ডিজিটাল স্বাস্থ্যসেবার আওতায় বাংলাদেশী হজ-ওমরাহ যাত্রীরা
ডিজিটাল স্বাস্থ্যসেবার আওতায় বাংলাদেশী হজ-ওমরাহ যাত্রীরা।
ads

প্রযুক্তি ডেস্ক 

সৌদি আরবে হজ ও ওমরাহ পালন করতে যাওয়া বাংলাদেশী যাত্রীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করতে অংশীদারত্বের চুক্তি করেছে প্রযুক্তিনির্ভর ভ্রমণসেবা প্রতিষ্ঠান শেয়ারট্রিপ ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক স্বাস্থ্য প্রযুক্তিপ্রতিষ্ঠান মেডিকএআই। এ উদ্যোগের আওতায় যাত্রীরা ‘আমানা বাই মেডিকএআই’ নামের বিশেষ ট্রাভেল হেলথ মেম্বারশিপের মাধ্যমে বাংলায় অনলাইনে চিকিৎসকের পরামর্শসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা পাবেন। সম্প্রতি শেয়ারট্রিপের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। এই ডিজিটাল স্বাস্থ্যসেবার আওতায় সৌদি আরবে অবস্থানকালে লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসকদের সাথে বাংলায় টেলিমেডিসিনের মাধ্যমে পরামর্শ নিতে পারবেন যাত্রীরা। পাশাপাশি মেম্বারশিপের শর্ত অনুযায়ী ডায়াগনস্টিক পরীক্ষা, ফার্মেসিসংক্রান্ত সহায়তা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের সুবিধাও থাকবে। জরুরি চিকিৎসার প্রয়োজনে মেডিক্যাল ইভাকুয়েশন বা উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের পাশাপাশি প্রয়োজন হলে নিজ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থায়ও সহায়তা দেবে মেডিকএআই। এ ছাড়া ভ্রমণকালে বিভিন্ন প্রয়োজনে থাকবে নানা সেবা। যাত্রীরা বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই গ্রাহক সহায়তা পাবেন। হজ ও ওমরাহ যাত্রীদের ভ্রমণের সময় বিবেচনায় নিয়ে সেবাটিতে দুটি মেম্বারশিপ পরিকল্পনা রাখা হয়েছে। এর মধ্যে ‘প্ল্যান এলাইট’-এর মেয়াদ ১ থেকে ৭ দিন এবং ‘প্ল্যান বিলাইট’-এর মেয়াদ সর্বোচ্চ ১৫ দিন। বর্তমানে শেয়ারট্রিপের মাধ্যমে ওমরাহ যাত্রীদের জন্য সেবাটি চালু রয়েছে। শিগগিরই অনলাইন বুকিংয়ের সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠান দুটির।