মার্কিন, বিমানবাহিনী, গুরুত্বপূর্ণ, ক্লাউড ব্যবস্থা, হ্যাক,পেন্টাগন,
পেন্টাগন। সংগৃহীত
ads

মার্কিন বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং ব্যবস্থা ‘ক্লাউড ওয়ান’-এ সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এতে সামরিক অভিযান, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত তথ্য এবং রসদ ব্যবস্থাপনা-সংক্রান্ত স্পর্শকাতর তথ্যের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। কয়েক দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর একটি তথ্যভান্ডার হ্যাক হওয়ার খবর প্রকাশের পর নতুন এ ঘটনা সামনে এল।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান শুক্রবার এ খবর জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত এক মাসের মধ্যে কোনো এক সময়ে ব্যবস্থাটির আধুনিকায়নের কাজ চলার সময় হ্যাকিংয়ের ঘটনা ধরা পড়ে। এতে পুরো ক্লাউড প্ল্যাটফর্মের কার্যক্রমে বিঘ্ন ঘটে। দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, কারা এ হামলা চালিয়েছে, ব্যবস্থাটির কতটা নিয়ন্ত্রণ তারা নিতে পেরেছে কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মার্কিন বিমানবাহিনী বলেছে, ‘নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক ও ব্যবস্থার নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা কিংবা পরিচালনাসংক্রান্ত অবস্থা নিয়ে আমরা মন্তব্য করি না। বিমানবাহিনীর তথ্য, ব্যবস্থা ও কার্যক্রমের সক্ষমতা সুরক্ষিত রাখতে আমরা নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে থাকি।’

বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত প্রয়োজন মেটাতে কেন্দ্রীয় ব্যবস্থা হিসেবে ‘ক্লাউড ওয়ান’ তৈরি করা হয়েছিল। কর্মীদের ব্যক্তিগত তথ্য, বেতন, রসদ সরবরাহ ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কাজে এটি ব্যবহৃত হয়। এ ব্যবস্থা পরিচালনায় যুক্ত রয়েছে চারটি প্রযুক্তি প্রতিষ্ঠান—মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেট।

তবে এর ব্যবহার শুধু প্রশাসনিক কাজেই সীমাবদ্ধ নয়। সামরিক বাহিনীর নির্দেশ ও নিয়ন্ত্রণ কার্যক্রমের পাশাপাশি থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশন সিস্টেমেও (টিআইসিএমএস) এটি ব্যবহৃত হয়। বিশ্বের ২০০টির বেশি স্থানে থাকা অস্ত্র ও গোলাবারুদের মজুতের হিসাব রাখা এবং সেগুলোর ব্যবস্থাপনার কাজ করে এই ব্যবস্থা।

 একটি সূত্র বলেছে, ‘এখানে হ্যাকিংয়ের ঘটনা অত্যন্ত গুরুতর।’ আরেকটি সূত্রের দাবি, সফটওয়্যারের একটি দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা নিয়ন্ত্রণব্যবস্থায় ঢুকে পড়েছে। তাত্ত্বিকভাবে এ সুযোগ কাজে লাগিয়ে তারা সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল সম্পর্কেও তথ্য জানতে পারত।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও নিরাপত্তা প্রতিষ্ঠানে ধারাবাহিক সাইবার হামলার খবরের মধ্যেই বিমানবাহিনীর ব্যবস্থায় এ ঘটনা ঘটল। এর আগে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীদের তথ্যভান্ডার, অর্থ মন্ত্রণালয় এবং দুটি গোয়েন্দা সংস্থায় হ্যাকারদের হামলার খবর প্রকাশিত হয়েছে।

পেন্টাগনের একটি তথ্যব্যবস্থাতেও হ্যাকাররা ঢুকে পড়েছিল। প্রতিরক্ষা জনবল তথ্যকেন্দ্র নামে পরিচিত ওই ব্যবস্থায় হামলার ঘটনায় ২৭ লাখ ৬০ হাজার জীবিত এবং ২ লাখ ৯৪ হাজার মৃত ব্যক্তির তথ্য আক্রান্ত হয়েছে বলে সামরিকবিষয়ক সংবাদমাধ্যম মিলিটারি ডটকমকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা।

ফাঁস হওয়া তথ্যে ছিল সামাজিক নিরাপত্তা নম্বর। ব্যক্তিভেদে নাম, জন্মতারিখ, যোগাযোগের তথ্য এবং সামরিক পেশাগত দায়িত্বের বিবরণও এতে ছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

চলতি সপ্তাহের শুরুতে সিআইএ এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের ব্যবহৃত একটি ব্যবস্থায় হ্যাকারদের হামলার খবর প্রকাশিত হয়। এর মাধ্যমে তারা অশ্রেণিবদ্ধ তথ্যে পৌঁছাতে পেরেছিল বলে জানানো হয়। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ব্যবস্থাটি গোয়েন্দা বিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়। এতে উন্মুক্ত সূত্রের তথ্য এবং অশ্রেণিবদ্ধ নথি বিশ্লেষণ করে বিভিন্ন বিষয়ে ধারণা ও তথ্য সংগ্রহ করা হয়।

সিআইএ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের একজন প্রতিনিধি ব্লুমবার্গকে ই-মেইলে পাঠানো বিবৃতিতে বলেছেন, ‘গুরুত্বপূর্ণ সক্ষমতা কিংবা গোপনীয় ব্যবস্থাগুলোর কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।’