
প্রযুক্তি ডেস্ক
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি ষষ্ঠ বার্ষিক ‘স্টেট অব র্যানসমওয়্যার ইন রিটেইল’ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে খুচরা বিক্রয় খাতে র্যানসমওয়্যার হামলার ক্ষেত্রে কিছু উন্নতির পাশাপাশি বেশ কিছু ঝুঁকির বিষয় উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, অন্য ব্যবসার তুলনায় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলো হামলাকারীদের সবচেয়ে কম অর্থ দিয়েছে। একই সাথে, জরিপের ইতিহাসে এবারই সবচেয়ে কম সময়ে প্রতিষ্ঠানগুলো হামলার ক্ষতি কাটিয়েছে। তবে গত বছরের তুলনায় তথ্য এনক্রিপশনের হার ১৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে, হামলার পর স্বাভাবিক কার্যক্রমে ফিরতে গড় ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে।
ব্ল্যাক ফ্রাইডের মতো শপিং সিজনে আর ছুটির দিনে কেনাকাটা বাড়ায় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সেবা সচল রাখা জরুরি। কিন্তু এ সময়ই র্যানসমওয়্যার হামলার হয়ে থাকে আর এতে পেমেন্ট সিস্টেম, পণ্যের মজুদ ব্যবস্থাপনা, অর্ডার সরবরাহ ও গ্রাহকসেবা ব্যাহত হয়। তাই সাইবার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা আগে থেকেই চিহ্নিত করে তা সমাধান করতে হয়। প্রতিবেদনে আরও উঠে এসেছে যে, তথ্য চুরি ও এনক্রিপশনের ঘটনা বেড়েছে। হামলার পর তথ্য ও কার্যক্রম পুনরুদ্ধারে ব্যাকআপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারলেও প্রতিষ্ঠানগুলোর পুনরুদ্ধার খরচ বেড়েছে। গবেষণার ফলাফলের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর জন্য কয়েকটি পরামর্শ দিয়েছে সফোস। এর মধ্যে রয়েছে :
আগে থেকে শনাক্ত হওয়া নিরাপত্তার ত্রুটিগুলো দ্রুত ঠিক করতে হবে। মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) ও শক্তিশালী অ্যাক্সেস কন্ট্রোল ব্যবহার করতে হবে। পাশাপাশি, সন্দেহজনক কার্যক্রমের ওপর নজর রাখতে হবে। পরিচয় যাচাই, ইমেইল, এন্ডপয়েন্ট ও নেটওয়ার্ক নিরাপত্তাব্যবস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে, যাতে দ্রুত হুমকি শনাক্ত ও মোকাবিলা করা যায়। ব্যবসায়িক কার্যক্রম সচল রাখার প্রস্তুতি হিসেবে নিয়মিত ব্যাকআপ ও তথ্য পুনরুদ্ধারের প্রক্রিয়া পরীক্ষা করতে হবে। নিরাপত্তাব্যবস্থাগুলোর মধ্যে সমন্বয় থাকলে প্রতিষ্ঠানগুলো আগেভাগেই সাইবার হুমকি শনাক্ত ও মোকাবিলা করতে পারবে। এতে ট্রেডিং মৌসুমে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সেবা ব্যাহত হওয়ার ঝুঁকি কমবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









