
এপি
প্রায় ৫০ বছরের দীর্ঘ কার্যক্রম শেষে দক্ষিণ লেবানন থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিচ্ছে জাতিসঙ্ঘের শান্তিরক্ষা মিশন (ইউনিফিল)। ইসরাইলি বাহিনীর দখলদারিত্ব এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ নিয়ে চলা তীব্র বিতর্কের মধ্যেই মিশনটির সমাপ্তি ঘটতে যাচ্ছে। লেবাননের সীমান্তবর্তী নাকুরা শহরের ধ্বংসস্তূপের মাঝে এখন কেবল ইসরাইলি সেনাদের দখলে থাকা একটি পরিত্যক্ত হোটেল ও জাতিসঙ্ঘের শান্তিরক্ষা বাহিনীর সদর দফতরই টিকে আছে। একসময়ের মনোরম এ উপকূলীয় শহরটি বর্তমানে প্রায় জনশূন্য; ফাঁকা সড়কে মাঝেমধ্যে সামরিক টহল কিংবা বেসামরিক নাগরিক ও ত্রাণবাহী শান্তিরক্ষীদের গাড়িবহর চোখে পড়ে।
আর মাত্র এক মাসের কিছু সময় পর ইউনিফিলের ম্যান্ডেট শেষ হচ্ছে। তবে এরপর সেখানে নিরাপত্তা ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, তা নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা চূড়ান্ত হয়নি। লেবানন সরকার চায় জাতিসঙ্ঘের এই বাহিনী সেখানে বহাল থাকুক। কিন্তু যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরাইলের দাবির মুখে গত বছর জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ ২০২৬ সালের শেষ নাগাদ ইউনিফিলের ম্যান্ডেট সমাপ্ত করার পক্ষে ভোট দেয়। ইসরাইলের অভিযোগ, বছরের পর বছর ধরে হিজবুল্লাহর সামরিক শক্তি বৃদ্ধির কারণে এই মিশন ব্যর্থ হয়েছে। তবে শান্তিরক্ষীদের দাবি, ২০২৩ সালে দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার পর আঞ্চলিক সংঘাত শুরুর আগ পর্যন্ত তারা টানা ১৭ বছর ওই অঞ্চলে শান্তি বজায় রাখতে ভূমিকা রেখেছেন। অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেয়া এক সাক্ষাৎকারে ইউনিফিলের প্রধান ও ফোর্স কমান্ডার মেজর জেনারেল দিওদাতো আবাগনারা বলেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করা তাদের ম্যান্ডেট নয় এবং হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করাও তাদের কাজ নয়। তাদের মূল দায়িত্ব হলো লেবাননের সশস্ত্র বাহিনীকে সহায়তা করা, যাতে তারা দক্ষিণাঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উপযুক্ত পরিবেশ পায়। আগামী ১ জানুয়ারি থেকে ইউনিফিল তাদের ৭ হাজার ৫০০ শান্তিরক্ষীকে ধাপে ধাপে প্রত্যাহার শুরু করবে। তবে মেজর জেনারেল আবাগনারা সতর্ক করে দিয়ে বলেন, ভবিষ্যতে যাই ঘটুক না কেন, দক্ষিণাঞ্চলে যেকোনো ধরনের নিরাপত্তা শূন্যতা এড়ানো অত্যন্ত জরুরি।
সাম্প্রতিক দু’টি যুদ্ধে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা কিংবা ইসরাইলের বিমান হামলা থামাতে না পারলেও স্থানীয় বাসিন্দাদের কাছে ইউনিফিলের উপস্থিতি এখনো নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচিত হয়। ইসরাইল-অধিকৃত এলাকার ঠিক বাইরে হালতা গ্রামের কৃষক মোহাম্মদ আউন এ বছর বেশ দেরিতে জলপাই বাগানে ফসল তোলা শুরু করেছেন। চলতি মাসের শুরুতে ফসল তোলার প্রথম দিনে ইউনিফিলের একটি টহল দল তার বাগানের কাছে থামে; তখন মাথার ওপর ইসরাইলি ড্রোন উড়ছিল এবং দূরবর্তী উপত্যকায় বিমান হামলার শব্দ শোনা যাচ্ছিল। আগের দুই বছরের ফসল হারানো আউন জানান, শান্তিরক্ষীদের টহল দলকে আসা-যাওয়া করতে দেখলে তারা নিজেদের অনেক বেশি নিরাপদ ও সুরক্ষিত মনে করেন। নিরাপত্তা পরিস্থিতির বিবেচনায় শান্তিরক্ষীদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, তারা চলে যাওয়ার পর কী ঘটবে তা তাদের জানা নেই। ১৯৭৮ সালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল দক্ষিণ লেবাননে হামলা চালানোর পর ইউনিফিল গঠন করা হয়েছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









