শেখ হাসিনা
শেখ হাসিনা। সংগৃহীত
ads

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি শুধু একটি সরকারের পতন নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণেও বড় ধরনের পরিবর্তন এনেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকে শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছেন। একসময় ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ আঞ্চলিক রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত শেখ হাসিনা এখন দিল্লির জন্য এক জটিল কূটনৈতিক বাস্তবতাও বটে। এক দিকে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা ও কৌশলগত স্বার্থ; অন্য দিকে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা, প্রত্যর্পণের দাবি এবং দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রয়োজনীয়তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কূটনৈতিক নানা সমীকরণে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে; তাহলো- শেখ হাসিনা কি ভারতের কাছে কেবল একজন রাজনৈতিক আশ্রুয় প্রার্থী, নাকি বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্কের দরকষাকষিতে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত উপাদান? 

দিল্লির কাছে শেখ হাসিনা কেন গুরুত্বপূর্ণ?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার ভারতে অবস্থানকে দেশটির আঞ্চলিক স্বার্থ, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এবং দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের বৃহত্তর সমীকরণের অংশ হিসেবে দেখা হচ্ছে। শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছে কয়েক দশকের রাজনৈতিক যোগাযোগ ও পারস্পরিক স্বার্থের ওপর। বিশেষ করে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পায়। নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য এবং আঞ্চলিক সংযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা দিল্লির কাছে বিশেষ গুরুত্ব পেয়েছিল। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান, সীমান্ত নিরাপত্তা এবং সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতা ভারতের দীর্ঘদিনের উদ্বেগ কমাতে সহায়তা করে। এ ছাড়া বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে শেখ হাসিনার সরকারকে দিল্লি শুধু একটি বন্ধুত্বপূর্ণ সরকার হিসেবে নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করত বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। 

তাদের মতে, এই সম্পর্কের একটি দুর্বল দিকও ছিল। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেকাংশে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সম্পর্কের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। ফলে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে গভীর আস্থার সংকট তৈরি হয়। 

শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লির অনীহা কেন? 

শেখ হাসিনার ভারতে অবস্থান এখন ঢাকা-দিল্লি সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলোর একটি। বাংলাদেশের পক্ষ থেকে তাকে দেশে ফিরিয়ে দেয়ার জন্য প্রত্যর্পণের আবেদন করা হয়েছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে তার মৃত্যুদণ্ড ঘোষিত হয়। শেখ হাসিনা অভিযোগ অস্বীকার এবং বিচারপ্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন। যদিও ভারত এখন পর্যন্ত প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হচ্ছে। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে ভারতের সামনে কয়েকটি বিষয় রয়েছে। প্রথমত, শেখ হাসিনার সাথে ভারতের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক। দ্বিতীয়ত, বাংলাদেশে তার প্রত্যাবর্তনের পর সম্ভাব্য রাজনৈতিক ও আইনি পরিস্থিতি। তৃতীয়ত, বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্গঠনের প্রয়োজনীয়তা। চতুর্থত, একজন সাবেক সরকারপ্রধানকে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া ও মানবাধিকার সংক্রান্ত প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের জন্য বিষয়টি কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর প্রশ্ন নয়। এর সাথে জড়িয়ে আছে কূটনৈতিক বিশ্বাসযোগ্যতা, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক রাজনৈতিক স্বার্থ। বাংলাদেশ সরকারের সাথে এসব হিসেব-নিকেশ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে।

আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে দিল্লির হিসাব

বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় একমাত্র আওয়ামী লীগ হচ্ছে ভারতের পরীক্ষিত ও কৌশলগত বন্ধু। দীর্ঘদিনের প্রভাবশালী রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের সাথে ভারতের ঐতিহাসিক ভিত্তিও রয়েছে। যদিও ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের পর দলটির রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক সক্ষমতা এবং জনসমর্থনের বাস্তবতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে গণ-অভ্যুত্থান পরবর্তী গঠিত অন্তর্বর্তী সরকার কর্তৃক ২০২৫ সালে পতিত দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা রাজনীতির ক্ষেত্রে নতুন বাস্তবতা তৈরি করেছে। সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ একেবারে সীমিত পর্যায়ে চলে এসেছে। বিশেষ করে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে সহিংসতা, অতর্কিত হামলা চালিয়ে সরকারি দলের নেতাকর্মীদের হত্যা ও ভয়াবহ অগ্নি সন্ত্রাসের মতো গুরুতর অপরাধের সাথে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার তথ্য প্রকাশিত হওয়ার পর তাদের রাজনৈতিক ক্ষেত্র আরো কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মৃতপ্রায় আওয়ামী লীগকে ঘিরে ভারতের সম্ভাব্য নীতিগত হিসাব কী, তা নিয়ে আলোচনা রয়েছে। দলটির রাজনৈতিক ভবিষ্যৎ, নেতৃত্বের অবস্থান এবং বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় তার সম্ভাব্য ভূমিকা, সবকিছুই নয়াদিল্লির পর্যবেক্ষণে রয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, ভারত আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার জন্য কোনো নির্দিষ্ট পরিকল্পনা দৃশ্যমান না থাকলেও ভেতরে ভেতরে তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। যদিও ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে, বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় শুধু একটি দলের ওপর নির্ভর না করে সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তির সাথে কার্যকর সম্পর্ক তৈরি করা।

চীন ও পাকিস্তান ফ্যাক্টর : দিল্লির উদ্বেগ কোথায়?
 
বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর আঞ্চলিক ভূরাজনীতিতে ভারত, চীন ও পাকিস্তানের ভূমিকা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের সাথে চীনের অর্থনৈতিক ও অবকাঠামোগত সম্পর্ক দীর্ঘদিনের। বন্দর, সড়ক, বিদ্যুৎ, প্রতিরক্ষা সরঞ্জাম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনের সম্পৃক্ততা রয়েছে। ভারতের জন্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চল, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার সাথে বাংলাদেশের সম্পর্ক সরাসরি যুক্ত। অন্য দিকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তনও দিল্লির পর্যবেক্ষণে রয়েছে। তবে বাংলাদেশ কোনো একটি দেশের কৌশলগত বলয়ে থাকবে, এমন ধারণা বাস্তবসম্মত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বাংলাদেশের নিজস্ব জাতীয় স্বার্থ, অর্থনৈতিক প্রয়োজন এবং সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি এখানে মুখ্য। বিশ্লেষকরা আরো বলছেন, নতুন সরকার যদি পররাষ্ট্রনীতিতে বহুমুখী অংশীদারত্বের দিকে এগিয়ে যায়, তাহলে ভারতের একক প্রভাব আগের তুলনায় সীমিত হতে পারে। এ কারণে শেখ হাসিনার ভারতে অবস্থানকে কেন্দ্র করে নয়াদিল্লির কৌশলগত হিসাব আরো জটিল হয়ে উঠেছে।

শেখ হাসিনা কি ভারতের দরকষাকষির হাতিয়ার?

এক দিকে শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশের সাথে আলোচনায় একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইস্যু। অন্য দিকে তাকে ঘিরে ভারতের অবস্থান বাংলাদেশের জনমত ও রাজনৈতিক মহলে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করছে। ভারত যদি শেখ হাসিনাকে দীর্ঘমেয়াদে রাজনৈতিকভাবে সক্রিয় থাকার সুযোগ দেয়, তাহলে বাংলাদেশের সাথে সম্পর্কের টানাপড়েন আরো বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আবার তাকে প্রত্যর্পণ করলে ভারতের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতার হিসাব নতুন করে বিবেচনা করতে হবে। ৯ নভেম্বর প্রকাশিত রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়েছেন। তার আইনজীবীদের চিঠির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়। তবে বাংলাদেশ সরকার তার এই আবেদন প্রত্যাখ্যান করেছে। এই ঘটনা শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নকে জটিল করে তুলেছে। 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন তিনটি পথ রয়েছে। প্রথমত, শেখ হাসিনার প্রত্যর্পণ। এতে বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের সুযোগ সৃষ্টি হতে পারে। তবে ভারতের দীর্ঘদিনের রাজনৈতিক অংশীদারিত্বের হিসাব এতে নতুনভাবে প্রভাবিত হবে। দ্বিতীয়ত, ভারতে তার অবস্থান অব্যাহত রাখা। এতে ভারত তাৎক্ষণিকভাবে প্রত্যর্পণসংক্রান্ত সিদ্ধান্ত এড়িয়ে যেতে পারে। কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্কের আস্থার সংকট দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি থাকবে। তৃতীয়ত, তৃতীয় কোনো দেশে স্থানান্তরের সম্ভাবনা। এই তিনটি পথের প্রতিটিতেই ভারতের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক কিছু সুবিধা যেমন রয়েছে তেমনি ঝুঁকি রয়েছে। 

