নভেম্বরে ইসরাইলি হামলায় গাজায় ১৬ শিক্ষার্থী নিহত
ads

দ্য গার্ডিয়ান
চলতি নভেম্বর মাসের শুরু থেকে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১৬ জন স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। উপত্যকাজুড়ে তীব্র বোমাবর্ষণের পাশাপাশি খাবার, বিশুদ্ধ পানি ও নিরাপদ আশ্রয়ের তীব্র সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে হাজারো শিশু ও তরুণ। বুধবার গাজার শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে তৃতীয়বারের মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। সেদিন ভোরে গাজা শহরের পশ্চিমাঞ্চলে একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় ১৫ বছর বয়সী ইউসরা এবং ১৩ বছর বয়সী জানা মোহাম্মদ আবু আল-উফ নামে দুই বোন নিহত হয়। ইউসরা ‘কাফর কাসিম’ স্কুলে এবং জানা ‘আল-মানার’ নামের একটি বেসরকারি স্কুলে পড়ত। ওই হামলায় তাদের বাবা মোহাম্মদ মাজেদ আবু আল-উফ ও মা নুরা ইজ্জাত আবু আল-উফও প্রাণ হারান এবং আরো কয়েকজন আহত হন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহত মোহাম্মদ মাজেদ আবু আল-উফ উত্তর গাজায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের পরিচালক ছিলেন।