয়াতেও জলবায়ু সম্মেলনে ব্যবসায়ীদের প্রভাব বাড়ছে। বিশেষ করে পেট্রোলিয়াম ও জীবাশ্ম জ্বালানি খাতের লবিস্টদের উপস্থিতি বেড়েছে; তারা সম্মেলনের প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করছেন।
তিনি বলেন, কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম (সিবিএএম) বাংলাদেশের জন্য বড় উদ্বেগ। ইউরোপের বাজারে কার্বন নিঃসরণনির্ভর পণ্যের ওপর কর আরোপের প্রভাব ভবিষ্যতে তৈরি পোশাক খাতেও পড়তে পারে। বাংলাদেশের রফতানি আয়ের বড় অংশ এ খাত থেকে আসে এবং লাখ লাখ শ্রমিক এর সাথে যুক্ত। ফলে সিবিএএমের আওতা বাড়লে অর্থনীতি ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
জলবায়ু ন্যায্যতার দাবিতে বাংলাদেশ : কপ৩১-এ বাংলাদেশের অন্যতম দাবি জলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদান নিশ্চিত করা। বাংলাদেশ প্রতিনিধিদলের ডেপুটি পার্টি হেড ড. সাইমুম পারভেজ বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের কারণে দেশটি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। তাই অভিযোজন, প্রশমন এবং লস অ্যান্ড ড্যামেজ তহবিল বাড়ানোর দাবি জানানো হচ্ছে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়, এমন দেশগুলোর ওপর ঋণের বোঝা চাপানো ন্যায়সঙ্গত নয়।
তিনি জানান, ক্লাইমেট ভালনারেবল ফোরাম ও স্বল্পোন্নত দেশগুলোর জোটের মাধ্যমে ঝুঁকিপূর্ণ দেশগুলোর দাবি তুলে ধরছে বাংলাদেশ। জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তর, শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্ব দেয়া হচ্ছে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ ও ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কর্মসূচি নেয়া হয়েছে।
গুতেরেসের সতর্কবার্তা এবং কপ৩১-এর অংশীদারদের ব্যবসায়িক কর্মকাণ্ড জলবায়ু কূটনীতির মৌলিক দ্বন্দ্বটি সামনে এনেছে- যে শিল্পের নিঃসরণ জলবায়ু সঙ্কটকে তীব্র করছে, সেই শিল্পের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে জলবায়ু সম্মেলনের গুরুত্বপূর্ণ অংশীদার করার ক্ষেত্রে পরিবেশগত দায়বদ্ধতা কিভাবে নিশ্চিত করা হচ্ছে? জলবায়ু রক্ষার নামে দূষণকারী প্রতিষ্ঠানের ভাবমূর্তি পুনর্গঠনের সুযোগ তৈরি হলে সম্মেলনের বিশ্বাসযোগ্যতাই প্রশ্নবিদ্ধ হবে। তাই প্রতিশ্রুতির পাশাপাশি করপোরেট জবাবদিহি, স্বচ্ছ অর্থায়ন এবং জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার সুনির্দিষ্ট সময়সীমা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








