দেশে ফেরার ঘোষণা দিয়ে রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখতে চান শেখ হাসিনা

নয়া দিগন্ত ডেস্ক 

Advertisement

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ভারতে অবস্থানরত শেখ হাসিনা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন। তার আগের পরিচয়পত্র ও ভ্রমণসংক্রান্ত নথি বাতিল হওয়ার পর এই উদ্যোগকে দেশে ফেরার প্রস্তুতি হিসেবে তুলে ধরা হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বাস্তবে দেশে ফেরার চেয়ে আওয়ামী লীগের নেতৃত্ব ধরে রাখা, দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করা এবং বাংলাদেশের রাজনীতিতে নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখাই তার প্রধান উদ্দেশ্য হতে পারে। 
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন ৭৯ বছর বয়সী শেখ হাসিনা। ২০২৪ সালের আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। জাতিসঙ্ঘের হিসাবে ওই অভ্যুত্থান ও দমন-পীড়নে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। শেখ হাসিনা অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। 
বর্তমান সরকার তার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে। একই সাথে বাংলাদেশে ফিরতে চাইলে ভারত থেকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক পথ অনুসরণের আহ্বান জানিয়েছে ঢাকা। 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আলজাজিরাকে বলেছেন, হাজার হাজার মানুষ হত্যার দায়ে অভিযুক্ত ও দেশ ছেড়ে পালানো ব্যক্তিকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না। ভারতের সাথে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত থাকবে। অন্য দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, দেশে ফিরলে তাকে আদালতের রায় অনুযায়ী দণ্ড ভোগ করতে হবে। 
ফেরার ঘোষণা কি রাজনৈতিক কৌশল? 
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমান মনে করেন, শেখ হাসিনার পাসপোর্টের আবেদন আসন্ন প্রত্যাবর্তনের বাস্তব প্রস্তুতি নয়; বরং আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে সক্রিয় রাখার কৌশল। তার মতে, শেখ হাসিনা কোনো অবস্থাতেই দলের নেতৃত্ব অন্য কারো হাতে ছেড়ে দিতে চান না। ফলে তার অনুপস্থিতিতে দলটির নেতৃত্ব ও সাংগঠনিক ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটি সামাল দিতেই দেশে ফেরার ঘোষণা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 
ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ আরো স্পষ্টভাবে বলেছেন, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা তিনি দেখেন না। তার মতে, এই ঘোষণা মূলত সমর্থকদের ঐক্যবদ্ধ করা এবং দেশের রাজনীতিতে ক্রমবর্ধমান অপ্রাসঙ্গিকতা থেকে আলোচনায় ফিরে আসার প্রচেষ্টা। 
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক ফয়েজ সোবহানও মনে করেন, এ ঘোষণার উদ্দেশ্য আওয়ামী লীগের মনোবল বাড়ানো এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জনমত যাচাই করা। কারণ দেশে ফিরলে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকর অথবা দীর্ঘ কারাবাসের মুখোমুখি হতে হবে। 
তবে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মী তার প্রত্যাবর্তনের ঘোষণাকে বাস্তব হিসেবেই দেখছেন। দলের কেন্দ্রীয় কমিটির এক সাংগঠনিক সম্পাদক আলজাজিরাকে বলেছেন, ষড়যন্ত্র ও বাধা সত্ত্বেও তাদের নেত্রী দেশে ফিরবেন। যদিও কিভাবে তিনি ফিরবেন, সে বিষয়ে দলের অনেক নেতারই সুস্পষ্ট ধারণা নেই। 
ভারতের হিসাব-নিকাশ : শেখ হাসিনার ভবিষ্যৎ নির্ধারণে ভারতের অবস্থানও গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে ২০২৪ সালের আগস্ট থেকে আশ্রয় দিয়েছে নয়াদিল্লি। কিন্তু তার ভারতে অবস্থান ঢাকা-দিল্লি সম্পর্কের অন্যতম অস্বস্তিকর বিষয়ে পরিণত হয়েছে। 
বাংলাদেশ একাধিকবার দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়েছে। ভারত বলেছে, বাংলাদেশের অনুরোধ পরীক্ষা করা হচ্ছে। একই সাথে নতুন সরকারের সাথে গঠনমূলক সম্পর্ক বজায় রাখার আগ্রহও প্রকাশ করেছে দেশটি। 
ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের বন্ধু এবং নয়াদিল্লি তাকে সেই দৃষ্টিতেই বিবেচনা করে। তবে সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচের ধারণা, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে যাওয়ার কূটনৈতিক মূল্য ক্রমেই বাড়ছে। ভারতের জন্য তৃতীয় কোনো দেশে তার অবস্থানের ব্যবস্থা করা তুলনামূলক সুবিধাজনক হতে পারে। 
অন্য দিকে জিল্লুর রহমান মনে করেন, ভারত শেখ হাসিনাকে পুরোপুরি পরিত্যাগ করতে পারবে না। কারণ দীর্ঘদিনের মিত্রকে বিপদের মুখে ছেড়ে দিলে দক্ষিণ এশিয়াসহ অন্য অঞ্চলের অংশীদারদের কাছে ভারতের নির্ভরযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তবে তাকে বাংলাদেশে রাজনৈতিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নেয়ার সম্ভাবনা কম। 
বিএনপির সাথে সমঝোতার সম্ভাবনা ক্ষীণ : শেখ হাসিনা ও ক্ষমতাসীন বিএনপির মধ্যে কোনো রাজনৈতিক সমঝোতার সম্ভাবনাও দেখছেন না বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সাথে আওয়ামী লীগের অতীত রাজনৈতিক সঙ্ঘাত এবং দীর্ঘ দমন-পীড়নের অভিজ্ঞতা এ ধরনের সমঝোতাকে কঠিন করে তুলেছে। 
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে অবাস্তব বলে মন্তব্য করেছেন। ফয়েজ সোবহানের মতে, আওয়ামী লীগের সাথে সমঝোতা বিএনপির জন্য রাজনৈতিকভাবে লাভজনক নয়; বরং দলটির দীর্ঘদিনের নির্যাতিত নেতাকর্মীদের কাছে তা বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচিত হতে পারে। 
সব মিলিয়ে শেখ হাসিনার পাসপোর্ট আবেদন ও দেশে ফেরার ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে তার প্রত্যাবর্তনের চেয়ে আওয়ামী লীগের নেতৃত্ব, ভারতের কূটনৈতিক হিসাব এবং ক্ষমতাসীন সরকারের সাথে রাজনৈতিক সঙ্ঘাতের ভবিষ্যৎকেই বেশি সামনে নিয়ে এসেছে। আপাতত তার দেশে ফেরার বাস্তব পথ নির্ভর করছে ভারতের সিদ্ধান্ত, বাংলাদেশের প্রত্যর্পণ উদ্যোগ এবং বিচারিক প্রক্রিয়ার ওপর।