গাজায় ইসরাইলি হামলায় মন্ত্রীসহ নিহত ১০
ads

 রয়টার্স
ইসরাইলের ধারাবাহিক হামলার জবাব কীভাবে দেয়া হবে, তা নিয়ে ফিলিস্তিনের অন্য সংগঠনগুলোর সাথে আলোচনার কথা জানিয়েছে হামাস। গাজায় ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা ও শিক্ষা উপমন্ত্রী খালেদ আবু নাদাসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। 
বৃহস্পতিবার হামাসপ্রধান খলিল আল-হাইয়া বলেন, ইসরাইলের অব্যাহত হামলা সহ্য করার অবস্থায় নেই তার সংগঠন। এক বছরের যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই টানা তৃতীয় রাতের মতো গাজায় হামলা চালিয়েছে ইসরাইল। মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় নিহত হন খালেদ আবু নাদা। তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং সংগঠনটির নিয়োগ দেয়া শিক্ষা উপমন্ত্রী ছিলেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে চালানো ধারাবাহিক অভিযানের অংশ ছিল এ হামলা। গত এক মাসে ইসরাইল প্রায় ৮০ জন হামাস যোদ্ধাকে হত্যা করেছে বলেও দাবি করেন তিনি।
নেতানিয়াহু বলেন, ‘ কোনো সন্ত্রাসীই ধরাছোঁয়ার বাইরে নয়। হামাসের নেতৃত্বের কেউই আমাদের নাগালের বাইরে থাকতে পারবে না।’ ইসরাইলি হামলায় মঙ্গলবারের পর থেকে তৃতীয় জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা হিসেবে আবু নাদা নিহত হলেন। এর আগে সংগঠনটির নিরাপত্তা বিভাগের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করে ইসরাইল। হামাসপ্রধান খলিল আল-হাইয়া বলেন, ‘যুদ্ধবিরতি চুক্তির অধীনে হত্যা ও অবরোধের এই সমীকরণ মেনে নেয়া যায় না।’
কীভাবে জবাব দেয়া হবে, ভাবছে হামাস 
গত জুলাইয়ে হামাসের শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পান খলিল আল-হাইয়া। এর আগে ২০২৫ সালে কাতারে ইসরাইলি বিমান হামলায় তিনি নিজেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান। ওই হামলায় তার ছেলে ও সহযোগীরা নিহত হন। আল-হাইয়া বলেন, ইসরাইলি লঙ্ঘন ও প্রতিদিন হত্যার নীতির জবাব কীভাবে দেয়া হবে, তা নিয়ে ফিলিস্তিনের অন্যান্য  সংগঠনের  সাথে আলোচনা করবে হামাস। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, আবু নাদা হামাসের অর্থনৈতিক ও ব্যাংকিং নেটওয়ার্ক পরিচালনা করতেন এবং সশস্ত্র কার্যক্রমে তহবিল জোগাতেন। তার মৃত্যুতে হামাসের আর্থিক ও সামরিক সক্ষমতা দুর্বল হতে পারে।