
আহমেদ ইফতেখার
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এখন দৈনন্দিন জীবনের অংশ। লেখালেখি, গবেষণা, অফিসের কাজ কিংবা ব্যক্তিগত বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে অনেকেই ব্যবহার করছেন চ্যাটজিপিটি। তবে দ্রুত ও সহজে কাজ সম্পন্ন করতে গিয়ে ব্যবহারকারীরা অজান্তেই নিজেদের নানা ব্যক্তিগত তথ্য এআইয়ের সাথে শেয়ার করছেন। ই-মেইল ঠিকানা, অবস্থান, ব্যক্তিগত অভ্যাস থেকে শুরু করে আর্থিক ও পেশাগত তথ্যও চলে যাচ্ছে কথোপকথনে। প্রশ্ন হলো, এসব তথ্য কতটা নিরাপদ এবং প্রয়োজন হলে সেগুলো মুছে ফেলার উপায় কী?
ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে সচেতনতা বাড়াতে ওপেনএআই ব্যবহারকারীদের জন্য বেশ কিছু নিয়ন্ত্রণসুবিধা রেখেছে। প্রতিষ্ঠানটির প্রাইভেসি পোর্টালের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের সংরক্ষিত তথ্যের কপি সংগ্রহ, নির্দিষ্ট তথ্য অপসারণ, অ্যাকাউন্ট মুছে ফেলা কিংবা নিজেদের কনটেন্ট এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার না করার অনুরোধ জানাতে পারেন।
নিজের তথ্য ব্যবস্থাপনার জন্য প্রথমে ওপেনএআইয়ের প্রাইভেসি পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে ‘মেক অ্যা প্রাইভেসি রিকোয়েস্ট’ অপশন থেকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আবেদন করা যায়। এর মধ্যে রয়েছে নিজের ব্যক্তিগত তথ্য ডাউনলোড, এআই মডেল প্রশিক্ষণে তথ্যের ব্যবহার বন্ধের অনুরোধ, চ্যাটজিপিটি অ্যাকাউন্ট মুছে ফেলা এবং নিজের তৈরি কাস্টম জিপিটি অপসারণের সুবিধা।
ব্যবহারকারীরা চাইলে নিজেদের সম্পর্কে চ্যাটজিপিটিতে কি ধরনের তথ্য সংরক্ষিত রয়েছে, তার একটি কপিও চাইতে পারেন। এতে অ্যাকাউন্টের তথ্য, কথোপকথনের ইতিহাস, আপলোড করা ফাইল এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য থাকতে পারে। আবেদন জমা দেয়ার আগে পরিচয় যাচাই করতে হতে পারে। প্রয়োজনীয় বিকল্প নির্বাচন করে বসবাসের দেশ উল্লেখ করার পর আবেদন জমা দেওয়া যায়।
অ্যাকাউন্ট মুছে না ফেলেও ব্যক্তিগত তথ্যের ব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য চ্যাটজিপিটির সেটিংস থেকে ডাটা কন্ট্রোল-এ গিয়ে ইমপ্রুফ দ্যা মডেল ফর এফরিওয়ান অপশনটি বন্ধ করতে হবে। এতে নতুন কথোপকথন চ্যাট হিস্ট্রিতে থাকলেও সেগুলো মডেল উন্নয়নের কাজে ব্যবহার করা হবে না।
এ ছাড়া চ্যাটজিপিটির মেমোরি সুবিধা ব্যবহারকারীর পছন্দ, কাজের ধরন ও আগে দেয়া কিছু তথ্য মনে রেখে পরবর্তী কথোপকথনে কাজে লাগাতে পারে। সেটিংস এর পার্সোনালাইজেশন বিভাগ থেকে মেমোরি পর্যালোচনা, পরিবর্তন বা বন্ধ করার সুযোগ রয়েছে। মনে রাখতে হবে, কোনো কথোপকথন মুছে ফেললেই সেখান থেকে তৈরি হওয়া মেমোরি স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় না।
সংবেদনশীল কোনো বিষয়ে আলোচনা করতে চাইলে ব্যবহারকারীরা টেম্পোরারি চ্যাট সুবিধা নিতে পারেন। এ ধরনের কথোপকথন চ্যাট হিস্ট্রিতে দেখা যায় না, নতুন মেমোরি তৈরি করে না এবং এআই মডেল উন্নয়নে ব্যবহৃত হয় না। তবে নিরাপত্তার প্রয়োজনে ওপেনএআই এসব কথোপকথনের একটি কপি সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারে।
অন্যদিকে, আগে করা কোনো কথোপকথন মুছে ফেলতে চ্যাট তালিকা থেকে সংশ্লিষ্ট চ্যাটের মেনু ব্যবহার করে ডিলেট নির্বাচন করতে হবে। স্থায়ীভাবে অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলে সেটিংস অথবা প্রাইভেসি পোর্টাল থেকে আবেদন করা যায়। অ্যাকাউন্ট মুছে ফেলার সিদ্ধান্ত স্থায়ী, তাই আবেদন করার আগে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করে রাখা ভালো।
প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রও তত বাড়ছে। তাই চ্যাটজিপিটি ব্যবহারের সময় পাসওয়ার্ড, ওটিপি, ব্যাংক কার্ডের তথ্য, পরিচয়পত্রের নম্বর কিংবা প্রতিষ্ঠানের গোপন নথি শেয়ার করা থেকে বিরত থাকা উচিত। প্রয়োজন হলে কোনো নথি আপলোডের আগে নাম, ঠিকানা ও পরিচয় শনাক্ত করতে পারে এমন তথ্য মুছে দেওয়া যেতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, এআই ব্যবহারের পাশাপাশি নিয়মিত গোপনীয়তা সেটিংস পর্যালোচনা এবং অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলার অভ্যাস গড়ে তোলা জরুরি। কারণ, প্রযুক্তির সুবিধা নেওয়ার পাশাপাশি নিজের ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









