
বিশেষ সংবাদদাতা
বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করা হলেও অবসরের বয়স এখনো ৫৯ বছরেই সীমাবদ্ধ। অথচ মানুষের গড় আয়ু বৃদ্ধি, কর্মক্ষমতার পরিবর্তিত বাস্তবতা, দীর্ঘ প্রশিক্ষণ ও কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতার যথাযথ ব্যবহারের প্রশ্নে সরকারি চাকরিতে অবসরের বয়স পুনর্নির্ধারণের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, প্রথম পর্যায়ে অবসরের বয়স ৫৯ থেকে বাড়িয়ে ৬০ বছর এবং পর্যায়ক্রমে তা ৬২ বছরে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মানুষের গড় আয়ু ৭২ থেকে ৭৩ বছর। ফলে ৫৯ বছর বয়সেই একজন সরকারি কর্মচারীর কর্মক্ষমতা শেষ হয়ে যায়- এমন ধারণা বর্তমান বাস্তবতার সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে প্রশাসন, শিক্ষা, প্রকৌশল, চিকিৎসা, জ্বালানি, পরিকল্পনা ও আর্থিক ব্যবস্থাপনার মতো খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। অথচ প্রশিক্ষণ, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতায় সমৃদ্ধ একজন কর্মকর্তা যখন দায়িত্ব পালনে পরিপূর্ণ পরিপক্ব হয়ে ওঠেন, ঠিক তখনই তাকে অবসরে যেতে হয়।
কর্মজীবনের মেয়াদ ও অভিজ্ঞতার মূল্যায়ন : সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বর্তমানে ৩২ বছর। বিসিএসসহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন, পরীক্ষা, ফল প্রকাশ, পুলিশ ভেরিফিকেশন ও নিয়োগ সম্পন্ন করতে আরো দুই থেকে তিন বছর সময় লেগে যায়। ফলে অনেক কর্মকর্তা ৩৪-৩৫ বছর বয়সে কর্মজীবন শুরু করেন। অবসরের বয়স ৫৯ বছর হলে তাদের কর্মজীবনের মেয়াদ দাঁড়ায় মাত্র ২৪-২৫ বছর।
এই সময়ের মধ্যে একজন কর্মকর্তা দেশী-বিদেশী প্রশিক্ষণ, কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও প্রশাসনিক দায়িত্ব পালনের মাধ্যমে বিশেষ দক্ষতা অর্জন করেন। কিন্তু সেই অভিজ্ঞতার পূর্ণ ব্যবহারের আগেই তাকে অবসরে যেতে হয়। অবসরের বয়স এক বছর বাড়ানো হলে অভিজ্ঞ কর্মকর্তাদের কাছ থেকে যেমন বাড়তি সেবা পাওয়া যাবে, তেমনি নতুন কর্মকর্তাদের প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেয়ার সুযোগও প্রসারিত হবে।
আন্তর্জাতিক প্রেক্ষাপট ও বাস্তবতা : আন্তর্জাতিক প্রেক্ষাপট পর্যালোচনা করলে দেখা যায়, বিশ্বের বিভিন্ন দেশ তাদের জনমিতিক পরিবর্তন ও কর্মক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে অবসরের বয়স নির্ধারণ করছে। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও থাইল্যান্ডে সরকারি চাকরিজীবীদের সাধারণ অবসরের বয়স ৬০ বছর।
ভিয়েতনামে ধাপে ধাপে অবসরের বয়স বাড়ানোর নীতি বাস্তবায়িত হচ্ছে; দেশটিতে পুরুষ কর্মীদের ৬২ এবং নারীদের ৬০ বছরে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। সিঙ্গাপুরে ২০২৬ সালের ১ জুলাই থেকে অবসরের বয়স ৬৪ এবং পুনঃনিয়োগের বয়সসীমা ৬৯ বছর করার ব্যবস্থা কার্যকর হচ্ছে। অর্থাৎ, নির্ধারিত বয়স অতিক্রম করার পরও যোগ্য কর্মীদের কাজ চালিয়ে যাওয়ার সুযোগ রাখা হচ্ছে। খোদ বাংলাদেশেই পেশাভেদে অবসরের বয়সে পার্থক্য রয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাধারণ অবসরের বয়স ৬৫ বছর এবং বিচারপতিদের ৬৭ বছর। এসব উদাহরণ প্রমাণ করে যে, দায়িত্বের ধরন ও পেশাগত প্রয়োজন বিবেচনায় কর্মজীবনের মেয়াদ নির্ধারণের যৌক্তিক সুযোগ রয়েছে।
তরুণদের কর্মসংস্থান বনাম শূন্যপদ পূরণ : অবসরের বয়স বাড়ানো হলে তরুণদের কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে কিনা- এমন প্রশ্নের জবাবে সরকারের একজন সচিব জানিয়েছেন, অবসরের বয়স বাড়ানোর বিপক্ষে সবচেয়ে বড় যুক্তি হলো, এতে তরুণদের সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ কমে যেতে পারে। তবে বিষয়টি কেবল অবসরের বয়স দিয়ে বিবেচনা করলে চলবে না। সরকারি প্রতিষ্ঠানে অনুমোদিত পদ, প্রকৃত শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, পদোন্নতি ও নতুন পদ সৃষ্টির বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে।
জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, সরকারি চাকরিতে শূন্য পদের সংখ্যা প্রায় পাঁচ লাখ ২২ হাজার। এসব পদ দ্রুত পূরণে কার্যকর উদ্যোগ নেয়া গেলে অবসরের বয়স এক বছর বাড়ানোর প্রভাব অনেকাংশে সামাল দেয়া সম্ভব। বরং নিয়োগ প্রক্রিয়া দ্রুত করা, অনুমোদিত শূন্যপদ পূরণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই হওয়া উচিত সরকারের অগ্রাধিকার। অবসরের বয়স বাড়ানোর পাশাপাশি তরুণদের নিয়োগ ও পদোন্নতির স্বাভাবিক ধারা বজায় রাখতে সমন্বিত জনবল পরিকল্পনা গ্রহণ জরুরি। একই সাথে যেসব পদে অভিজ্ঞতার বিশেষ প্রয়োজন, সেসব ক্ষেত্রে যোগ্য কর্মকর্তাদের পুনঃনিয়োগের ব্যবস্থাও বিবেচনা করা যেতে পারে।
আর্থিক সাশ্রয় ও পেনশন ব্যবস্থাপনা : অবসরের বয়স বাড়ানোর পক্ষে আরেকটি গুরুত্বপূর্ণ যুক্তি হলো সরকারি ব্যয় ব্যবস্থাপনা। প্রচলিত ব্যবস্থায় প্রতি বছর বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারীর অবসরজনিত গ্র্যাচুইটি ও অন্যান্য অবসর সুবিধা পরিশোধ করতে হয়। সংশ্লিষ্টদের দাবি, অবসরের বয়স এক বছর বাড়ানো হলে তাৎক্ষণিকভাবে অবসর সুবিধা পরিশোধের চাপ কিছুটা কমতে পারে এবং সরকারের নগদ অর্থ ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে প্রকৃত আর্থিক সাশ্রয় নির্ধারণে বেতন, পেনশন, গ্র্যাচুইটি, জিপিএফ এবং অতিরিক্ত এক বছরের চাকরির ব্যয়সহ পূর্ণাঙ্গ হিসাব করা প্রয়োজন। শুধু অবসর সুবিধা পরিশোধ পিছিয়ে দেয়াকেই নিট সাশ্রয় হিসেবে বিবেচনা করা যাবে না।
পর্যায়ক্রমে ৬২ বছরে উন্নীত করার প্রস্তাব : বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের আলোচনায় অবসরের বয়স বাড়ানোর ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রসর হওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। প্রথম পর্যায়ে সাধারণ সরকারি কর্মচারীদের অবসরের বয়স ৫৯ থেকে ৬০ বছর করা যেতে পারে। পরে জনবলের চাহিদা, কর্মদক্ষতা, স্বাস্থ্যগত সক্ষমতা, পেনশন ব্যয় এবং তরুণদের কর্মসংস্থানের ওপর প্রভাব মূল্যায়ন করে তা ৬২ বছরে উন্নীত করার পরিকল্পনা নেয়া যেতে পারে।
এ ক্ষেত্রে কর্মদক্ষতা মূল্যায়ন, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, পদোন্নতির স্বাভাবিক গতি বজায় রাখা এবং নতুন নিয়োগের জন্য পৃথক পরিকল্পনা থাকা জরুরি। বিশেষায়িত ও অভিজ্ঞতানির্ভর পদে পুনঃনিয়োগের সুযোগ রাখাও কার্যকর হতে পারে।
নীতিগত সিদ্ধান্ত গ্রহণের এখনই সময় : সরকারি চাকরিতে অবসরের বয়স বৃদ্ধি কেবল কর্মচারীদের সুযোগ-সুবিধার বিষয় নয়; এটি রাষ্ট্রের অভিজ্ঞ ও দক্ষ মানবসম্পদ ব্যবহারের প্রশ্ন। এক দিকে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা, অন্য দিকে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের দক্ষতা কাজে লাগানো- এই দুই লক্ষ্যকে পরস্পরের প্রতিপক্ষ না করে সমন্বিত নীতি গ্রহণ করা সম্ভব।
মানুষের গড় আয়ু বৃদ্ধি, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং বাংলাদেশের প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় অবসরের বয়স প্রথম পর্যায়ে ৬০ বছর এবং যথাযথ মূল্যায়নের ভিত্তিতে পর্যায়ক্রমে তা ৬২ বছরে উন্নীত করার দাবিটি অত্যন্ত যৌক্তিক। এ বিষয়ে সরকার, জনপ্রশাসন বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, কর্মচারী সংগঠন ও তরুণ সমাজের অংশগ্রহণে জাতীয় পর্যায়ে একটি বাস্তবসম্মত ও সুদূরপ্রসারী নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এখন সময়ের দাবি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








