
তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব তাদের প্রতিরক্ষা জোটে সম্ভাব্য নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করার রূপরেখা নিয়ে আলোচনা করেছে এবং সদস্যপদ প্রদানের বেশ কিছু নীতিমালার বিষয়ে একমত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
ইরান যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট উদ্বেগের মধ্যে গত আগস্টে মক্কায় দেশ তিনটি একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছিল।
তিন দেশের প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক প্রধানদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকের পর ফিদান বলেন, 'অন্য যেসব দেশ সদস্য হতে চায়, তাদের ক্ষেত্রে কী ধরনের রূপরেখা অনুসরণ করা উচিত তা নিয়ে আমরা আলোচনা করেছি... আমরা কিছু নীতিমালার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। সংক্ষেপে বলতে গেলে, সবকিছুই খুব ভালোভাবে এগোচ্ছে।'
সম্পর্ক জোরদারের অঙ্গীকার
মক্কা প্রতিরক্ষা জোটের সদস্য রাষ্ট্র পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক শুক্রবার এই অঞ্চলে ইয়েমেনের হাউছি (হুতি) বিদ্রোহীদের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং নিজেদের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার অঙ্গীকার করেছে।
কোনো দেশ আক্রান্ত হলে একে অপরের সাহায্যে এগিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে গত আগস্টে ন্যাটো-সদৃশ একটি চুক্তিতে স্বাক্ষর করার পর, তিন দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ও কূটনীতিকরা ইসলামাবাদে এই বৈঠকে মিলিত হন।
বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, 'সৌদি আরবের বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হাউছি মিলিশিয়াদের ক্রমাগত ও জঘন্য হামলার বিরুদ্ধে তিন পক্ষই তাদের তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করেছে।'
তিনি আরো যোগ করেন, তিনটি দেশ 'সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সহায়তা করার প্রচেষ্টা অব্যাহত রাখতে ও আরো জোরদার করতে তাদের সম্মিলিত সংকল্প পুনর্ব্যক্ত করেছে।'
উল্লেখ্য, গত জুলাই মাসে ইয়েমেনের গৃহযুদ্ধে লড়াই তীব্রতর হওয়ার পর থেকে হাউছি গোষ্ঠী সৌদি আরবের শহর, তেল স্থাপনা এবং নৌ-পরিবহন লক্ষ্য করে হামলা চালানোয় দেশটি বারবার আক্রমণের শিকার হচ্ছে।
দার জানান, বৈঠকে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের পাশাপাশি পাকিস্তানের প্রভাবশালী ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ তিন দেশের সামরিক প্রধানরাও উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, 'প্রতিরক্ষা শিল্প, যৌথ প্রযুক্তিগত উন্নয়ন, প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতিও সংশ্লিষ্ট পক্ষগুলো পুনর্ব্যক্ত করেছে।'
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









