
- উচ্চাভিলাষী বাজেটের হিসাব ভেঙে পড়ছে
- ভ্যাট আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি
- অর্থনীতির শ্লথগতিতে বাড়ছে রাজস্ব সঙ্কট
চলতি অর্থবছরের প্রথম চার মাসেই রাজস্ব আদায়ে ৫০ হাজার কোটি টাকার বেশি ঘাটতি সরকারের বাজেট বাস্তবায়ন ও আর্থিক ব্যবস্থাপনার সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাথমিক হিসাবে, জুলাই-অক্টোবরে প্রায় এক লাখ ৭৮ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে এক লাখ ২৮ হাজার কোটি টাকারও কম; অর্থাৎ লক্ষ্যমাত্রার প্রায় ২৮ শতাংশ ঘাটতি। শুধু লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা নয়, গত বছরের তুলনায় রাজস্ব প্রবৃদ্ধির গতি কমে যাওয়া এবং ভ্যাট আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি অর্থনীতির অভ্যন্তরীণ দুর্বলতারও ইঙ্গিত দিচ্ছে।
সমস্যাটিকে কেবল এনবিআরের প্রশাসনিক ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই। এর সাথে জড়িয়ে আছে বিনিয়োগে স্থবিরতা, সরকারি উন্নয়ন প্রকল্পের ধীর বাস্তবায়ন, উচ্চ মূল্যস্ফীতি, শিল্প ও ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্কোচন এবং করব্যবস্থার কাঠামোগত দুর্বলতা। অন্য দিকে বাস্তব অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা না করে রাজস্বের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ পরিস্থিতিকে আরো জটিল করেছে।
এনবিআরের প্রাথমিক হিসাব অনুসারে, চার মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি টাকার চলতি মূল্যে ৬ শতাংশের নিচে। অথচ আগের অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ১৬ শতাংশের বেশি; অর্থাৎ রাজস্ব আদায় বাড়লেও সেই বৃদ্ধির গতি উল্লেখযোগ্যভাবে কমেছে।
লক্ষ্যমাত্রা ও বাস্তবতার বড় ব্যবধান : ২০২৬-২৭ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ছয় লাখ চার হাজার কোটি টাকা। আগের অর্থবছরের প্রকৃত আদায়ের তুলনায় এটি প্রায় ৪৫ শতাংশ বেশি। অথচ বাংলাদেশ ব্যাংকের রাজস্বসংক্রান্ত ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে মোট রাজস্ব আদায় হয়েছিল চার লাখ ৭৬ হাজার ২৪৭ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ১২ দশমিক ৭ শতাংশ বেশি; অর্থাৎ গত অর্থবছরে প্রায় ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পর এবার আগের বছরের চূড়ান্তÍ বড় ধরনের ঘাটতি থাকায় প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ দাঁড়ায় ৪৫ শতাংশ। অর্থনীতির স্বাভাবিক সম্প্রসারণ, করের আওতা বৃদ্ধি এবং প্রশাসনিক দক্ষতার মাধ্যমে এক বছরে এত বড় প্রবৃদ্ধি অর্জন কতটা বাস্তবসম্মত- বাজেট প্রণয়নের সময়ই সেই প্রশ্ন উঠেছিল।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনও লক্ষ্যমাত্রাটিকে অর্জনযোগ্য নয় বলে সতর্ক করেছিলেন। চার মাসের হিসাব সেই আশঙ্কাকেই সামনে এনেছে।
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজস্ব আদায়ের লক্ষ্য ও বাস্তব আদায়ের তুলনায় কোন হিসাব ব্যবহার করা হচ্ছে, তা স্পষ্ট করা। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২০২৫-২৬ অর্থবছরে মোট রাজস্ব প্রাপ্তি চার লাখ ৭৬ হাজার কোটি টাকার বেশি হলেও এনবিআরের আগের একটি প্রাথমিক হিসাবে আদায় ছিল প্রায় চার লাখ ১৫ হাজার কোটি টাকা। দু’টি হিসাবের মধ্যে পার্থক্য রয়েছে। এনবিআরের কর আদায়, অন্যান্য সংস্থার কর এবং সরকারের করবহির্ভূত আয় এক নয়। তাই রাজস্ব পরিস্থিতি মূল্যায়নে হিসাবের সংজ্ঞা ও আওতা পরিষ্কার রাখা জরুরি।