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো একটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি প্রতিবেশী দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি বিরোধও জাতীয় স্বার্থের জন্য ইতিবাচক নয়। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. দিলারা চৌধুরী মনে করেন, আন্তর্জাতিক রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে কেবল চিরস্থায়ী স্বার্থ। দু’টি দেশের সম্পর্ক টিকে থাকে পারস্পরিক সমঝোতা এবং কূটনৈতিক দরকষাকষির ওপর। যেখানে একটি দেশ অন্য দেশকে কী দিচ্ছে এবং বিনিময়ে কী পাচ্ছে সেটিই মুখ্য। আবেগ বা কথিত 'বন্ধুত্বের' দোহাই দিয়ে কোনো রাষ্ট্রই তার নিজস্ব স্বার্থ ছাড় দেয় না। তিনি বলেন, প্রতিবেশী দেশের সাথে 'বন্ধুত্বপূর্ণ সম্পর্কের' চেয়ে পানি বণ্টন, সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য ঘাটতি এবং ট্রানজিটের মতো বিষয়গুলোতে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সমঝোতা হওয়া জরুরি।

ট্রাম্পকার্ড, নাকি ভারতের কূটনৈতিক বোঝা?

শেখ হাসিনার ভারতে অবস্থানকে ভারতের সম্ভাব্য কৌশলগত সুবিধা হিসেবে ব্যাখ্যা করা যায়। তার দীর্ঘ দিনের রাজনৈতিক সম্পর্ক, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং বাংলাদেশের সাথে প্রত্যর্পণসংক্রান্ত বিরোধ। সবকিছু মিলিয়ে তিনি দিল্লির কূটনৈতিক হিসেবের একটি গুরুত্বপূর্ণ অংশ। তা ছাড়া শেখ হাসিনা ভারতের জন্য একই সাথে রাজনৈতিক সম্পদ এবং কূটনৈতিক দায় হয়ে উঠেছেন, এমন মূল্যায়নের যথেষ্ট ভিত্তি রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ঐতিহাসিক অবস্থান এবং আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে অতীত সহযোগিতা নয়াদিল্লির কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ২০২৪ সালের ৫ আগস্টের পর বদলে গেছে। বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ড. আবদুল লতিফ মাসুম মনে করেন, নতুন সরকার, পরিবর্তিত জনমত এবং বহুমুখী পররাষ্ট্রনীতির আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে শুধু পুরনো রাজনৈতিক সম্পর্কের ওপর নির্ভর করা ভারতের জন্য দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ হতে পারে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের সাথে সম্পর্কের ভবিষ্যৎ কোনো একজন ব্যক্তির ওপর নির্ভর করতে পারে না। দুই দেশের সম্পর্ক নির্ধারিত হওয়া উচিত পারস্পরিক সম্মান, সার্বভৌমত্ব, ন্যায্যতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে। সুতরাং শেখ হাসিনা ভারতের হাতে থাকা ট্রাম্প কার্ড হলেও তা ব্যবহারের প্রতিটি সিদ্ধান্তে ভারতের যেমন লাভের সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে কূটনৈতিক মূল্য দেয়ার ঝুঁকিও। শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের কৌশল যত দীর্ঘায়িত হবে, ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের ভবিষ্যৎ তত বেশি পরীক্ষার মুখে পড়বে।