প্রধানমন্ত্রী তারেক রহমান, জলবায়ু সম্মেলন ২০২৬, কপ-৩১ তুরস্ক, তারেক রহমানের তুরস্ক সফর, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক, হুমায়ুন কবির, দ্বিপক্ষীয় বৈঠক, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ (বৃহস্পতিবার) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের তুরস্ক সফরের দ্বিতীয় দিন সকালে তিনি সম্মেলনস্থলে যোগ দেন।

Advertisement

সম্মেলনস্থলে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় ওআইসির মহাসচিব, মলদোভার প্রধানমন্ত্রী এবং পাকিস্তান, সিরিয়া ও ইরানের প্রেসিডেন্টের সাথে তার সাক্ষাৎ হয়।

বুধবার (১১ নভেম্বর) দিনভর কপ-৩১-এর উদ্বোধনী অধিবেশন ও পূর্ণাঙ্গ অধিবেশনে (প্লেনারি সেশন) অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সাথে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন।

গত রাতে তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলন চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এসব তথ্য জানান।

তিনি জানান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী, ওআইসির মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সাথে তারেক রহমানের সাক্ষাৎ হয়েছে। এসব বৈঠক ও সাক্ষাৎ আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ওআইসির মহাসচিবের সাথে আলোচনায় ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার বিষয়টিও জানান তিনি।

কুয়েতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেয়া হয়।

এছাড়া লন্ডনের মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। দীর্ঘদিন লন্ডনে অবস্থানের কারণে মেয়র তার সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিভিন্ন দেশের বিশ্বনেতারা রূপান্তরমূলক (ট্রান্সফরমেটিভ) হিসেবে বিবেচনা করছেন।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা এবং বাংলাদেশের গণতান্ত্রিক ম্যান্ডেটকে আন্তর্জাতিক নেতারা গুরুত্বের সাথে দেখছেন।’

তিনি আরো বলেন, ‘বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনে প্রধানমন্ত্রীর ম্যান্ডেট পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।’