ভ্যাট আদায়ে পতন : অর্থনীতির দুর্বলতার গুরুত্বপূর্ণ সঙ্কেত
রাজস্ব আদায়ের তিনটি প্রধান খাতের মধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি মূল্য সংযোজন কর বা ভ্যাটে। এনবিআরের প্রাথমিক হিসাব অনুযায়ী, জুলাই-অক্টোবরে আয়কর ও আমদানি পর্যায়ের কর আদায়ে প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি হলেও ভ্যাট আদায় আগের বছরের তুলনায় প্রায় ৬ শতাংশ কমেছে।
ভ্যাট আদায়ের এই পতনের পেছনে একাধিক কারণ কাজ করছে। প্রথমত, সরকারি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ধীর হওয়ায় নির্মাণসামগ্রী, ঠিকাদারি সেবা, সরবরাহ ও সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে প্রত্যাশিত ভ্যাট আসছে না। দ্বিতীয়ত, তামাকসহ কয়েকটি বড় খাত থেকে রাজস্ব আদায় প্রত্যাশা পূরণ করতে পারেনি। তৃতীয়ত, ব্যবসা-বাণিজ্যে গতি না থাকায় ভোগ ও লেনদেনের পরিমাণেও চাপ তৈরি হয়েছে।
তবে ভ্যাট আদায়ের পতনের পেছনে নীতিগত ও প্রশাসনিক সমস্যাও রয়েছে। ১ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রথম প্রান্তিকে ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তনের কারণে আদায়ে বিঘœ ঘটে। আগে মাসিক রিটার্নের পরিবর্তে ত্রৈমাসিক রিটার্ন জমার সুযোগ দেয়ায় জুলাই ও আগস্টে অনেক প্রতিষ্ঠান রিটার্ন জমা দেয়নি। পরে অক্টোবরের শুরুতে আবার মাসিক রিটার্ন ব্যবস্থা চালু করা হয়। ফলে রাজস্ব আদায়ে নীতিগত পরিবর্তনের প্রভাবও পড়েছে।
এখানে সরকারের জন্য বড় শিক্ষা হলো, করনীতিতে ঘন ঘন পরিবর্তন ব্যবসায়ীদের অনিশ্চয়তা বাড়ায়। রাজস্ব বাড়ানোর উদ্দেশ্যে নেয়া কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের আগে তার সম্ভাব্য প্রভাব মূল্যায়ন না করলে উল্টো আদায় কমে যেতে পারে।
তিন মাসের হিসাবেই ছিল সতর্কসঙ্কেত : চার মাসের ঘাটতি হঠাৎ তৈরি হয়নি। জুলাই-সেপ্টেম্বর তিন মাসে এনবিআরের রাজস্ব আদায়ের ঘাটতি ছিল ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা। এক লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল ৯২ হাজার ৫১৭ কোটি টাকা। তিন মাসে ভ্যাট খাতে ঘাটতি ছিল ২০ হাজার ৫৭ কোটি টাকা। আয়কর ও ভ্রমণ কর খাতে ৯ হাজার ৬৮৬ কোটি এবং আমদানি-রফতানি পর্যায়ের শুল্কে ১২ হাজার ১৩৬ কোটি টাকা। একই সময়ে আগের অর্থবছরের তুলনায় আদায়ের প্রবৃদ্ধি ছিল মাত্র ১ দশমিক ৮৬ শতাংশ।
রাজস্ব আদায়ের দুর্বলতার সাথে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির সরাসরি সম্পর্ক রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ১৩ অক্টোবর প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে ৩ দশমিক ২ শতাংশ করেছে। একই সাথে গড় মূল্যস্ফীতির পূর্বাভাস বাড়িয়ে ১০ দশমিক ৯ শতাংশ নির্ধারণ করেছে। বিশ্বব্যাংক বাংলাদেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৩ দশমিক ৭ শতাংশের পূর্বাভাস দিয়েছে। এডিবির সেপ্টেম্বর ২০২৬-এর পূর্বাভাসেও জ্বালানি সরবরাহের সীমাবদ্ধতা ও ব্যাংকিং খাতের দুর্বলতাকে অর্থনীতির ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এসব পূর্বাভাসের তাৎপর্য হলো অর্থনীতিতে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রত্যাশিত সম্প্রসারণ না ঘটলে রাজস্ব আদায়ও দ্রুত বাড়ানো কঠিন। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা কমে গেলে ভোগব্যয় ও বাজারের লেনদেন ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসায়ীরা বিনিয়োগ সম্প্রসারণে সতর্ক থাকেন। এর প্রভাব পড়ে আয়কর, ভ্যাট ও আমদানি শুল্কে।
বাংলাদেশ ব্যাংকের অক্টোবর-ডিসেম্বর ২০২৬ মুদ্রানীতির পর্যালোচনাতেও দুর্বল বেসরকারি বিনিয়োগ, মন্থর বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি এবং ব্যবসায়িক আস্থার ঘাটতির বিষয় উঠে এসেছে। ব্যাংকিং খাতের ঝুঁকি ও জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা উৎপাদন ও বিনিয়োগ পুনরুদ্ধারের পথে বাধা হয়ে আছে।
কর-জিডিপি অনুপাত : বাংলাদেশের দীর্ঘস্থায়ী দুর্বলতা
রাজস্ব সঙ্কটের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঠামোগত দিক হলো বাংলাদেশের নিম্ন কর-জিডিপি অনুপাত। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামের বক্তব্য উদ্ধৃত করে ২৮ অক্টোবর বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের প্রাথমিক হিসাব অনুযায়ী কর-জিডিপি অনুপাত ছিল মাত্র ৬ দশমিক ৭৮ শতাংশ। আগের অর্থবছরে এটি ছিল ৬ দশমিক ৭০ শতাংশ। বাংলাদেশ ব্যাংক আগামী দুই বছরে ডিজিটাল আর্থিক লেনদেন সম্প্রসারণের মাধ্যমে কর-জিডিপি অনুপাত ৩ থেকে সাড়ে ৩ শতাংশ বাড়ানোর উদ্যোগের কথা জানিয়েছে।
এখানে প্রশ্ন হচ্ছে, করের হার বাড়িয়ে কতটা রাজস্ব বাড়ানো সম্ভব? বাংলাদেশের অর্থনীতিতে বড় একটি অংশ এখনো প্রত্যক্ষ ও পরোক্ষ করের আওতার বাইরে। কর ফাঁকি, অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি, সম্পদের প্রকৃত মালিকানা গোপন রাখা, দুর্বল কর প্রশাসন এবং প্রভাবশালী করদাতাদের বিশেষ সুবিধা রাজস্ব আহরণের পথে দীর্ঘদিনের বাধা। ফলে নিয়মিত করদাতাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে রাজস্ব বাড়ানোর চেষ্টা অর্থনৈতিক ও সামাজিকভাবে উল্টো ফল দিতে পারে। প্রয়োজন করের আওতা সম্প্রসারণ, কর ফাঁকি নিয়ন্ত্রণ এবং কর প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করা।
রাজস্ব ঘাটতির পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে?
রাজস্ব আদায়ের ঘাটতি দীর্ঘায়িত হলে সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনায় কয়েকটি বড় ঝুঁকি তৈরি হতে পারে।
প্রথমত, বাজেট ঘাটতি বাড়বে। সরকারের আয় কম হলে ব্যয়নির্বাহের জন্য অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা বাড়তে পারে। ব্যাংকব্যবস্থা থেকে অতিরিক্ত ঋণ নিলে বেসরকারি খাতের ঋণপ্রাপ্তি ও বিনিয়োগে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
দ্বিতীয়ত, উন্নয়ন ব্যয় সঙ্কুচিত হতে পারে। রাজস্ব আদায় কমে গেলে সরকার উন্নয়ন প্রকল্পের অর্থ ছাড়, অবকাঠামো নির্মাণ এবং বিভিন্ন খাতের বরাদ্দ বাস্তবায়নে কাটছাঁট করতে পারে। এতে আবার প্রকল্প বাস্তবায়ন ধীর হবে এবং ভ্যাট আদায়েও নেতিবাচক প্রভাব পড়বে; অর্থাৎ রাজস্ব ঘাটতি ও উন্নয়ন ব্যয়ের ধীরগতি পরস্পরকে আরো শক্তিশালী করতে পারে।
তৃতীয়ত, সামাজিক সুরক্ষা ও জনসেবায় চাপ বাড়বে। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে পর্যাপ্ত অর্থায়ন কঠিন হয়ে উঠতে পারে।
চতুর্থত, ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে। রাজস্ব আয় দুর্বল থাকলে সুদ পরিশোধের পর সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক ব্যয়ের জন্য অর্থের পরিমাণ সীমিত হয়ে পড়ে।
প্রয়োজন লক্ষ্যমাত্রার পুনর্মূল্যায়ন, করব্যবস্থার সংস্কার : বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে সরকারের সামনে দু’টি পথ। এক দিকে বাস্তব অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা না করে রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্যমাত্রা বজায় রাখা; অন্য দিকে বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি কর প্রশাসনের কাঠামোগত সংস্কার করা। দ্বিতীয় পথটিই অধিক কার্যকর। এ জন্য প্রথমেই প্রয়োজন এনবিআরের আয়কর, ভ্যাট ও শুল্ক বিভাগের ডিজিটাল সমন্বয়। ই-ইনভয়েসিং, ই-টিআইএন, ব্যাংক লেনদেন এবং ব্যবসাপ্রতিষ্ঠানের হিসাবের মধ্যে তথ্যগত সংযোগ বাড়াতে হবে। একই সাথে বড় করদাতা, উচ্চ সম্পদশালী ব্যক্তি এবং কর ফাঁকির ঝুঁকিতে থাকা প্রতিষ্ঠানগুলোর ওপর কার্যকর নজরদারি প্রয়োজন।
দ্বিতীয়ত, করনীতির ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীদের সাথে আলোচনা ছাড়া ঘন ঘন ভ্যাট ও শুল্কনীতির পরিবর্তন বিনিয়োগের অনিশ্চয়তা বাড়ায়।
তৃতীয়ত, সরকারি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন বাড়াতে হবে। তবে শুধু অর্থ ব্যয় নয়, প্রকল্পের অর্থনৈতিক যৌক্তিকতা, ব্যয় দক্ষতা ও দুর্নীতি নিয়ন্ত্রণও নিশ্চিত করতে হবে।
চতুর্থত, করের বোঝা নতুন করে সাধারণ ভোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর চাপিয়ে না দিয়ে কর ফাঁকি, অবৈধ সুবিধা এবং অপ্রাতিষ্ঠানিক অর্থনীতির বড় অংশকে করের আওতায় আনতে হবে।
পঞ্চমত, এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণে বাস্তব অর্থনৈতিক প্রবৃদ্ধি, আমদানি, ভোগব্যয়, শিল্প উৎপাদন ও বিনিয়োগের পূর্বাভাসকে ভিত্তি করতে হবে।
সামনে কঠিন পরীক্ষা : চার মাসে ৫০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব ঘাটতি সরকারের জন্য শুধু একটি আর্থিক পরিসংখ্যান নয়; এটি অর্থনীতির সক্ষমতা ও বাজেট প্রণয়নের বাস্তবতার মধ্যকার ব্যবধানেরও প্রতিফলন। ছয় লাখ চার হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে বাকি আট মাসে গড়ে মাসে প্রায় ৫৯ হাজার ৫০০ কোটি টাকা আদায় করতে হবে। প্রথম চার মাসের গড় আদায় যেখানে ৩২ হাজার কোটি টাকার নিচে, সেখানে এই লক্ষ্য অর্জনের জন্য রাজস্ব আহরণের গতিতে নাটকীয় পরিবর্তন প্রয়োজন।
এখানে মনে রাখতে হবে, প্রথম চার মাসের ঘাটতিকে পুরো অর্থবছরের চূড়ান্ত ফল হিসেবে বিবেচনা করা যাবে না। বছরের শেষ দিকে কর পরিশোধ, আমদানি বৃদ্ধি ও সরকারি ব্যয় বাড়লে আদায়েও গতি আসতে পারে। কিন্তু অর্থনীতির বর্তমান প্রবণতা সেই আশাবাদকে যথেষ্ট সমর্থন করছে না। সবচেয়ে বড় প্রশ্ন, রাজস্ব বাড়ানোর জন্য সরকার কি অর্থনীতির উৎপাদন ও বিনিয়োগ সক্ষমতা বাড়াতে পারবে, নাকি বিদ্যমান করদাতাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেই লক্ষ্য পূরণের চেষ্টা করবে?
বাংলাদেশের অর্থনীতির জন্য এখন রাজস্ব আদায় বাড়ানো যেমন জরুরি, তেমনি রাজস্ব আহরণের পদ্ধতিতে আস্থা ও ন্যায্যতা প্রতিষ্ঠাও জরুরি। কারণ, দুর্বল অর্থনীতির ওপর অতিরিক্ত করের চাপ দিয়ে সাময়িক আয় বাড়ানো গেলেও দীর্ঘ মেয়াদে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানের ভিত্তি দুর্বল হয়ে পড়তে পারে।
রাজস্ব ঘাটতির এই সঙ্কট তাই এনবিআরের একার সমস্যা নয়; এটি সরকারের সামগ্রিক অর্থনৈতিক নীতি, বিনিয়োগ পরিবেশ ও রাষ্ট্রের আর্থিক সক্ষমতার পরীক্ষা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








